আগামী ২০১৬-১৭ অর্থবছরের বাজেটে আবাসন খাতে কালোটাকা বিনিয়োগের সুযোগ থাকবে না বলে জানিয়ে দিয়েছেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত।
ঢাকায় সচিবালয়ে গতকাল রোববার আবাসন খাতের সংগঠন রিয়েল এস্টেট অ্যান্ড হাউজিং অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (রিহ্যাব) সঙ্গে অনুষ্ঠিত প্রাক্-বাজেট আলোচনা সভায় অর্থমন্ত্রী নেতিবাচক মনোভাব জানান।
বিদেশে অর্থপাচার ঠেকাতে রিহ্যাব বৈধভাবে উপার্জিত অপ্রদর্শিত আয় বিনা প্রশ্নে আবাসন খাতে বিনিয়োগের সুযোগ চায়। এর জবাবে অর্থমন্ত্রী বলেন, ‘অপ্রদর্শিত আয় এভাবে বিনিয়োগের কোনো সুযোগ দেওয়া হবে না। এ নিয়ে কিছু করার নেই।’
আবাসন খাতের বর্তমান পরিস্থিতিতে ৫ থেকে ১০ বছরের জন্য অপ্রদর্শিত অর্থ ফ্ল্যাট, প্লট, বাণিজ্যিক ভবন ও বিপণিবিতানে বিনিয়োগের সুযোগ চেয়েছে রিহ্যাব। সংগঠনটি বলেছে, বিভিন্ন দেশে বর্তমানে ‘সেকেন্ড হোম’ গ্রহণের সুযোগ রয়েছে। অপ্রদর্শিত অর্থ বিনিয়োগের সুযোগ দিলে সেকেন্ড হোমওয়ালারা করজালের আওতায় আসবেন এবং এতে সরকারের রাজস্ব আয় বাড়বে।
রিহ্যাবের সহসভাপতি লিয়াকত আলীর নেতৃত্বে একটি প্রতিনিধিদল অর্থমন্ত্রীর কাছে আগামী বাজেটে অন্তর্ভুক্ত করার জন্য ১৩ দফা দাবি তুলে ধরে। অন্য দাবিগুলোর মধ্যে উল্লেখযোগ্য কয়েকটি হলো আবাসন খাতে বাংলাদেশ ব্যাংকের মাধ্যমে এক অঙ্কের সুদে দীর্ঘমেয়াদি পুনঃ অর্থায়ন সুবিধা চালু, নিবন্ধন ব্যয় কমিয়ে ৭ শতাংশে নামিয়ে আনা, গেইন ট্যাক্স ১৫ শতাংশ থেকে কমিয়ে ৪ শতাংশ নির্ধারণ, এই খাতের উদ্যোক্তাদের ওপর আয়করের হার কমানো এবং সরকারি কর্মকর্তাদের জন্য বিশেষ সুদের হারে আবাসন তহবিল গঠন করা।
এ ছাড়া আবাসন শিল্পে আরোপিত বিদ্যমান মূল্য সংযোজন কর (মূসক) কমানো, নতুন মূসক আরোপ না করা, রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ (রাজউক) এবং চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের (সিডিএ) আওতাভুক্ত ও বহির্ভূত এলাকার সব জমির ক্ষেত্রে আয়কর অধ্যাদেশের ৫৩ এইচ ধারায় আরোপিত কর প্রত্যাহার, আবাসন খাতের সম্ভাব্য ক্রেতাদের জন্য বিশেষ তহবিল গঠনেরও দাবি জানায় রিহ্যাব। অর্থমন্ত্রী এগুলোর ব্যাপারে কোনো প্রতিক্রিয়া জানাননি।
ব্যবসায়ীরা নতুন মূসক আইন কার্যকরের বিরুদ্ধে আন্দোলন করছেন—এ বিষয়ে কী করতে যাচ্ছেন অর্থমন্ত্রী জানতে চাইলে তিনি বলেন, ‘এটি নিয়ে এখন কিছু বলব না। দু-তিন দিন পর বাজেটেই সব জানতে পারবেন। আর ব্যবসায়ীরা আন্দোলন করতেই পারেন। এটা তাঁদের গণতান্ত্রিক অধিকার।’