আবাসন খাতে ভ্যাট প্রত্যাহারের দাবি রিহ্যাবের

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
২০১৭-১৮ অর্থবছরের প্রস্তাবিত বাজেট নিয়ে রিহ্যাবের সংবাদ সম্মেলন । ছবি: হাসান রাজা
২০১৭-১৮ অর্থবছরের প্রস্তাবিত বাজেট নিয়ে রিহ্যাবের সংবাদ সম্মেলন । ছবি: হাসান রাজা

দেশের উন্নয়ন ও মানুষের মৌলিক চাহিদা পূরণের স্বার্থে আবাসন খাতে নতুন ভ্যাট আইন প্রয়োগ না করার দাবি জানিয়েছে আবাসন ব্যবসায়ীদের সংগঠন রিয়েল এস্টেট অ্যান্ড হাউজিং অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (রিহ্যাব)।

২০১৭-১৮ অর্থবছরের প্রস্তাবিত বাজেট নিয়ে আজ শনিবার আয়োজিত সংবাদ সম্মেলনে এই দাবি জানান রিহ্যাব নেতারা। রাজধানীর সোনারগাঁও হোটেলে অনুষ্ঠিত এই সংবাদ সম্মেলনে রিহ্যাবের সভাপতি আলমগীর শামসুল আলামিন ও জ্যেষ্ঠ সহসভাপতি নুরুন্নবী চৌধুরী উপস্থিত ছিলেন।

শামসুল আলামিন বলেন, অর্থমন্ত্রী এবার যে বাজেট উপস্থাপন করেছেন, তাতে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হবে নির্মাণ ও আবাসন খাত। ফ্ল্যাট কেনাবেচায় ১৫ শতাংশ ভ্যাট আরোপ হলে আবাসন খাতে নেতিবাচক প্রভাব পড়বে। বর্তমানে ফ্ল্যাট কেনাবেচায় দেড় থেকে সাড়ে ৪ শতাংশ ভ্যাট দিতে হয়। তিনি আরও বলেন, এখন ৫০ লাখ টাকার একটি ফ্ল্যাটে ৭৫ হাজার টাকা ভ্যাট দিতে হয়। নতুন আইন বাস্তবায়ন হলে সেটি সাড়ে সাত লাখে গিয়ে দাঁড়াবে।

প্রস্তাবিত বাজেটে রডের ওপর ১৫ শতাংশ ভ্যাট আরোপ করা হয়েছে। এ ছাড়া সিমেন্টের কাঁচামাল আমদানির ওপর নিয়ন্ত্রণমূলক শুল্ক আরোপ করা হয়েছে। বালুর ওপরেও ১৫ শতাংশ ভ্যাট আরোপ করা হয়েছে। এসব তথ্য উল্লেখ করে নুরুন্নবী চৌধুরী বলেন, রড, সিমেন্ট, ইট, পাথর ও বালুর দাম বাড়লে আবাসন খাত ভয়াবহ অবস্থায় পড়বে। এতে ক্ষতির মুখে পড়বে খাতটির সঙ্গে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে যুক্ত প্রায় দুই কোটি মানুষ।