আবারও লেনদেনে দরপতনের ধারা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আবারও টানা দরপতনের ধারায় দেশের শেয়ারবাজার। বাজেট-পরবর্তী প্রথম কার্যদিবস থেকে বাজারে টানা দরপতন শুরু হয়েছে। মাঝে এক দিন বাদে গতকাল পর্যন্ত এই ধারা অব্যাহত ছিল। আগের সপ্তাহের ধারাবাহিকতায় গতকাল রোববারও দরপতন দিয়ে নতুন সপ্তাহের লেনদেন শুরু হয় শেয়ারবাজারে। তবে আগের সপ্তাহের চেয়ে গতকালের দরপতন ছিল বেশ তীব্র।দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) সাধারণ মূল্যসূচক গতকাল দিন শেষে প্রায় আড়াই শতাংশ বা ১১৫ পয়েন্ট কমেছে। লেনদেন হওয়া কোম্পানিগুলোর মধ্যে ৮৮ শতাংশেরই দরপতন ঘটেছে। অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক মূল্যসূচক রোববার এক দিনেই কমেছে ২ শতাংশ বা ২৮৮ পয়েন্ট। সেখানকার বাজারে গতকাল লেনদেন হওয়া কোম্পানিগুলোর মধ্যে প্রায় ৯০ শতাংশেরই দাম কমেছে। পাশাপাশি দুই বাজারে লেনদেনের পরিমাণও আগের কার্যদিবসের চেয়ে কমে গেছে।এদিকে টানা দরপতনের প্রতিবাদে গতকাল রাজধানীর মতিঝিলে ডিএসই ভবনের সামনের সড়কে বিক্ষোভ করেছেন একদল বিনিয়োগকারী। বেলা তিনটার দিকে বিক্ষোভকারীরা মূল সড়ক অবরোধ করেন। ফলে বেলা তিনটার পর প্রায় এক ঘণ্টা মতিঝিলের ওই সড়কে যান চলাচল বন্ধ ছিল। বাংলাদেশ পুঁজিবাজার বিনিয়োগকারী ঐক্য পরিষদের ব্যানারে এই বিক্ষোভ অনুষ্ঠিত হয়। বিক্ষোভ চলাকালে ক্ষুব্ধ বিনিয়োগকারীরা অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত, পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (এসইসি) চেয়ারম্যান এম খায়রুল হোসেন ও ডিএসইর সভাপতি রকিবুর রহমানের বিরুদ্ধে নানা স্লোগান দেন। পাশাপাশি অর্থমন্ত্রী ও এসইসির চেয়ারম্যানের পদত্যাগ দাবি করেন। বিনিয়োগকারীদের অভিযোগ, শেয়ারবাজার নিয়ে অর্থমন্ত্রীর সাম্প্রতিক মন্তব্যের ফলে বাজারে দরপতন শুরু হয়েছে।ঢাকার বাজারে গতকাল ২৫৯টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের লেনদেন হয়। এর মধ্যে ২২৮টিরই দাম কমেছে, বেড়েছে মাত্র ২২টির আর অপরিবর্তিত ছিল নয়টি কোম্পানির শেয়ারের দাম। দিন শেষে ডিএসইতে লেনদেনের পরিমাণ ছিল প্রায় ১৬৯ কোটি টাকা, যা আগের কার্যদিবসের চেয়ে প্রায় ১৭ কোটি টাকা কম।চট্টগ্রামের বাজারের সার্বিক মূল্যসূচক গতকাল দিন শেষে কমে দাঁড়িয়েছে প্রায় ১৩ হাজার ৫৬৩ পয়েন্টে। সিএসইতে এদিন ১৮৫টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের লেনদেন হয়। এর মধ্যে ১৬৬টিরই দাম কমেছে, বেড়েছে মাত্র ১৩টির আর অপরিবর্তিত ছিল ছয়টি কোম্পানির শেয়ারের দাম। চট্টগ্রামের বাজারে গতকাল প্রায় ২৭ কোটি টাকার লেনদেন হয়, যা আগের কার্যদিবসের চেয়ে প্রায় চার কোটি টাকা কম।বাজার পরিস্থিতি সম্পর্কে আইডিএলসি ইনভেস্টমেন্টসের গবেষণা প্রতিবেদনে বলা হয়েছে, টানা নিম্নমুখী ধারার কারণে সাধারণ বিনিয়োগকারীরা আর ধৈর্য ধরে রাখতে পারছেন না। বাজারে আরও পতন ঘটবে এমন শঙ্কা থেকে অনেকে হাতে থাকা শেয়ার বিক্রি করে দিচ্ছেন। এতে বাজারে বিক্রির চাপ বাড়ছে।দরপতনের মধ্যেও দামের শক্ত অবস্থান ধরে রেখেছে নতুন তালিকাভুক্ত কোম্পানি বাংলাদেশ সাবমেরিন কেব্লস। তালিকাভুক্তির দ্বিতীয় কার্যদিবসে গতকাল এই কোম্পানিটি ছিল লেনদেনের শীর্ষে। বাজারের মোট ১৬৯ কোটি টাকার লেনদেনের মধ্যে গতকাল এককভাবে এই কোম্পানিটিরই প্রায় ১৬ কোটি টাকার লেনদেন হয়েছে।