আবারও পুঁজিবাজারে বড় দরপতন
দেশের পুঁজিবাজারে আজ সোমবার আবারও বড় দরপতন হয়েছে। দুই স্টক এক্সচেঞ্জেই লেনদেন হওয়া প্রায় সব কোম্পানির শেয়ারের দাম কমায় সূচক কমেছে। একই সঙ্গে লেনদেনও কম হয়েছে। তবে শুরুতে বেশ কয়েকবার সূচক ওঠানামা করে।বাজার-সংশ্লিষ্ট ব্যক্তিরা বলছেন, বিনিয়োগকারীরা কোনোভাবেই বাজারে আস্থা রাখতে পারছেন না। এর ফলে বাজার বেশ অস্বাভাবিক আচরণ করছে। অন্যদিকে স্টেকহোল্ডারদের বিভিন্ন পদক্ষেপে বিনিয়োগকারীরা সামান্য আস্থা ফিরে পেলেও সংশ্লিষ্টদের সমন্বয়হীনতায় আবারও আস্থা হারিয়ে ফেলছেন বলে বিনিয়োগকারীরা জানান। তাঁরা বলছেন, বাজারে স্থিতিশীলতা ও বিনিয়োগকারীদের আস্থা ফিরিয়ে আনতে বিভিন্ন পক্ষ থেকে পদক্ষেপ নেওয়ার কথা বলা হলেও বাস্তবে তার প্রয়োগ না থাকায় এ অবস্থার সৃষ্টি হয়েছে।ডিএসইর ওয়েবসাইট সূত্রে জানা যায়, দিনের লেনদেন শেষে ডিএসইর সাধারণ মূল্যসূচক ১৮০.৬৩ পয়েন্ট কমে ৫৪৭৩.৬১ পয়েন্টে দাঁড়িয়েছে।সূচকের নিম্নমুখী প্রবণতার মধ্য দিয়ে আজ ডিএসইতে লেনদেন শুরু হয়। পাঁচ মিনিটের মাথায় সূচক ৪৫ পয়েন্ট কমে যায়। পরের পাঁচ মিনিটে সূচক বাড়ে ২৩ পয়েন্ট। আর ২০ মিনিটের সূচক ৪০ পয়েন্ট কমে যায়। লেনদেনের আধা ঘণ্টা শেষে সূচকের তীর কিছুটা ঊর্ধ্বমুখী হলেও এর পর থেকে সূচক দ্রুত কমতে থাকে, যা সারা দিনই অব্যাহত থাকে।ডিএসইতে আজ ২৫৬টি প্রতিষ্ঠানের শেয়ার ও মিউচুয়াল ফান্ড লেনদেন হয়েছে। এর মধ্যে ২৪২টিরই দাম কমেছে। বেড়েছে মাত্র ১৩টির আর অপরিবর্তিত রয়েছে একটি প্রতিষ্ঠানের শেয়ারের দাম।স্টক এক্সচেঞ্জটিতে আজ ৪১৯ কোটি টাকা লেনদেন হয়েছে, যা গতকালের চেয়ে ১৯৭ কোটি টাকা কম।ডিএসইতে আজ লেনদেনে ডিএসইতে লেনদেনে শীর্ষে থাকা ১০টি প্রতিষ্ঠান হলো সিটি ব্যাংক, ইউসিবিএল, গ্রামীণফোন, এনবিএল, বেক্সিমকো, ওয়ান ব্যাংক, সামিট পাওয়ার, এমআই সিমেন্ট ও তিতাস গ্যাস।অন্যদিকে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক মূল্যসূচক ৪৫৫.৮৪ পয়েন্ট কমে ১৫৪৭৪.৮৪ পয়েন্টে দাঁড়ায়। সিএসইতে লেনদেন হওয়া ১৬৬টি প্রতিষ্ঠানের মধ্যে ১৫২টিরই দাম কমেছে। বেড়েছে ১৩টির আর অপরিবর্তিত রয়েছে একটি প্রতিষ্ঠানের শেয়ারের দাম। স্টক এক্সচেঞ্জটিতে আজ ৩৭ কোটি টাকার শেয়ারের লেনদেন হয়েছে।