আবারও ব্যাংক কোম্পানি আইন পরিবর্তন!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বেসরকারি বিদ্যুৎ প্রকল্পে বড় অঙ্কের ঋণ-সুবিধা দিতে আবারও ব্যাংক কোম্পানি আইন পরিবর্তনের উদ্যোগ নেওয়া হয়েছে। বড় ঋণ পেতে এ আইন কোনো বাধা সৃষ্টি করবে কি না, তা যাচাইয়ে অর্থ মন্ত্রণালয়ের একজন অতিরিক্ত সচিবকে প্রধান করে একটি কমিটি করে দিয়েছে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়। এ কমিটি নীতিমালা সংশোধনের প্রয়োজনীয়তা যাচাই করে সুনির্দিষ্ট প্রস্তাব দাখিল করবে। ৪ জুলাই গঠিত এ কমিটিকে ১৫ দিনের মধ্যে বিদ্যুৎ বিভাগে প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে। এর আগে পরিচালকদের দাবির পরিপ্রেক্ষিতে ব্যাংক কোম্পানি আইন সংশোধন হয়, যা জাতীয় সংসদে অনুমোদনের অপেক্ষায় রয়েছে।

জানা গেছে, ব্যাংক কোম্পানি আইন ১৯৯১ (২০১৩ পর্যন্ত সংশোধিত)-এর ২৬(খ) ১ ধারা অনুযায়ী, একজন ব্যক্তি, প্রতিষ্ঠান বা গ্রুপকে একটি ব্যাংকের মোট মূলধনের ২৫ শতাংশের বেশি ঋণ দেওয়া যাবে না। বিদ্যুৎ খাতের উদ্যোক্তারাও সেই অনুযায়ী ঋণ-সুবিধা পেয়ে থাকেন।

গত মার্চ শেষে সোনালী ব্যাংকের মোট মূলধন ছিল ১ হাজার ৮৯৮ কোটি টাকা, জনতার ৩ হাজার ৯০৩ কোটি, অগ্রণীর ২ হাজার ২৮৬ কোটি ও রূপালীর ১ হাজার ১৮৯ কোটি টাকা। সে হিসাবে একটি প্রকল্পে সোনালী ব্যাংক ঋণ দিতে পারে সর্বোচ্চ ৪৭৪ কোটি টাকা। এ ছাড়া জনতা ব্যাংক পারে ৯৭৫ কোটি, অগ্রণী ব্যাংক ৫৭১ কোটি ও রূপালী ব্যাংক ২৯৭ কোটি টাকা। রাষ্ট্রমালিকানাধীন এসব ব্যাংকের পাশাপাশি বেসরকারি খাতের প্রায় ১৫টি ব্যাংকের প্রতিটির মূলধনও ২ হাজার কোটির কাছাকাছি। এসব ব্যাংকও একটি বিদ্যুৎ প্রকল্পে ৫০০-৬০০ কোটি টাকা করে ঋণ দিতে পারে।

তবে বিদ্যুৎ খাতের উদ্যোক্তাদের কেউ কেউ একটি ব্যাংকের কাছেই বড় অঙ্কের ঋণ চাইছেন। চলতি বছরের শুরুতে ওরিয়ন গ্রুপ তাদের ওরিয়ন পাওয়ার ইউনিট-২-এর জন্য অগ্রণী ব্যাংকের কাছে ৪ হাজার ৮৭৬ কোটি টাকা ঋণ চেয়ে আবেদন করে। এর মধ্যে ২ হাজার ৪০০ কোটি টাকা চাওয়া হয় ব্যাংক থেকে, বাকি অর্থ আসবে অন্য খাত থেকে। তবে এর গ্যারান্টি দেবে অগ্রণী ব্যাংক। এ প্রকল্পে সব মিলিয়ে ৬ হাজার ৫০১ কোটি ২৬ লাখ টাকা খরচের হিসাব দেয় গ্রুপটি।

তবে আইন অনুযায়ী, ব্যাংকটি ওই প্রকল্পে সর্বোচ্চ ৫৭১ কোটি টাকা দিতে পারে। এদিকে গ্রুপটির কাছে অগ্রণী ব্যাংকের আগের পাওনা রয়েছে ৪৫০ কোটি টাকা। ফলে আবেদনের বিপরীতে সর্বোচ্চ ১২১ কোটি টাকা ঋণ দেওয়ার সক্ষমতা রয়েছে অগ্রণী ব্যাংকের। বড় এ ঋণ প্রস্তাবটি অগ্রণী ব্যাংকের পর্ষদে আলোচনার পর সম্ভাব্যতা যাচাইয়ে গঠন করা হয় দুটি কমিটি।

একই ধরনের আবেদন ওরিয়ন গ্রুপ ছাড়া আরও কয়েকটি প্রতিষ্ঠান রাষ্ট্রমালিকানাধীন অন্য ব্যাংকগুলোতে জমা দিয়েছে। ব্যাংকগুলো তাদের জানিয়ে দিয়েছে, আইন অনুযায়ী এত বড় ঋণ দেওয়া সম্ভব নয়। এ পরিপ্রেক্ষিতে ওরিয়ন গ্রুপের চেয়ারম্যান ওবায়দুল করিম বাংলাদেশ ব্যাংকের কাছে আইনের ওই ধারাটি শিথিলের জন্য চিঠি দেন।

এর মধ্যে গত ২১ জুন ব্যাংকের শীর্ষ নির্বাহীদের নিয়ে সভা করেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ। ওই সভায় প্রতিমন্ত্রী জানিয়ে দেন, আগামী ছয় মাসের মধ্যে বিদ্যুৎ খাতে ২০ হাজার কোটি টাকা ঋণ দিতে হবে। এ সময় ব্যাংকের নির্বাহীরা জানান, আইন অনুযায়ী এ পরিমাণ ঋণ দেওয়ার সুযোগ নেই।

এর পরিপ্রেক্ষিতে ৪ জুলাই ব্যাংক কোম্পানি আইনের পর্যালোচনার জন্য কমিটি গঠন করে। কমিটি গঠনের অফিস আদেশে বলা হয়েছে, বিদ্যুৎ খাতে বড় অঙ্কের অর্থ বিনিয়োগের সুবিধার্থে ব্যাংক কোম্পানি আইন কোনো প্রতিবন্ধকতা সৃষ্টি করবে কি না, তা পরীক্ষা করে সুনির্দিষ্ট প্রস্তাব দাখিলের জন্য কমিটি গঠন করা হলো। কমিটির প্রধান করা হয়েছে অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগের অতিরিক্ত সচিব জালাল আহমেদকে। কমিটিতে সংশ্লিষ্ট সব নিয়ন্ত্রক সংস্থা ও আর্থিক প্রতিষ্ঠানকে সদস্য করা হয়েছে।

গতকাল বৃহস্পতিবার ছিল কমিটির প্রথম সভা। সভায় বাংলাদেশ ব্যাংকের প্রতিনিধি জানান, ২৫ শতাংশের বেশি ঋণ দেওয়া যায় না। তবে সরকারের গ্যারান্টির বিপরীতে আইন মেনেই মূলধনের ৪০-৪৫ শতাংশ পর্যন্ত ঋণ দেওয়া হচ্ছে। সরকার গ্যারান্টি দিলে আইন পরিবর্তন না করেও বেশি ঋণ দেওয়া যায়। সভায় আর্থিক প্রতিষ্ঠান বিভাগকে িবদ্যুৎখাতের উদ্যোক্তাদের ঋণ চাহিদা ও ব্যাংক কোম্পানি আইন পর্যালোচনা করে প্রতিবেদন তৈরি করতে বলা হয়েছে। কমিটির পরবর্তী সভা হবে ১৯ জুলাই।

জানতে চাইলে কমিটির প্রধান জালাল আহমেদ বলেন, সরকার ২০২১ সালের মধ্যে ২৪ হাজার মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন করতে চায়। বর্তমানে উৎপাদন হচ্ছে ১৫ হাজার মেগাওয়াট। প্রতি মেগাওয়াট উৎপাদনে ১ মিলিয়ন ডলার
বিনিয়োগ প্রয়োজন। এ জন্য অনেক বিনিয়োগ প্রয়োজন। ব্যাংকিং আইনটি এতে কোনো বাধা হতে পারে কি না, তা পর্যালোচনা করেই সুপারিশ করা হবে।