আবারও বিনা মাশুলে চাল যাচ্ছে ত্রিপুরায়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
.
.

আবারও বিনা মাশুলে চাল যাচ্ছে ত্রিপুরায়। কলকাতা থেকে নৌপথে আশুগঞ্জ পর্যন্ত এবং আশুগঞ্জ থেকে আখাউড়া স্থলবন্দর হয়ে সড়কপথে ত্রিপুরার রাজধানী আগরতলায় যাবে চালের চালানটি।
গতকাল মঙ্গলবার বিকেল চারটার দিকে ভারতের পশ্চিমবঙ্গ থেকে প্রায় ২৩ হাজার টন চাল নিয়ে এমভি অভি নামের একটি জাহাজ আশুগঞ্জ নৌবন্দরে নোঙর করেছে। আজ-কালের মধ্যে জাহাজ থেকে চাল খালাস শুরু হতে পারে।
২০১৪ সালে মানবিক বিবেচনায় মাশুল ছাড়াই বাংলাদেশের নৌ ও সড়কপথ ব্যবহার করে এ পথে মোট ৩৫ হাজার টন চাল পরিবহনের অনুমতি দিয়েছিল বাংলাদেশ সরকার। পরে ২০১৪ ও ২০১৫ সালে এ পথেই ভারতের উত্তর-পূর্বাঞ্চলীয় রাজ্য ত্রিপুরায় দুই দফায় ২০ হাজার টন চাল গেছে।
এদিকে বাংলাদেশ ও ভারতের মধ্যে বিদ্যমান নৌ-প্রটোকলের আওতায় গত ১৮ জুন থেকে কলকাতা-আশুগঞ্জ-আখাউড়া-আগরতলা পথে মাশুল নিয়ে নিয়মিত ট্রানজিট শুরু হয়েছে। প্রথম চালানে রড গেছে। এতে টনপ্রতি ১৯২ টাকা ২২ পয়সা মাশুল নেওয়া হয়েছে। ৩৫ হাজার টন চালের মূল চালানটিকে ðমানবিক কারণে কোনো মাশুল ছাড়াই অনুমতি দেওয়া হয়েছিল। তাই চালের এ চালানেও কোনো মাশুল আরোপ করা হয়নি।

কলকাতা থেকে নৌপথে আশুগঞ্জ এবং আশুগঞ্জ থেকে সড়কপথে আখাউড়া পর্যন্ত এই চাল পরিবহনের দায়িত্ব পেয়েছে বাংলাদেশি প্রতিষ্ঠান আনবিস ডেভেলপমেন্ট লিমিটেড। প্রতিষ্ঠানটির দায়িত্বরত কর্মকর্তা মাকসুদুর রহমান প্রথম আলোকে বলেন, আশুগঞ্জ নৌবন্দরে নোঙর বাবদ টনপ্রতি ৩০ টাকা মাশুল দিতে হবে। এর বাইরে চাল পরিবহনে আর কোনো মাশুল লাগবে না।

বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষ বিআইডব্লিউটিএ সূত্রে জানা গেছে, চলতি মাসের প্রথম সপ্তাহে এই ২৩ হাজার টন চাল পরিবহনের অনুমতি দিয়েছিল মাশুল আরোপ করেই। কিন্তু পরিবহন প্রতিষ্ঠানের আপত্তিতে সেই অবস্থান থেকে সরে আসে বিআইডব্লিউটিএ।

জানা গেছে, বর্ষা মৌসুমে ভারতের মূল ভূখণ্ড থেকে ত্রিপুরাসহ উত্তর-পূর্বাঞ্চলের রাজ্যগুলোর পাহাড়ি পথ ভারী যান চলাচলের অনুপযোগী হয়ে পড়ে। এই সময়ে ওই পথে ভারী যান চলাচল করা বেশ কষ্টসাধ্য। এ ছাড়া কিছুদিন আগে বন্যার কারণেও আসাম রাজ্যের বিভিন্ন স্থানের মহাসড়ক বেশ ক্ষতিগ্রস্ত হয়েছে।

আশুগঞ্জ নৌবন্দর কর্তৃপক্ষের পরিদর্শক মো. শাহ আলম প্রথম আলোকে বলেন, মঙ্গলবার বিকেল চারটার দিকে প্রায় ২৩ হাজার টন চাল নিয়ে এমভি অভি জাহাজটি বন্দরে ভিড়েছে। আগামীকাল (আজ) বুধবার ট্রাকে করে সড়কপথে এই চাল আখাউড়া দিয়ে যাওয়া শুরু হতে পারে।

বর্ষাকাল হওয়ায় কাভার্ড ভ্যানে আশুগঞ্জ থেকে ৪৭ কিলোমিটার পথ পাড়ি দিয়ে পুলিশি নিরাপত্তায় এই চাল আখাউড়া স্থলবন্দরে যাবে বলে জানা গেছে। চার বছর আগে ত্রিপুরার পালাটানা বিদ্যুৎকেন্দ্রের ভারী যন্ত্র ও যন্ত্রাংশ এ পথ দিয়েই নিয়ে গেছে ভারত সরকার। মানবিক বিবেচনায় তখনো মাশুল নেওয়া হয়নি।