আবারও লেনদেনের শীর্ষে ভ্রমণ খাত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

এক কোম্পানির বদৌলতে দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) গতকাল বৃহস্পতিবার আবারও লেনদেনের শীর্ষে উঠে এসেছে ভ্রমণ ও অবকাশ খাত। দিন শেষে এই খাতের দুই কোম্পানির লেনদেনের পরিমাণ ছিল প্রায় ২৯ কোটি টাকা। এর ফলে ডিএসইর মোট লেনদেনের প্রায় ১৯ শতাংশ ছিল এ খাতের। যে কোম্পানিটির কারণে এ খাত লেনদেনের শীর্ষে উঠে এসেছে, সেটি হলো ইউনাইটেড এয়ার। এদিন কোম্পানিটি ঢাকার বাজারে লেনদেনের শীর্ষে ছিল। ভ্রমণ ও অবকাশ খাতে তালিকাভুক্ত এই কোম্পানির দিন শেষে লেনদেনের পরিমাণ ছিল প্রায় ২০ কোটি ৫০ লাখ টাকা। এটি ডিএসইর মোট লেনদেনের প্রায় সাড়ে ১৩ শতাংশ। গতকাল ডিএসইতে লেনদেনের পরিমাণ ছিল প্রায় ১৫২ কোটি টাকা। লেনদেন বৃদ্ধির পাশাপাশি ঢাকার বাজারে মূল্যবৃদ্ধির শীর্ষেও ছিল ইউনাইটেড এয়ার। এদিন কোম্পানিটির প্রতিটি শেয়ারের দাম বেড়েছে এক টাকা ৫০ পয়সা বা ৭ শতাংশ। হঠাৎ করে কোম্পানিটির শেয়ারের দাম ও লেনদেন বৃদ্ধির সঠিক কোনো কারণ বলতে পারেননি বাজারসংশ্লিষ্টরা। ইউনাইটেড এয়ারের পাশাপাশি এদিন ডিএসইতে মূল্যবৃদ্ধির শীর্ষ তালিকায় ছিল স্ট্যান্ডার্ড সিরামিক, বঙ্গজ ও প্রগতি লাইফ ইনস্যুরেন্স। ভ্রমণ ও অবকাশের খাতের পর লেনদেনের শীর্ষে ছিল ব্যাংকিং খাত। এ খাতের লেনদেনের পরিমাণ ছিল প্রায় ২৬ কোটি টাকা, যা ডিএসইর মোট লেনদেনের ১৭ শতাংশ। এদিন ঢাকার বাজারে লেনদেন হওয়া ৩০টি ব্যাংকের মধ্যে ২৪টিরই দাম বেড়েছে। সপ্তাহের শেষ কার্যদিবসে গতকাল দেশের দুই স্টক এক্সচেঞ্জে সাধারণ মূল্যসূচক বেড়েছে। ডিএসইর সাধারণ সূচক দিন শেষে প্রায় ১১ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে চার হাজার ১৯৩ পয়েন্টে। কসমোপলিটন ফিন্যান্সের এক প্রতিবেদনে বলা হয়েছে, এদিন ব্যাংকিং এবং ভ্রমণ ও অবকাশ খাতের কারণে ডিএসইর সাধারণ সূচক বেড়েছে প্রায় দশমিক শূন্য ২৮ শতাংশ। প্রাইম ব্যাংকের শেয়ারের মূল্যবৃদ্ধি পুরো খাতটির ওপর ইতিবাচক প্রভাব ফেলেছে। এদিকে সূচক বাড়লেও দুই বাজারে লেনদেনের পরিমাণ কিছুটা কমে গেছে। ঢাকার বাজারে বৃহস্পতিবার ২৫৪টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের লেনদেন হয়। এর মধ্যে ১৫২টিরই দাম বেড়েছে, কমেছে ৭৯টির আর অপরিবর্তিত ছিল ২৩টির দাম। দিন শেষে ডিএসইতে লেনদেনের পরিমাণ ছিল ১৫২ কোটি টাকা, যা আগের দিনের চেয়ে ২২ কোটি টাকা কম। অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক মূল্যসূচক প্রায় ৩৬ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ১২ হাজার ৬৭২ পয়েন্টে। দিন শেষে সিএসইতে ১৬৩টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের লেনদেন হয়। এর মধ্যে ৮৫টির দাম বেড়েছে, কমেছে ৬১টির আর অপরিবর্তিত ছিল ১৭টির দাম। এদিন চট্টগ্রামের বাজারে লেনদেনের পরিমাণ ছিল প্রায় ২১ কোটি টাকা, যা আগের দিনের চেয়ে দুই কোটি টাকা কম।