আবাসন খাতে ঘুরে দাঁড়ানোর আশা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
.
.

আবাসন খাতে প্রায় দুই বছর ধরে স্থবিরতা বিরাজ করছে। তবে রোববার শেষ হওয়া পাঁচ দিনব্যাপী রিহ্যাবের শীতকালীন আবাসন মেলায় ক্রেতাদের কাছে ভালো সাড়া পাওয়া গেছে। সে কারণেই আশা করা হচ্ছে, খাতটি কিছুটা হলেও ঘুরে দাঁড়াবে। ফ্ল্যাট ও প্লটের বেচা-বিক্রি বাড়বে।
বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে গত মঙ্গলবার রাতে আবাসন মেলার সমাপনী অনুষ্ঠানে রিহ্যাবের নেতারা ঘুরেফিরে এ কথাটিই বললেন। সংগঠনের সহসভাপতি রবিউল হক বললেন, ‘গত তিন-চার বছর ধরে আবাসন খাতে স্থবিরতা ছিল। আমরা খাবি খাচ্ছিলাম। তবে বাতাস ঘুরে দাঁড়াতে শুরু করেছে।’
একই কথা বলেন রিহ্যাবের সাধারণ সম্পাদক মো. ওহিদুজ্জামান। তিনি বলেন, ‘মেলায় অনেক দর্শনার্থী এসেছেন। আমরা বুঝতে পারছি, মেলার মধ্য দিয়ে এই খাত পুনরুজ্জীবিত হতে যাচ্ছে।’
মেলার পরিসংখ্যানও সমর্থন দিচ্ছে রিহ্যাব নেতাদের। ২৪-২৮ ডিসেম্বর অনুষ্ঠিত পাঁচ দিনের মেলায় মোট ৪৪৭ কোটি ৬০ লাখ টাকার ফ্ল্যাট, প্লট ও বাণিজ্যিক স্থান (কর্মাশিয়াল স্পেস) বিক্রি হয়েছে। এর মধ্যে আছে ২৪৩ কোটি টাকার ৪০৫টি ফ্ল্যাট, ১২৬ কোটি ৬০ লাখ টাকার ৪২২টি প্লট ও ৭৮ কোটি টাকার ৫৭টি বাণিজ্যিক স্থান। এ ছাড়া ক্রেতাদের কাছ থেকে প্রায় ৫৩৩ কোটি টাকার ফ্ল্যাট, প্লট ও বাণিজ্যিক স্থান বিক্রির অঙ্গীকার পেয়েছে বিভিন্ন প্রতিষ্ঠান। পাঁচ দিনের মেলায় এসেছে ১৮ হাজার মানুষ।
সমাপনী অনুষ্ঠানের বিশেষ অতিথি ছিলেন রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের (রাজউক) চেয়ারম্যান জয়নাল আবেদিন ভূঁইয়া। তাঁকে পেয়ে একাধিক দাবির কথা তুলে ধরেন রিহ্যাব নেতারা। ওহিদুজ্জামান বলেন, ‘আইনে আছে, ৪৫ দিনের মধ্যে একটি নকশা পাস হবে। সেটি হলেই আমরা সঠিক সময়ে কাজ শুরু করতে পারব। এ জন্য রাজউককে ওয়ান স্টপ সেল চালুর জন্য একাধিকবার বলা হলেও তা বিলম্ব হচ্ছে। আশা করি, রাজউক কাজটি দ্রুত করবে।’
রাজউক চেয়ারম্যান জয়নাল আবেদিন ভূঁইয়া বক্তব্যের শুরুতে রিহ্যাবের কর্মকাণ্ডের প্রশংসা করেন। পরে তিনি বলেন, খাল-বিল, নদী-নালার গতিপথ ঠিক রেখে পরিবেশবান্ধব আবাসন করতে হবে। তাহলে রাজউক সব সময় পাশে দাঁড়াবে। চেয়ারম্যান ওয়ান স্টপ সেল স্থাপনে শিগগিরই ব্যবস্থা নেবেন বলেও আশ্বাস দেন।
জয়নাল আবেদিন আরও বলেন, ‘গত ২৮ ডিসেম্বর প্রধানমন্ত্রী গৃহায়ণ মন্ত্রণালয় পরিদর্শনে আসেন। সে সময় গৃহায়ণমন্ত্রী আবাসন খাতের জন্য ২০ হাজার কোটি টাকার একটি তহবিল করার প্রস্তাব দেন। প্রধানমন্ত্রী তাৎক্ষণিকভাবে এই তহবিলের প্রয়োজনীয়তার কথা বলেন। একই সঙ্গে প্রধানমন্ত্রী পরিকল্পনা অনুযায়ী বিল্ডিং কোড মেনে পরিবেশবান্ধব আবাসনের নির্দেশ দিয়েছেন।’
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী আসাদুজ্জামান খান। তিনি আবাসন ব্যবসায়ীদের উদ্দেশ্য বলেন, ‘স্বল্প আয়ের মানুষের জন্য যদি কিছু করেন, তবে আমাদের দেশ আসলেই বদলে যাবে।’
অনুষ্ঠানে আরও বক্তব্য দেন মেলা কমিটির কো-চেয়ারম্যান শাকিল কামাল চৌধুরী, রিহ্যাবের সহসভাপতি লিয়াকত আলী ভূঁইয়া প্রমুখ।