আবারও লেনদেনের শীর্ষে উঠে এসেছে ব্যাংকিং খাত
দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনে আবারও শীর্ষে উঠে এসেছে ব্যাংকিং খাত। সপ্তাহের শেষ কার্যদিবসে গতকাল বৃহস্পতিবার ডিএসইর মোট লেনদেনের প্রায় ১৫ শতাংশই ছিল এই খাতের।এদিন ডিএসইতে লেনদেন হওয়া ৩০টি ব্যাংকের সম্মিলিত লেনদেনের পরিমাণ ছিল প্রায় ২৩ কোটি টাকা। ব্যাংকিং খাতের লেনদেন বাড়ার কারণে আগের দিনের শীর্ষ অবস্থান হারিয়েছে বস্ত্র খাত।বস্ত্র খাতের কোম্পানি আরএন স্পিনিংয়ের ওপর ভর করেই বুধবার লেনদেনের শীর্ষে উঠেছিল খাতটি। আগের দিনের চেয়ে গতকাল কোম্পানিটির শেয়ারের লেনদেন বেশ কমেছে। বদৌলতে সার্বিকভাবে বস্ত্র খাতের লেনদেনের পরিমাণ কমে গেছে। বুধবার এককভাবে আরএন স্পিনিংয়ের ১২ কোটি টাকার শেয়ার লেনদেন হয়েছিল, যা এদিন কমে প্রায় পাঁচ কোটি টাকায় নেমে এসেছে। সব মিলিয়ে গতকাল ঢাকার শেয়ারবাজারে কিছুটা ইতিবাচক ধারা লক্ষ করা গেছে। বিশেষ করে ভালো মৌলভিত্তির কোম্পানির শেয়ারের দর বাড়ার প্রবণতাই ছিল বেশি, যেটাকে বিশ্লেষকেরা বাজারের জন্য ইতিবাচক দিক বলে উল্লেখ করেছেন। তাঁদের মতে, মৌলভিত্তিসম্পন্ন কোম্পানির দর বাড়ার মাধ্যমে বাজারের সূচক বা লেনদেন বাড়লে সেটি টেকসই হয়।জানতে চাইলে আইডিএলসি ইনভেস্টমেন্টসের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ মনিরুজ্জামান প্রথম আলোকে বলেন, ‘ক্রমাগত দরপতনে বাজার যে অবস্থানে নেমেছে, তাতে ভালো মৌলভিত্তির অনেক কোম্পানির শেয়ারের দরই অবমূল্যায়িত হয়ে রয়েছে। এ ধরনের কোম্পানির শেয়ারের দর বাড়ার মাধ্যমে বাজার ইতিবাচক ধারায় ফিরলে সেটি টেকসই হওয়ার সম্ভাবনা বেশি। তাই কেউ দীর্ঘ মেয়াদে ভালো কোম্পানির শেয়ারে বিনিয়োগ করলে লাভের সম্ভাবনা অনেক বেশি।’কসমোপলিটন ফিন্যান্সের প্রতিবেদনে বলা হয়েছে, এদিন ঢাকার বাজারের সূচক বৃদ্ধিতে বড় ভূমিকা রেখেছে তিতাস গ্যাস, বিএটিবিসি ও গ্রামীণফোন। এই তিন কোম্পানির শেয়ারের দর বাড়ার সুবাদেই ডিএসইর সাধারণ সূচক এদিন শূন্য দশমিক ২৬ শতাংশ বাড়ে।খাতভিত্তিক লেনদেনে ব্যাংকিং খাত এগিয়ে থাকলেও এককভাবে কোম্পানি হিসেবে শীর্ষস্থানটি ধরে রেখেছে ভ্রমণ ও অবকাশ খাতের প্রতিষ্ঠান ইউনাইটেড এয়ার। গতকাল কোম্পানিটির লেনদেনের পরিমাণ ছিল প্রায় ১৪ কোটি টাকা, যা ডিএসইর মোট লেনদেনের ৯ শতাংশ।এদিকে ঢাকার বাজারে সাধারণ মূল্যসূচক ৩৪ পয়েন্ট বা শূন্য দশমিক ৮৩ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে চার হাজার ১৬৭ পয়েন্টে। এদিন ডিএসইতে ২৬৯টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের লেনদেন হয়। এর মধ্যে আগের তুলনায় দাম বেড়েছে ১৮৬টির, কমেছে ৫২টির আর অপরিবর্তিত ছিল ৩১টির। দিনের শেষে লেনদেনের পরিমাণ দাঁড়ায় প্রায় ১৫২ কোটি টাকা, যা আগের দিনের চেয়ে ১৮ কোটি টাকা কম। অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক মূল্যসূচক এদিন প্রায় ১১০ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ১২ হাজার ৭২১ পয়েন্টে। এই বাজারে লেনদেন হয় ১৭৩টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের। এর মধ্যে আগের তুলনায় দাম বেড়েছে ১০৫টির, কমেছে ৩৮টির আর অপরিবর্তিত ছিল ৩০টির। দিনের শেষে লেনদেনের পরিমাণ দাঁড়ায় প্রায় সাড়ে ১৬ কোটি টাকা, যা আগের দিনের চেয়ে অর্ধকোটি টাকা বেশি।