আবারও বড় পতন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

এক দিন ঊর্ধ্বমুখী থাকার পর দেশের শেয়ারবাজারে গতকাল বুধবার আবারও বড় দরপতন হয়েছে। এই পতনের ফলে প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) সাধারণ মূল্যসূচক এসে ঠেকেছে পাঁচ হাজার ২৯২ পয়েন্টে। এর আগে সর্বশেষ গত ২ মার্চ ডিএসইর সূচক একই অবস্থানে ছিল।ডিসেম্বর মাস থেকে শুরু হওয়া শেয়ারবাজারের ধারাবাহিক দরপতনের মধ্যে ডিএসইর সাধারণ সূচক গত ২৮ ফেব্রুয়ারি সর্বনিম্ন পাঁচ হাজার ২০৩ পয়েন্টে নেমেছিল।গতকালের দরপতনের প্রতিবাদে রাজধানীর মতিঝিলের ডিএসই ভবনের সামনের রাস্তায় বিক্ষোভ করেছেন সাধারণ বিনিয়োগকারীরা।বেলা আড়াইটার দিকে একদল বিনিয়োগকারী ডিএসই ভবনের সামনের রাজপথে অবস্থান নিয়ে বিক্ষোভ শুরু করেন। এ সময় ডিএসইর সাধারণ সূচক আগের দিনের চেয়ে প্রায় ২০০ পয়েন্ট কমে যায়।বিক্ষোভ শুরুর পর অবশ্য সূচক সামান্য ঘুরে দাঁড়ায়। তবে অব্যাহত পতন ঠেকাতে বিনিয়োগকারীরা লেনদেন বন্ধ রাখার দাবি জানান। তাঁরা দেড় ঘণ্টা তাঁদের বিক্ষোভ অব্যাহত রাখেন। এতে মতিঝিল শাপলা চত্বর থেকে ইত্তেফাক মোড় পর্যন্ত যান চলাচল বন্ধ হয়ে যায়। তবে কোনো ধরনের ভাঙচুর ঘটেনি। এ সময় ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়।বিক্ষোভ চলাকালে বিনিয়োগকারীরা অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত, বাংলাদেশ ব্যাংকের গভর্নর আতিউর রহমান ও ডিএসইর সভাপতি শাকিল রিজভীর পদত্যাগ চেয়ে নানা স্লোগান দেন। বিকেল চারটার দিকে এক সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে বিক্ষোভ কর্মসূচি স্থগিত করা হয়। ওই সমাবেশ থেকে আজ বৃহস্পতিবার ডিএসইর সামনে অবস্থান কর্মসূচি পালনের ঘোষণা দেন বাংলাদেশ পুঁজিবাজার বিনিয়োগকারী ঐক্য পরিষদের নেতারা।পরিষদের যুগ্ম আহ্বায়ক আবদুর রাজ্জাক সাংবাদিকদের বলেন, ‘অব্যাহতভাবে দরপতনের পরও সরকারের পক্ষ থেকে প্রয়োজনীয় কোনো পদক্ষেপ নেওয়া হচ্ছে না। তাই লেনদেন বন্ধ রাখার দাবি জানানো হয়েছে।’সেই সঙ্গে বিনিয়োগকারীদের লেনদেনে অংশ না নেওয়ারও আহ্বান জানান তিনি। বাজার-পরিস্থিতি: বুধবার লেনদেনের শুরুতে ডিএসইর সাধারণ মূল্যসূচক আগের দিনের চেয়ে চার পয়েন্ট বাড়ে। এর পরই শুরু হয় পতন, যা দিনভর অব্যাহত ছিল। বেলা দুইটা ২৫ মিনিটের দিকে ডিএসইর সাধারণ মূল্যসূচক ২০২ পয়েন্ট কমে যায়। তবে শেষ ৩০ মিনিটে সেটি সামান্য ঘুরে দাঁড়ায়। এতে দিনশেষে ডিএসইর সাধারণ সূচক আগের দিনের চেয়ে ১৫২ পয়েন্ট কমে দাঁড়িয়েছে পাঁচ হাজার ২৯২ পয়েন্টে।ঢাকার বাজারের মতো পতন ঘটেছে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জেও (সিএসই)। সিএসইর সার্বিক মূল্যসূচক আগের দিনের চেয়ে ৪১৭ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ১৪ হাজার ৭৯৪ পয়েন্টে। সিএসইতে লেনদেন হওয়া ১৯৬টি কোম্পানির মধ্যে ১৮২টিরই দাম কমেছে। বেড়েছে ১১টির এবং অপরিবর্তিত ছিল তিনটি কোম্পানির শেয়ারের দাম। দিনশেষে চট্টগ্রামের বাজারে ৪৫ কোটি টাকার শেয়ার লেনদেন হয়, যা আগের দিনের চেয়ে চার কোটি টাকা কম।দরপতন ঠেকাতে আট দফা দাবি: এদিকে গতকাল বিক্ষোভ চলাকালে বিনিয়োগকারীরা ধারাবাহিক দরপতন রোধে আট দফা দাবিসংবলিত একটি লিফলেট বিতরণ করেন। এসব দাবির মধ্যে রয়েছে—ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের এসএলআর ও সিআরআর হার কমানো, শেয়ারবাজারে আর্থিক প্রতিষ্ঠানের বিনিয়োগের হার ২০ শতাংশ নির্ধারণ, দুর্নীতিবাজদের পুনরায় পুঁজিবাজারে বিনিয়োগে বাধ্য করা, গত বছরে ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানগুলো পুঁজিবাজার থেকে যে মুনাফা করেছে তা আবারও শেয়ারবাজারে বিনিয়োগে বাধ্য করা, আর্থিক প্রতিষ্ঠান ও কোম্পানির পরিচালকদের বোনাস ও রাইট শেয়ার থেকে প্রাপ্ত শেয়ার বিক্রিতে এক বছরের জন্য লকইন আরোপ, অর্থমন্ত্রী, বাংলাদেশ ব্যাংকের গভর্নর ও ডিএসইর সভাপতির অপসারণ, প্লেসমেন্টের টাকা দ্রুত শেয়ারবাজারে ফিরিয়ে আনা এবং বাংলাদেশ ব্যাংকের গভর্নর অপসারণ না হওয়া পর্যন্ত লেনদেন বন্ধ রাখা।