আবাসন খাত নতুন সংকটে: রিহ্যাব
আবাসন প্রতিষ্ঠানগুলোর সংগঠন রিহ্যাব আয়োজিত গত বছরের শীতকালীন মেলায় ৬০০ কোটি টাকার ফ্ল্যাট বিক্রি হয়েছিল। এ বছর সে মেলাই হচ্ছে না। রাজনৈতিক অস্থিরতায় মেলা পিছিয়ে দিয়েছে সংগঠনটি। মেলা হওয়ার কথা ছিল ১৯ থেকে ২৩ ডিসেম্বর।
রিহ্যাবের দাবি, রাজনৈতিক অস্থিরতায় গত এক বছরে দেশে তৈরি ফ্ল্যাটের বিক্রি কমেছে প্রায় ৫০ শতাংশ। আবাসন ব্যবসায়ীদের বেচাবিক্রি ও মূল্য আদায় এখন সর্বনিম্ন পর্যায়ে পৌঁছেছে। ব্যবসায়ীরা ব্যাংকঋণের কিস্তি পরিশোধ করতে পারছেন না। ক্রেতারাও এখন আর নতুন বিনিয়োগে যাচ্ছেন না। ফলে আবাসন খাত নতুন করে সংকটে পড়েছে।
সংগঠনের জ্যেষ্ঠ সহসভাপতি মোকাররম হোসেন খান বলেন, ‘বিভিন্ন ব্যাংকে আবাসন খাতের ব্যবসায়ীদের ১৮ হাজার কোটি টাকার ওপরে ঋণ রয়েছে। ফ্ল্যাট বিক্রি কমে গেছে। গত দুই সপ্তাহে রডের দাম প্রতি টনে ছয় হাজার টাকা বেড়েছে। এ টাকা কীভাবে শোধ করব?’
দেশের চলমান রাজনৈতিক পরিস্থিতিতে আবাসন খাতের দুর্দশা তুলে ধরতে গতকাল সোমবার এক সংবাদ সম্মেলনের আয়োজন করে রিহ্যাব। জাতীয় প্রেসক্লাবে আয়োজিত এ সংবাদ সম্মেলনে রিহ্যাব নেতারা সব রাজনৈতিক দলকে সমঝোতায় এসে শান্তিপূর্ণ সমাধান করার আহ্বানও জানান। একই সঙ্গে ১৫ ডিসেম্বর ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন এফবিসিসিআই আয়োজিত সাদা পতাকা হাতে নিয়ে প্রতিবাদ কর্মসূচি পালনেরও ঘোষণা দেন তাঁরা।
মোকাররম হোসেন জানান, আবাসন খাত নির্মাণসংক্রান্ত পণ্য আনা-নেওয়া করতে পারছে না আবার বিক্রিও হচ্ছে না। ফলে দুই দিকেই ক্ষতিতে পড়েছে আবাসন খাত। তিনি জানান, অনির্দিষ্টকালের জন্য যদি এমন রাজনৈতিক অবস্থা চলতে থাকে, তাহলে সব খাতই এ নাজুক পরিস্থিতিতে পড়বে।
লিখিত বক্তব্যে সংগঠনের সাধারণ সম্পাদক ওয়াহিদুজ্জামান বলেন, সময়মতো নির্মাণসামগ্রী আনতে না পারায় নির্মাণকাজ বিলম্বিত হচ্ছে। ফলে পরবর্তী সময়ে ফ্ল্যাট হস্তান্তরে নানা সমস্যা তৈরি হবে। আবাসন ব্যবসায়ীরা চুক্তির শর্ত পালনে ব্যর্থ হলে আইনি জটিলতায় পড়বেন। রাজনৈতিক অস্থিরতায় আবাসন ব্যবসায়ীদের নতুন প্রকল্প গ্রহণ একেবারেই বন্ধ হয়ে যাবে। এর সঙ্গে জড়িত বিশাল শ্রমিকগোষ্ঠীও বেকার হয়ে পড়বে।
সংবাদ সম্মেলনে এফবিসিসিআইয়ের সহসভাপতি হেলাল উদ্দিন বলেন, ‘দেশের মানুষ এ ধরনের সহিংস রাজনীতি কোনোভাবেই পছন্দ করে না। আমাদের অনুভূতি যদি রাজনৈতিক দলগুলো না বোঝে, তাহলে কঠোর কর্মসূচির দিকে আমাদের যেতে হবে। এ ছাড়া আমাদের আর কোনো গত্যন্তর নেই।’
রাতের বেলায় অন্তত খাদ্য এবং পচনশীল পণ্য পরিবহন করতে দেওয়ার জন্য বিরোধী দলকে আহ্বান জানান হেলাল উদ্দিন।
সংবাদ সম্মেলনে রিহ্যাবের সহসভাপতি লিয়াকত আলী, সাংগঠনিক সম্পাদক সাইদুল ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন।