>

আবাসন খাতে ন্যাশনাল হাউজিং ফাইন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্টস লিমিটেড এখন একটি উল্লেখযোগ্য নাম। আবাসন খাতের বর্তমান পরিস্থিতি ছাড়াও গৃহঋণ ও ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে কথা বলেছেন প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালক মো. খলিলুর রহমান
প্রথম আলো: দীর্ঘদিন ধরে আবাসন খাতে মন্দাবস্থা ছিল। বর্তমানে আবাসন খাতের বাজার পরিস্থিতি কেমন?
খলিলুর রহমান: ২০১০ সালে শেয়ারবাজার ধসের পরই মূলত আবাসন খাতে সংকট দেখা দেয়। ২০১২ থেকে ২০১৫ সাল পর্যন্ত এ খাতে মন্দাভাব বিরাজ করে। ২০১২ সাল থেকে অবিক্রীত ফ্ল্যাটের সংখ্যা বাড়তে থাকে। আবাসন খাতের মালিকদের সংগঠন রিহ্যাবের তথ্য অনুযায়ী, ২০১৪ সালে ১০ হাজার এবং ২০১৫ সালে ১৫ হাজার ফ্ল্যাট অবিক্রীত অবস্থায় ছিল। সেই তুলনায় চলতি বছর এ খাতের অবস্থার খানিকটা উন্নতি হয়েছে। এ বছর খাতটিতে ঘুরে দাঁড়ানোর কিছুটা সুবাতাস দেখা যাচ্ছে। এর অন্যতম কারণ আর্থিক খাতে ঋণের সুদ হার কমে যাওয়া। একসময় ব্যাংক ও নন-ব্যাংক আর্থিক খাতে ঋণের সুদ হার ১৬/১৭ শতাংশ থেকে কমে বর্তমানে ১০ শতাংশের নিচে নেমে এসেছে। আবার মন্দাবস্থার কারণে ফ্ল্যাটের দামও কমেছে। এর ফলে মধ্যবিত্তের মধ্যে কিছুটা চাহিদা বেড়েছে। চাহিদা বাড়ার সঙ্গে সঙ্গে ঋণের চাহিদাও ঊর্ধ্বমুখী।
প্রথম আলো: ঋণের সুদ হারের প্রসঙ্গ যখন এল তখন জানতে চাই, আবাসন খাতে আপনার প্রতিষ্ঠান কত সুদে ঋণ সুবিধা দিচ্ছে?
খলিলুর রহমান: আবাসন খাতে বাড়ি নির্মাণ, জমি ক্রয়, ফ্ল্যাট ক্রয়, বাণিজ্যিক জায়গা ক্রয়সহ আবাসন খাতে নানা ধরনের ঋণের পাশাপাশি ক্ষুদ্র ও মাঝারি শিল্প (এসএমই) ঋণ এবং লিজ অর্থায়ন দিয়ে থাকি। এসব ঋণের সুদ হার ১০ থেকে সাড়ে ১২ শতাংশ পর্যন্ত। আমাদের বিতরণ করা মোট ঋণের ৮০ থেকে ৮৫ শতাংশই আবাসন খাতের ঋণ। আবাসন ঋণ বিতরণের ক্ষেত্রে পেশাজীবীদের অগ্রাধিকার দেওয়া হয়। চাকরিজীবীদের মধ্যে সর্বনিম্ন ১০ শতাংশ সুদে আবাসন ঋণ দিচ্ছে আমার প্রতিষ্ঠান।
প্রথম আলো: কোন ধরনের পেশার লোকের মধ্যে আবাসন ঋণ গ্রহণের প্রবণতা বেশি?
খলিলুর রহমান: সরকারি চাকরিজীবী, ব্যাংকার, চিকিৎসক—এসব পেশার লোকের মধ্যে আবাসন ঋণ গ্রহণের প্রবণতা বেশি। চাকরিজীবীদের বেতনের ওপর ভিত্তি করে মাসিক কিস্তি পরিশোধের সামর্থ্য বিবেচনায় ঋণের পরিমাণ নির্ধারণ করা হয়ে থাকে। যাঁদের মাসিক বেতন গড়ে ৬০ থেকে ৮০ হাজার টাকার মধ্যে, তাঁদের সর্বোচ্চ ৩০ থেকে ৩২ লাখ টাকা পর্যন্ত ঋণ দেওয়া হয়। সে ক্ষেত্রে মাসিক বেতনের অর্ধেকটা মাসিক কিস্তি পরিশোধের সামর্থ্য হিসেবে বিবেচনায় ধরা হয়। ঋণের মেয়াদ সাধারণত ১৫ থেকে ২০ বছর। তবে ৩০ থেকে ৩৫ বছর বয়সে কেউ ঋণ নিলে ৬৫ বছর বয়স পর্যন্ত তিনি ঋণ পরিশোধের সময় পাবেন।
প্রথম আলো: কিন্তু আমরা যা দেখতে পাচ্ছি, তাতে নিজের একটা ফ্ল্যাট বা বাড়ি এখনো মধ্যবিত্তের কাছে স্বপ্ন। ফ্ল্যাটের দাম মধ্যবিত্তের ক্রয়ক্ষমতার মধ্যে আনতে হলে কী করা দরকার?
খলিলুর রহমান: এটা ঠিক, এককভাবে চাকরিজীবী মধ্যবিত্তের পক্ষে রাজধানী বা বড় বিভাগীয় শহরে একটা ফ্ল্যাট কেনা এখনো দুঃসাধ্য। আমি মনে করি, এ ক্ষেত্রে সরকার রেজিস্ট্রেশন খরচ কিছুটা কমালে তাতে খরচ কিছুটা কমবে। এ ছাড়া স্বল্প সুদে ঋণ সহায়তা নিশ্চিত করতে আবারও গৃণঋণের জন্য পুনঃ অর্থায়ন তহবিল চালু করা দরকার। আমরা যদি স্বল্প সুদে তহবিল সহায়তা পাই, তাহলে গ্রাহকের মাঝেও স্বল্প সুদে ঋণ দিতে পারি। এখন সাড়ে ৭ শতাংশ হারে আমানত সংগ্রহ করে ১০ শতাংশ সুদে তা ঋণ হিসেবে বিতরণ করা হয়।
প্রথম আলো: আমরা জানি, আর্থিক খাতে ঋণের সুদ হার না কমার পেছনে খেলাপি বা কুঋণও বড় বাধা। আপনার প্রতিষ্ঠানে খেলাপি ঋণের হার কেমন?
খলিলুর রহমান: ব্যাংক খাতে এখন খেলাপি ঋণের হার ১০ শতাংশের ওপরে। আর ব্যাংক-বহির্ভূত আর্থিক প্রতিষ্ঠানের ক্ষেত্রে এ হার প্রায় ৯ শতাংশ। সেখানে আমাদের প্রতিষ্ঠানের খেলাপি ঋণের হার সাড়ে ৩ শতাংশের মতো। তবে আমি মনে করি, ঋণ মান যাচাইয়ের দক্ষতা বৃদ্ধি ও ঋণ আদায় কার্যক্রম আরও জোরদার করা সম্ভব হলে খেলাপির হার ১ থেকে ২ শতাংশের মধ্যে নামিয়ে আনা সম্ভব। খেলাপি ঋণের পরিমাণ যাতে না বাড়ে, সে জন্য আমাদের হাতে গোনা কয়েকটি ভিন্নতা ছাড়া বেশির ভাগ ঋণসীমা গড়ে এক কোটি টাকার মধ্যে সীমাবদ্ধ। এ ছাড়া একজন একক গ্রাহককে ১০ কোটি টাকার বেশি ঋণ দেওয়া হয় না।
প্রথম আলো: ন্যাশনাল হাউজিংয়ের আর্থিক ভিত্তি কেমন?
খলিলুর রহমান: ২০১৫ সালের সর্বশেষ নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন অনুযায়ী, আমাদের প্রতিষ্ঠানের পরিশোধিত মূলধন প্রায় ১০৬ কোটি টাকা। বিতরণ করা ঋণের পরিমাণ প্রায় ৭৩৯ কোটি টাকা। সব মিলিয়ে আমাদের পোর্টফোলিও ৯০০ কোটি টাকার। এর মধ্যে ৭০০ কোটি টাকার বেশি গ্রাহকের বিভিন্ন ধরনের মেয়াদি আমানত। আবাসন খাতে মন্দাবস্থার মধ্যেও আমাদের প্রতিষ্ঠানের বার্ষিক প্রবৃদ্ধি প্রায় ৩৩ শতাংশ। সর্বশেষ ২০১৫ সালে ন্যাশনাল হাউজিং ২৮০ কোটি টাকার ঋণ বিতরণ করেছে। আশা করছি, এ বছর তা ৪০০ কোটি টাকা ছাড়িয়ে যাবে। আমাদের আমানতকারীর সংখ্যা প্রায় তিন হাজার। আর ঋণ গ্রাহকের সংখ্যা প্রায় দুই হাজার।
প্রথম আলো: বর্তমানে সারা দেশে ন্যাশনাল হাউজিংয়ের কটি শাখা ও কতজন কর্মকর্তা-কর্মচারী রয়েছেন? নতুন কী ধরনের ঋণপণ্য বাজারে এনেছেন?
খলিলুর রহমান: ঢাকার বাইরে চট্টগ্রাম, বগুড়া ও রংপুরে আমাদের তিনটি শাখা রয়েছে। এর বাইরে রাজধানীতে রয়েছে আরও তিনটি শাখা। কর্মকর্তা-কর্মচারীর সংখ্যা প্রায় ১৪০। নতুন করে আমাদের আরও কয়েকটি শাখা ও বুথ খোলার পরিকল্পনা রয়েছে। চলতি বছর সুপরিকল্পিত গ্রুপ গৃহঋণ সুবিধা চালু করেছি। এর মাধ্যমে জায়গা কেনা থেকে শুরু করে বাড়ি নির্মাণে ঋণ সুবিধা দেওয়া হচ্ছে। নতুন চালু করা এ ঋণ নিয়ে আমরা বেশ আশাবাদী।
সাক্ষাৎকারটি নিয়েছেন সুজয় মহাজন