আবারও রাজশাহী চেম্বারে প্রশাসকের নিয়োগ স্থগিত
রাজশাহী চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির নতুন প্রশাসকের নিয়োগ চার মাসের জন্য স্থগিত করেছেন হাইকোর্ট।চেম্বারের সাবেক সহসভাপতি খন্দকার হাফিজুর রহমানের দায়ের করা রিটের শুনানি শেষে হাইকোর্টের বিচারপতি আনোয়ারুল হক ও বিচারপতি আকরাম হোসেন চৌধুরীর সমন্বয়ে গঠিত বেঞ্চ গতকাল বৃহস্পতিবার এ স্থগিতাদেশ দেন।এর আগে চেম্বারের সাবেক পরিচালক জিয়াউল হকের অভিযোগের পরিপ্রেক্ষিতে চেম্বারের নির্বাচন স্থগিত করে রাজশাহীর অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট দেওয়ান আব্দুস সামাদকে প্রশাসক নিয়োগ করা হয়েছিল। তাঁকে সরিয়ে গত ৩ এপ্রিল বাণিজ্য মন্ত্রণালয়ের নির্দেশে জিয়াউল হককে প্রশাসক হিসেবে দায়িত্ব দেওয়া হয়। কিন্তু চেম্বারের সাবেক সহসভাপতি খন্দকার হাফিজুর রহমান এ নিয়োগের বিরুদ্ধে হাইকোর্টে রিট দায়ের করেন।এ প্রসঙ্গে জিয়াউল হক গতকাল জানান, তিনি কোনো আদেশের কপি পাননি, লোকমুখে শুনেছেন। তবে কী আদেশ দেওয়া হয়েছে, তা তাঁর কাছে পরিষ্কার নয়।