আবারও বিনা মাশুলে ট্রানজিট হচ্ছে। এবার বাংলাদেশের ভূখণ্ড ব্যবহার করে ভারতের উত্তর-পূর্বাঞ্চলীয় রাজ্য ত্রিপুরায় আরও ২৫ হাজার টন চাল যাবে। কলকাতা থেকে আশুগঞ্জ পর্যন্ত নৌপথে, আর আশুগঞ্জ থেকে সড়কপথে আখাউড়া হয়ে আগরতলা যাবে এই চাল।
চালের চালানটি আগরতলা পর্যন্ত পৌঁছাতে বহুমাত্রিক ব্যবস্থায় ট্রানজিট দেওয়া হবে। ভারতের অনুরোধে শুধু মানবিক কারণে বাংলাদেশ এ ট্রানজিট দিতে যাচ্ছে।
নৌ মন্ত্রণালয়ে ১৩ জানুয়ারি অনুষ্ঠিত আন্তমন্ত্রণালয় সভায় এ সিদ্ধান্ত হয়েছে। সরকারের শীর্ষ মহলের অনুমোদন সাপেক্ষে ভারতকে এ সিদ্ধান্তের কথা জানিয়ে দেবে নৌ মন্ত্রণালয়। ভারতকে মানবিক কারণে চালের এই চালান আগরতলায় নেওয়ার সুযোগ দেওয়ার বিনিময়ে বাংলাদেশ কোনো মাশুল নেবে না। দুই দেশের মধ্যে নৌ-প্রটোকলের আওতায় অনুমতি দেওয়ায় ভারতকে শুধু বন্দর মাশুল দিলেই চলবে।
কয়েক মাস আগে একইভাবে মানবিক কারণ দেখিয়ে বাংলাদেশের ওপর দিয়ে ১০ হাজার টন চাল নিয়েছে ভারত। গত আগস্ট মাস থেকে দুই দফায় চালের ওই চালান দুটি আগরতলায় গেছে।
মানবিক বিবেচনায় ভারতকে বিনা মাশুলে পণ্য পরিবহন বা ট্রানজিট দেওয়ার ঘটনা এটি প্রথম নয়। কয়েক বছর আগে ত্রিপুরার পালাটানা বিদ্যুৎকেন্দ্রের ভারী যন্ত্রাংশও একইভাবে ও পথে নেওয়া হয়েছিল। এরপর মাস কয়েক আগে গেল ১০ হাজার টন চাল।
জানা গেছে, ২৫ হাজার টন চাল কয়েক দফায় নেওয়া হবে। আগামী বর্ষা মৌসুমের আগেই এই চাল নিতে চায় ভারত। কেননা, বর্ষা মৌসুমে ভারতের মূল ভূখণ্ড থেকে ত্রিপুরাসহ উত্তর-পূর্বাঞ্চলের রাজ্যগুলোতে পরিবহন করা বেশ কষ্টসাধ্য। কারণ, বড় বড় কাভার্ড ভ্যানে দুর্গম পথে চাল পরিবহন ঝুঁকিপূর্ণ।
জানা গেছে, নৌ-প্রটোকলের আওতায় কলকাতা থেকে আশুগঞ্জ নৌবন্দর পর্যন্ত ছোট কার্গো জাহাজে চাল আনা হবে। এরপর কাভার্ড ভ্যানে করে আশুগঞ্জ থেকে ব্রাহ্মণবাড়িয়া সদর ও আখাউড়া স্থলবন্দর হয়ে তা আগরতলায় পৌঁছাবে। বাংলাদেশের ভেতরে এই পথের দূরত্ব প্রায় ৪৭ কিলোমিটার। তবে নৌ-প্রটোকলের আওতায় এই সড়কপথটি না থাকায় বিশেষ বিবেচনায় তা ভারতকে ব্যবহার করতে দিচ্ছে বাংলাদেশ।
সূত্র জানায়, আশুগঞ্জ নৌবন্দরসহ অন্য বন্দরে অবস্থান করলে এর জন্য প্রচলিত নিয়ম অনুযায়ী নোঙর মাশুলসহ আনুষঙ্গিক সব বন্দর মাশুল দিতে হবে। আর কার্গো জাহাজ থেকে কাভার্ড ভ্যানে ওঠানোর পর তা শুল্ক পরিদর্শক সিলগালা করে দেবেন। আর নিরাপত্তা প্রহরায় আশুগঞ্জ থেকে আখাউড়া স্থলবন্দরে পৌঁছে দেওয়া হবে। নিরাপত্তার সুবিধার্থে একসঙ্গে ১০-১৫টি ট্রাক আশুগঞ্জ থেকে আখাউড়া যাবে। সেখানে কোনো শুল্কসংক্রান্ত আনুষ্ঠানিকতা করতে হবে না। সরাসরি সীমান্ত পার হয়ে আগরতলায় চলে যাবে।
অন্যদিকে কলকাতা থেকে আশুগঞ্জ পর্যন্ত বাংলাদেশি জাহাজে করেই চাল আনা হবে। দ্রুততম সময়ে এই বিপুল পরিমাণ চাল কলকাতা থেকে আশুগঞ্জ পর্যন্ত পরিবহন করতে একাধিক জাহাজ পরিচালনা প্রতিষ্ঠানকে কার্যাদেশ দেওয়ার দাবি জানিয়েছেন এ খাতের সংশ্লিষ্ট ব্যক্তিরা।
নেক্সাস করপোরেশনের স্বত্বাধিকারী সানাউল হক বলেন, নৌ-প্রটোকলের আওতায় সিংহভাগ পণ্যই পরিবহন করে বাংলাদেশি জাহাজ। তাই এই বিশাল চালের চালান পরিবহনে বাংলাদেশি জাহাজ পরিচালনাকারী প্রতিষ্ঠানগুলো সক্ষম।
জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) একজন শুল্ক কর্মকর্তা জানান, নৌ-প্রটোকলের আওতায় অনুমোদন দেওয়ায় কোনো মাশুল নেওয়া সম্ভব হচ্ছে না। কেননা, নৌ-প্রটোকলে বছরে নির্দিষ্ট পরিমাণ মাশুল দেয় ভারত।
গত বছর বাংলাদেশের ভূখণ্ড ব্যবহার করে ৩৫ হাজার টন চাল নেওয়ার অনুমতি চায় ভারত। এর পরিপ্রেক্ষিতে গত জুলাই মাসে প্রথম দফায় ১০ হাজার টন চাল নেওয়ার অনুমতি দেয় বাংলাদেশ। গালফ ওরিয়েন্ট নামের বাংলাদেশি জাহাজ কোম্পানি ওই চাল পরিবহন করে।