আবারও বাড়ল সদস্য মার্জিন কার্যকরের সময়সীমা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আবারও বাড়ানো হলো সংশোধিত নিরাপত্তা জামানত বা সদস্য মার্জিন কার্যকরের সময়সীমা। পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (এসইসি) নির্দেশনা অনুযায়ী আগামী ২ জানুয়ারি পর্যন্ত সদস্য মার্জিন কার্যকরের সময়সীমা বাড়ানো হয়েছে। ডিএসইর ওয়েবসাইট সূত্রে আজ বুধবার এ তথ্য জানা যায়।এর আগে গত রোববার এসইসি ৫ ডিসেম্বর পর্যন্ত সদস্য মার্জিন কার্যকরের সময়সীমা প্রথম দফা বাড়ায়। ডিএসই সূত্রে জানা যায়, গত বৃহস্পতিবার সদস্য মার্জিন আইন ২০০০-এ সংশোধনী আনে সিএসই। নতুন নিয়ম অনুযায়ী ব্রোকারেজ হাউসগুলোকে পাঁচ কোটি টাকার লেনদেনে কোনো সদস্য মার্জিন দিতে হয় না। তবে লেনদেন পাঁচ কোটি টাকার ওপরে এক কোটি অর্থাৎ মোট ছয় কোটি টাকা হলে ব্রোকারেজ হাউসকে অতিরিক্ত লেনদেনের ৪০ শতাংশ, লেনদেন অতিরিক্ত দুই কোটি টাকা হলে ৬০ শতাংশ, আর লেনদেন অতিরিক্ত তিন থেকে চার কোটি টাকার মধ্যে হলে ৮০ শতাংশ এবং অতিরিক্ত লেনদেন চার কোটি টাকার ওপরে হলে অতিরিক্ত লেনদেনের ১০০ শতাংশ স্টক এক্সচেঞ্জে জমা দিতে হবে। একই সঙ্গে প্রাতিষ্ঠানিক নিশ্চয়তা বা কর্পোরেট গ্যারান্টি থাকলেও ব্রোকারেজ হাউসগুলোকে এই টাকার অন্তত ৫০ শতাংশ নগদ জমা দিতে হবে। আগে এই হার ছিল যথাক্রমে ২০, ৩০, ৫০ ও ১০০ শতাংশ। এছাড়া কোনো ব্যাংক প্রাতিষ্ঠানিক নিশ্চয়তা বা কর্পোরেট গ্যারান্টি দিলে ব্রোকারেজ হাউসকে নগদ টাকা দিতে হতো না।এদিকে গত সোমবার সদস্য মার্জিন আগের অবস্থায় বহাল রাখার দাবি জানিয়েছে ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) কর্তৃপক্ষ। সদস্য মার্জিন পরিবর্তনের এসইসির সিদ্ধান্তের ব্যাপারে আনুষ্ঠানিক মতামত জানানোর সময় ডিএসইর পক্ষ থেকে এই দাবি জানানো হয়।