>

জমির মালিক, আবাসন ব্যবসায়ী ও অর্থায়নকারীদের নিয়ে একটি ত্রিপক্ষীয় বৈঠক হওয়া দরকার

আবাসন ব্যবসা করতে হবে সুনাম অর্জন করে, ১ লাখ টাকা পরিশোধিত মূলধন নিয়ে ৬০ কোটি টাকার ব্যবসা করতে চাইলে একে আবাসন ব্যবসা বলা যাবে না
আবাসন খাতে নতুন করে গ্যাস-সংযোগ দেওয়া হবে না বলে জানিয়ে দিয়েছেন বিদ্যুৎ ও জ্বালানি প্রতিমন্ত্রী নসরুল হামিদ। রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে (বিআইসিসি) গতকাল বুধবার রিহ্যাব মেলা ২০১৬-এর উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে নসরুল হামিদ এ কথা বলেন।
নসরুল হামিদ বলেন, ‘গ্যাস-সংযোগ নিতে যাঁরা টাকা জমা দিয়েছেন, সময় এসেছে তা ফেরত নেওয়ার। অন্তত আমি মন্ত্রী থাকা অবস্থায় সংযোগ পাবেন না।’
অনুষ্ঠানে অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত প্রধান অতিথি ছিলেন। প্রধান অতিথির বক্তব্যে অর্থমন্ত্রী আবাসন মানুষের মৌলিক অধিকার এবং এ অধিকার অর্জনে রিহ্যাব ভূমিকা রাখছে বলে মন্তব্য করেন। এ সময় আরও বক্তব্য দেন রিহ্যাব সভাপতি আলমগীর শামসুল আলামীন ও জ্যেষ্ঠ সহসভাপতি নুরুন্নবী চৌধুরী।
বিআইসিসি প্রাঙ্গণে ২৫ ডিসেম্বর পর্যন্ত পাঁচ দিনব্যাপী রিহ্যাব মেলা শুরু হয় গতকাল। এবারের মেলায় মোট ১৭৫টি স্টল রয়েছে। এর
মধ্যে নির্মাণসামগ্রী ও অর্থলগ্নিকারী প্রতিষ্ঠানের স্টল ৩০টি।
বিদ্যুৎ প্রতিমন্ত্রী বলেন, এত দিন যত্রতত্রভাবে গ্যাস ব্যবহার করা হয়েছে। অবস্থা খারাপ। এরই মধ্যে গ্যাসের চাপ কমে গেছে এবং আগামী সাত থেকে আট বছর পর মহামূল্যবান গ্যাস শেষ হয়ে যাবে। যে গ্যাস উৎপাদন করতে ৯ টাকা ৭০ পয়সা খরচ হয়, তা ২ টাকায় দেওয়া হয় বলে জানিয়ে নসরুল হামিদ গৃহস্থালি পর্যায়ে সিলিন্ডার গ্যাস ব্যবহারের তাগিদ দেন।
আবাসন ব্যবসায়ীদের উদ্দেশে নসরুল হামিদ বলেন, ‘একবারও কি ভেবেছেন আপনাদের কাছ থেকে সরকার কী পাচ্ছে? আর আপনারা কি সময়মতো ফ্ল্যাট হস্তান্তর করতে পারেন? যে চুক্তি থাকে, তা পালন করেন? একটা সংগঠন তখনই একটা প্রতিষ্ঠান হয়ে ওঠে, যখন তার সদস্যরা সংগঠনটাকে নিয়ে গর্ব করতে পারেন।’
রিহ্যাবের সভাপতি আলমগীর শামসুল আলামীন জমির নিবন্ধন মাশুল ১৪ শতাংশ থেকে কমানো এবং জ্যেষ্ঠ সহসভাপতি নুরুন্নবী চৌধুরী আবাসন খাতের জন্য পাঁচ হাজার কোটি টাকার পুনঃ অর্থায়ন তহবিল গঠনের দাবি জানান।
জবাবে নসরুল হামিদ বলেন, ‘আজ হঠাৎ শুনলাম পাঁচ হাজার কোটি টাকার তহবিলের কথা। কখনোবা বলছেন ১৫ হাজার কোটি টাকার তহবিল। রিহ্যাব সদস্যদের কণ্ঠস্বর একই থাকা উচিত। দাবি জানিয়ে আবার হারিয়ে গেলেও চলবে না। তবে আগামী বাজেটে নিবন্ধন মাশুল কমানোর বিষয়টি গুরুত্বের সঙ্গে দেখা হবে।’
সরকারি কর্মচারীদের জন্য সরকার অ্যাপার্টমেন্ট তৈরির সিদ্ধান্ত নিয়েছে, আবার রিহ্যাব প্রায়ই বলে থাকে যে প্রচুর ফ্ল্যাট অবিক্রীত রয়ে গেছে—এ কথা উল্লেখ করে আবাসন ব্যবসায়ীদের উদ্দেশে বিদ্যুৎ প্রতিমন্ত্রী বলেন, ‘রিহ্যাব কেন সরকারকে প্রস্তাব দেয় না যে দুই হাজার অ্যাপার্টমেন্ট আছে, কিনে নেন।’
নসরুল হামিদ বলেন, ‘আবাসন ব্যবসা করতে হবে সুনাম অর্জন করে। এক লাখ টাকা পরিশোধিত মূলধন নিয়ে ৬০ কোটি টাকার ব্যবসা করতে চাইলে একে আবাসন ব্যবসা বলা যাবে না।’
প্রধান অতিথির বক্তব্যে অর্থমন্ত্রী বলেন, ‘রাষ্ট্রেরই দায়িত্ব নাগরিকদের আবাসনের ব্যবস্থা করে দেওয়া। সর্বজনীন পেনশন নিয়ে অর্থ মন্ত্রণালয়ে আলোচনা করার সময় আমার কাছে মনে হয় আবাসনের বিষয়টিও জরুরি।’
রিহ্যাবের দাবি বিষয়ে কোনো কথা বলেননি অর্থমন্ত্রী। তিনি শুধু বলেন, ‘জমির মালিক, আবাসন ব্যবসায়ী ও অর্থায়নকারীদের নিয়ে একটি ত্রিপক্ষীয় বৈঠক হওয়া দরকার। বৈঠকটি অতি সত্বর হবে।’
উদ্বোধনী অনুষ্ঠানের শুরুতেই বন্যায় দুর্গত ৬৫ জন গৃহহীনের হাতে ঘরের চাবি হস্তান্তর করেন অর্থমন্ত্রী ও বিদ্যুৎ প্রতিমন্ত্রী। রিহ্যাব তাঁদের জন্য একটি করে ঘর তৈরি করেছে।
অনুষ্ঠানে জানানো হয়, মেলা চলবে প্রতিদিন সকাল ১০টা থেকে রাত ৯টা পর্যন্ত। প্রবেশমূল্য ৫০ ও ১০০ টাকা। এর মধ্যে ৫০ টাকার টিকিটে একবার এবং ১০০ টাকার টিকিটে পাঁচবার মেলায় যাওয়া যাবে। টিকিটের ওপর প্রতিদিন রাত নয়টায় হবে র্যাফল ড্র। প্রথম পুরস্কার ৩২ ইঞ্চি এলইডি টিভি, দ্বিতীয় পুরস্কার ডিপ ফ্রিজ, তৃতীয় পুরস্কার মোবাইল ফোন, চতুর্থ পুরস্কার ট্যাব এবং পঞ্চম পুরস্কার ওভেন।