ব্যক্তি পর্যায়ে আবাসন খাতে ব্যাংকঋণ নেওয়ার সীমা বাড়ানো হয়েছে। এখন থেকে বাড়ি বা ফ্ল্যাট কিনতে ব্যক্তি পর্যায়ে ব্যাংক থেকে ১ কোটি ২০ লাখ টাকা পর্যন্ত ঋণ নেওয়া যাবে। আগে যা ছিল ১ কোটি টাকা। তবে ঋণ ও মূলধনের অনুপাত আগের মতোই ৭০: ৩০ রাখা হয়েছে। কেন্দ্রীয় ব্যাংক থেকে গতকাল বৃহস্পতিবার এ-সংক্রান্ত একটি নির্দেশনা ব্যাংকগুলোর শীর্ষ নির্বাহীদের কাছে পাঠানো হয়। নির্দেশনায় বলা হয়েছে, আবাসন ও রিয়েল এস্টেট নির্মাণসামগ্রীর দাম বাড়ার ফলে ঋণের পরিমাণ বাড়ানোর সিদ্ধান্ত হয়েছে। ভোক্তা ঋণের আওতায় এসব ঋণ বিতরণ করা হবে। যোগাযোগ করা হলে আবাসন ব্যবসায়ীদের সংগঠন রিহ্যাবের সহসভাপতি লিয়াকত আলী ভূঁইয়া বাংলাদেশ ব্যাংকের এ নির্দেশনাকে স্বাগত জানান। তবে তিনি প্রথম আলোকে বলেন, তবে বর্তমান প্রেক্ষাপটে ঋণসীমা ২ থেকে ৩ কোটি টাকা এবং ঋণের সুদের একক অঙ্কে নির্ধারণ করা উচিত।