আবারও স্থায়ী কমিশন গঠনের সুপারিশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিতর্কিত প্রতিষ্ঠান যুব কর্মসংস্থান সোসাইটির (যুবক) তিন লাখ গ্রাহকের পাওনা ফিরিয়ে দিতে আবারও পূর্ণাঙ্গ ও স্থায়ী কমিশন গঠনের সুপারিশ এসেছে। এবারের সুপারিশ বাণিজ্য মন্ত্রণালয়ের নেতৃত্বাধীন নয় সদস্যের আন্তমন্ত্রণালয় কমিটির। যুবক কমিশনও গত বছর একই সুপারিশ করেছিল।
গ্রাহকদের দুই হাজার ৬০০ কোটি টাকার সম্পত্তি আট বছর ধরে অমীমাংসিত পড়ে রয়েছে। যুবক কমিশনের সুপারিশ কার্যকর করতে না পেরে গত জুলাইয়ে অর্থ মন্ত্রণালয় বিষয়টির সুরাহার দায়িত্ব দেয় বাণিজ্য মন্ত্রণালয়কে।
বাণিজ্য মন্ত্রণালয়ের যুগ্ম সচিব আবদুল মান্নানকে প্রধান করে গঠিত এ কমিটি দুই সপ্তাহ আগে সুপারিশসংবলিত একটি প্রতিবেদন জমা দেয়। সুপারিশের মধ্যে অন্যতম হচ্ছে নতুন আইন করে একটি পূর্ণাঙ্গ ও স্থায়ী কমিশন গঠন করা।
বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদের কাছে জানতে চাইলে এ ব্যাপারে বাণিজ্যসচিব হেদায়েতুল্লাহ আল মামুনের সঙ্গে কথা বলার পরামর্শ দেন। বাণিজ্যসচিব প্রথম আলোকে বলেন, ‘প্রতিবেদনে অনেক সুপারিশই এসেছে। তা বাস্তবায়নে শিগগির আমরা আইন মন্ত্রণালয়ের সঙ্গে বৈঠক করব।’
যুবকের চট্টগ্রামের পতেঙ্গা অঞ্চলের ক্ষতিগ্রস্ত গ্রাহক মো. করিম মনে করেন এসব বৈঠক সরকারের কালক্ষেপণ ছাড়া কিছুই নয়। প্রথম আলোকে তিনি বলেন, ‘আবার বৈঠক হবে, হয়তো আবার কমিশনও হবে। কিন্তু আমার টাকা ফেরতের নিশ্চয়তা কে দেবে?’
করিম আরও বলেন, ‘যুবক আমাদের সঙ্গে প্রতারণা করেছে। আর সরকার করছে বঞ্চিত। এত বছরেও বিষয়টির সুরাহা করতে পারল না সরকার।’ ক্ষতিপূরণসহ যুবকে জমা দেওয়া ১৮ লাখ ৬০ হাজার টাকা ফেরত চান তিনি।
বিশ্লেষণে দেখা যায়, যুবক কমিশনের সুপারিশের সঙ্গে বাণিজ্য মন্ত্রণালয়ের নেতৃত্বাধীন আন্তমন্ত্রণালয় কমিটির সুপারিশের মিল রয়েছে। যুবক কমিশন যে সুপারিশগুলে করেছিল সরকারের কোন কোন দপ্তর সেগুলো বাস্তবায়ন করবে, তা নির্দিষ্ট করেছে আন্তমন্ত্রণালয় কমিটি।
কমিটির প্রতিবেদনে বলা হয়েছে, নতুন আইন প্রণয়ন করে একটি স্থায়ী কমিশন গঠন করা যেতে পারে। কমিশন হবে হাইকোর্টের অবসরপ্রাপ্ত বিচারপতি, অবসরপ্রাপ্ত সচিব বা অবসরপ্রাপ্ত মেজর জেনারেল পদমর্যাদার সেনাকর্মকর্তাকে প্রধান করে তিন বা পাঁচ সদস্যের।
কমিটির যুক্তি হচ্ছে যুবকের কর্মপরিসর দেশব্যাপী হওয়ায় একক কোনো মন্ত্রণালয় বা বিভাগের কর্মকর্তা নিজ দায়িত্বের বাইরে অতিরিক্ত দায়িত্ব হিসেবে ঝুঁকিপূর্ণ এ কাজ করতে পারবে না।
কমিটি শুধু যুবক নয়, ডেসটিনি, ইউনিপে টু ইউ বা এ জাতীয় প্রতিষ্ঠান যারাই জনগণের সঙ্গে প্রতারণা করে স্থাবর-অস্থাবর সম্পত্তি গড়ে তুলবে, তাদের সম্পত্তি সরকারের অনুকূলে নেওয়ার সুপারিশ করেছে। এ জন্যও নতুন আইন প্রণয়ন করতে হবে বলে সুপারিশ তাদের। এ বিষয়ে যুবক কমিশনের প্রতিবেদনে বলা হয়েছিল, ‘আলাদাভাবে নতুন আইন প্রণয়ন না করা পর্যন্ত যুবকের প্রতারক চক্রকে শাস্তির কাঠগড়ায় আটকানো যাবে না।’
তবে নতুন আইন প্রণয়ন না করে বিদ্যমান আইনেও যুবকের সম্পত্তি সরকার গ্রহণ ও ব্যবস্থাপনা করতে পারে বলে মত দিয়েছে আন্তমন্ত্রণালয় কমিটি। কমিটি এ ক্ষেত্রে ১৯৭২ সালের চারটি আদেশকে বিবেচনায় নিতে বলেছে।
অপরাধের শাস্তি বিষয়ে কমিটি বলেছে, যুবক যে অপরাধ করেছে, একে নতুন আইনে সংজ্ঞায়িত করে হাইকোর্ট বিভাগে বিশেষ বেঞ্চ গঠন করা যায়। যুবক কমিশনও বিশেষ ট্রাইব্যুনাল গঠনের সুপারিশ করেছিল।
রাষ্ট্রপতি, মন্ত্রী ও সরকারি উচ্চপদস্থ ব্যক্তিরা যুবকের সভা, সেমিনার ও মেলার বিভিন্ন অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত থেকে যুবককে সহায়তা করেছেন। কমিটি বলেছে, কোনো প্রতিষ্ঠান অতিথি হওয়ার আবেদন জানালে সে প্রতিষ্ঠানের উদ্দেশ্য, কার্যক্রম ও সুনাম যাচাই করে অতিথি হওয়ার ব্যাপারে সম্মতি দেবেন রাষ্ট্রের গুরুত্বপূর্ণ পদে অধিষ্ঠিত ব্যক্তিরা। নইলে আচরণবিধি পরিপন্থী অপরাধ হিসেবে গণ্য হবে—এ রকম প্রজ্ঞাপন জারি করতে পারে মন্ত্রিপরিষদ বিভাগ।
এ বিষয়ে কমিশনের প্রতিবেদনে বলা হয়, ক্ষমতাসীন মন্ত্রী, সাংসদ, রাজনৈতিক নেতা, উচ্চপদস্থ সরকারি আমলা ও গুরুত্বপূর্ণ ব্যক্তিদের প্রত্যক্ষ ও পরোক্ষ আনুকূল্য বা পৃষ্ঠপোষকতায় যুবকের অশুভ উত্থান হয়। ১৯৯৬-২০০১ সময়ের আওয়ামী লীগ এবং ২০০১-২০০৬ সময়ের বিএনপি—উভয় সরকারই প্রতিষ্ঠানটির উত্থানে ভূমিকা রাখে।
আন্তমন্ত্রণালয় কমিটি বলেছে, ক্ষমতাসীন ও প্রভাবশালীদের এই ভূমিকার কারণেই অতি মুনাফালোভী ও সহজ-সরল বিভিন্ন শ্রেণির শিক্ষিত, অর্ধশিক্ষিত ও অশিক্ষিত লোক অতি সহজে যুবকের পাতা ফাঁদে ধরা পড়েন এবং একপর্যায়ে সর্বস্বান্ত হয়ে যান।
আগের কথা: রাজধানীর শাহবাগের আজিজ কো-অপারেটিভ মার্কেটে কয়েকটি দোকান ভাড়া নিয়ে অলাভজনক প্রতিষ্ঠান হিসেবে যাত্রা শুরু করে যুবক। ধীরে ধীরে প্রতিষ্ঠানটি উচ্চ সুদের বিনিময়ে আমানত সংগ্রহ ও ঋণদান কর্মসূচি চালু করে। ২০০৫ সালে যুবকের প্রতারণামূলক কার্যক্রম নিয়ে গণমাধ্যমে প্রতিবেদন প্রকাশিত হতে থাকলে তদন্তে নামে কেন্দ্রীয় ব্যাংক। ২০০৬ সালে কেন্দ্রীয় ব্যাংকের তদন্তে বেরিয়ে আসে যুবকের বিরুদ্ধে অবৈধ ব্যাংকিংসহ নানা প্রতারণার চিত্র।
এরপর বিষয়টি নিয়ে তেমন কোনো কাজ হয়নি। ২০১০ সালের ২৬ জানুয়ারি যুবকের ক্ষতিগ্রস্ত গ্রাহকদের তালিকা তৈরি এবং স্থাবর-অস্থাবর সম্পত্তি বেহাত না হওয়ার জন্য বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর মোহাম্মদ ফরাসউদ্দিনকে প্রধান করে একটি তদন্ত কমিশন গঠন করে সরকার। ফরাসউদ্দিন কমিশনের সুপারিশ অনুযায়ী পরে ২০১১ সালের ৫ মে সাবেক যুগ্ম সচিব রফিকুল ইসলামকে চেয়ারম্যান করে গঠন করে গঠিত হয় দুই বছর মেয়াদি যুবক কমিশন। কমিশন ঠিক দুই বছর পর প্রতিবেদন জমা দেয়।
কমিশনের প্রতিবেদন অনুযায়ী দেশের প্রায় সব অঞ্চলে যুবকের সম্পত্তি রয়েছে। রাজধানীর পল্টনে ২১ শতাংশ, ধানমন্ডিতে সাড়ে ৩৩ শতাংশ, তেজগাঁওয়ে ৪৯ শতাংশ, কাঁচপুরে ৮৭৮ শতাংশ, চট্টগ্রাম পতেঙ্গা বিমান বন্দরের পাশে ৪০ বিঘা, সাভার মডেল টাউনে প্লট এবং মাদারীপুর চক্ষু হাসপাতালের সামনেসহ ৯১টি জায়গায় সম্পত্তি রয়েছে যুবকের। এ ছাড়া রয়েছে যুবকের ১৮টি বাড়ি ও ১৮টি প্রতিষ্ঠান। এগুলোর কিছু কিছু বেহাত হয়ে গেছে। আন্তমন্ত্রণালয় কমিটি এ ব্যাপারেও ১৯৭২ সালের চারটি আদেশ অনুসরণের পরামর্শ দেয়।
যুবকের নির্বাহী পরিচালক হোসাইন আল মাসুমের সঙ্গে কয়েক দিন চেষ্টা করেও কথা বলা সম্ভব হয়নি। তাঁর মুঠোফোন বন্ধ। তবে তাঁর নামে গ্রাহকেরা যে মামলা করেছিল, তার সবগুলো থেকেই তিনি জামিনে রয়েছেন।
যুবক কমিশনের চেয়ারম্যান রফিকুল ইসলাম প্রথম আলোকে বলেন, ‘যুবক কমিশন বা আন্তমন্ত্রণালয় কমিটির সুপারিশ—কিছুই বাস্তবায়িত হবে না, যদি না সরকার আন্তরিক হয়। আমরা এখন সরকারের আন্তরিকতার অপেক্ষায়।’