আবাসন খাতে স্বতন্ত্র মিউচুয়াল ফান্ডের প্রস্তাব

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দেশের আবাসন খাতে অর্থায়নের জন্য রিয়েল এস্টেট ইনভেস্টমেন্ট ট্রাস্ট (আরইআইটি) নামে নতুন একটি তহবিল গঠনে আগ্রহ প্রকাশ করেছে সম্পদ ব্যবস্থাপক বা অ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানিগুলো।সম্প্রতি পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (এসইসি) কাছে এ-সংক্রান্ত একটি সুপারিশও জমা দেওয়া হয়েছে। তাতে বলা হয়েছে, আবাসন খাতের জন্য আরইআইটি নামে বিশেষ তহবিলটি পরিচালিত হবে মিউচুয়াল ফান্ডের মতোই। এই তহবিলের পুরো অর্থই আবাসন খাতে বিনিয়োগ করা হবে।এ ছাড়া মিউচুয়াল ফান্ডের মালিকানা-সংক্রান্ত ট্রাস্ট ডিডের নিবন্ধন মাশুল বা রেজিস্ট্রেশন ফি কমানোরও দাবি করেছেন সম্পদ ব্যবস্থাপক কোম্পানির প্রধান নির্বাহীরা। ঈদের বন্ধের আগে সম্পদ ব্যবস্থাপক কোম্পানিগুলোর প্রধান নির্বাহীদের সঙ্গে এসইসির একটি বৈঠক অনুষ্ঠিত হয়। তাতে মিউচুয়াল ফান্ড খাতের বিদ্যমান বিভিন্ন সমস্যা চিহ্নিত করে সেগুলোর সমাধানে এসইসির হস্তক্ষেপ কামনা করেন সম্পদ ব্যবস্থাপকেরা। তাঁরা এ খাতের উন্নয়নে ১১টি সুপারিশ তুলে ধরেন। আবাসন খাতের জন্য আলাদা মিউচুয়াল ফান্ডের প্রস্তাব বিষয়ে জানতে চাইলে সম্পদ ব্যবস্থাপক প্রতিষ্ঠান অ্যালায়েন্স ক্যাপিটাল অ্যাসেট ম্যানেজমেন্টের চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক ওয়ালিউল মারুফ মতিন প্রথম আলোকে বলেন, ‘সিঙ্গাপুরসহ বিশ্বের অনেক দেশে এ ধরনের ফান্ড রয়েছে। আমাদের দেশেও সেই ধরনের ফান্ড গঠন করা হলে তা থেকে আবাসন খাতের বিভিন্ন প্রকল্পে অর্থায়ন করা যাবে। নির্ধারিত সুদের বিপরীতে বা মালিকানার ভিত্তিতে এই বিনিয়োগ করা যেতে পারে। সিঙ্গাপুরে অনেক বড় বড় ভবন বা মার্কেট রয়েছে যেগুলোর মালিকানায় রয়েছে আবাসন খাতের জন্য গঠিত মিউচুয়াল ফান্ড।’মারুফ মতিন বলেন, ‘বাংলাদেশের বাস্তবতায় আবাসন খাতের জন্য আলাদা ফান্ড গঠন করা হলে সেটির সর্বনিম্ন আকার হতে হবে পাঁচ হাজার কোটি টাকা। তাহলেই তা লাভজনকভাবে পরিচালিত করা যাবে। এ ধরনের ফান্ডের অনুমোদন দিয়ে তাতে কিছু সরকারি নীতি-সহায়তা দেওয়া হলে অর্থনীতির মূল স্রোতের বাইরে থাকা অনেক অর্থ এ ধরনের ফান্ডে বিনিয়োগ হবে।’ নিবন্ধন মাশুল: চলতি ২০১২-১৩ অর্থবছর থেকে মিউচুয়াল ফান্ডগুলোর নিবন্ধন মাশুল বাড়ানো হয়েছে। আগে একটি ট্রাস্ট দলিল বা ডিডের নিবন্ধন মাশুল ছিল মাত্র ৩৩ টাকা ৭৫ পয়সা। কিন্তু চলতি অর্থবছর থেকে তা বাড়িয়ে দুই শতাংশ করা হয়েছে। অর্থাৎ কোনো তহবিলের আকার যদি হয় ১০০ কোটি টাকা তাহলে ওই তহবিলের ট্রাস্ট ডিড নিবন্ধনে মাশুল দিতে হবে দুই কোটি টাকা।তবে এক ধাপে নিবন্ধন মাশুল ফি বহু গুণ বেড়ে যাওয়ায় বিপাকে পড়েছে অনেক সম্পদ ব্যবস্থাপক কোম্পানি। এ জন্য বেশ কয়েকটি ফান্ডের নিবন্ধন প্রক্রিয়ায় দীর্ঘসূত্রতা দেখা দিয়েছে। কেননা, মিউচুয়াল ফান্ডের ট্রাস্ট চুক্তির নিবন্ধন আইন অনুযায়ী বাধ্যতামূলক। যোগাযোগ করা হলে ঢাকা জেলা সাব রেজিস্ট্রি অফিসের সাব রেজিস্ট্রার আবদুস সালাম প্রামাণিকও ফি বাড়ানোর বিষয়টি স্বীকার করেন। তিনি বলেন, ‘নতুন বাজেট ঘোষণার পর সরকারি সিদ্ধান্তে এই ফি বাড়ানো হয়েছে।’তবে বিষয়টি নিয়ে কিছুটা আইনি অস্পষ্টতা রয়েছে বলে জানান অ্যাসেট অ্যান্ড ইনভেস্টমেন্ট ম্যানেজমেন্টের (এইমস) ব্যবস্থাপনা পরিচালক ইয়াওয়ার সায়ীদ। তিনি প্রথম আলোকে বলেন, ‘আমরা যখন প্রথম মিউচুয়াল ফান্ড চালু করি তখন ট্রাস্ট ডিড নিবন্ধন করতে গিয়ে দেখি ট্রাস্ট অ্যাক্টে মিউচুয়াল ফান্ডের কোনো বিষয় উল্লেখ নেই। পরে ডিবেঞ্চার বিবেচনায় মিউচুয়াল ফান্ডের ট্রাস্ট ডিড নিবন্ধনের জন্য আড়াই শতাংশ হারে মাশুল দাবি করা হয়। তখন আমরা সরকারের সঙ্গে দেনদরবার করে সেটি নামমাত্র মাশুলে নামিয়ে আনি। এত দিন সেভাবেই চলছিল। এখন যদি তা বহু গুণ বাড়ানো হয় তাহলে তা মিউচুয়াল ফান্ড খাতে বড় ধরনের নেতিবাচক প্রভাব ফেলবে।’অন্যান্য: এদিকে সম্প্রতি সম্পদ ব্যবস্থাপক প্রতিষ্ঠানগুলো এসইসির সঙ্গে বৈঠকে মিউচুয়াল ফান্ড খাতের উন্নয়নে যেসব সুপারিশ করেছে তাতে তালিকাভুক্ত নয় এমন বেমেয়াদি সব ধরনের ফান্ডের ক্ষেত্রে কর অব্যাহতির চাওয়া হয়েছে। আয়কর অধ্যাদেশ অনুযায়ী, বর্তমানে শুধু রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠান ইনভেস্টমেন্ট করপোরেশন অব বাংলাদেশ পরিচালিত বেমেয়াদি ফান্ডে এই কর অব্যাহতি সুবিধা রয়েছে। এ ছাড়া মিউচুয়াল ফান্ডের ৭৫ শতাংশ পুঁজিবাজারে তালিকাভুক্ত সিকিউরিটিজে বিনিয়োগের যে আইনি বাধ্যবাধকতা রয়েছে সেটিরও কিছুটা শিথিলতার আবেদন জানানো হয়েছে। সম্পদ ব্যবস্থাপকেরা সুপারিশ করেছেন, এই সীমা ৭৫ শতাংশের পরিবর্তে ৫০ শতাংশে নামিয়ে আনার।সেই সঙ্গে ব্যাংক, বিমা ও ব্যাংক-বহির্ভূত আর্থিক প্রতিষ্ঠানের বাইরে সব ধরনের প্রতিষ্ঠান যাতে মিউচুয়াল ফান্ডের উদ্যোক্তা হওয়ার সুযোগ পায় সে জন্য আইনি শিথিলতার প্রস্তাব করা হয়েছে। এর আগে এসইসি ব্যাংক, বিমা ও আর্থিক প্রতিষ্ঠানের বাইরে একটি শিল্প গ্রুপকে মিউচুয়াল ফান্ডের উদ্যোক্তা হওয়ার সুযোগ দিলেও পরবর্তী সময়ে তা আবার বন্ধ করে দিয়েছে। এ ছাড়া তালিকাভুক্ত বিভিন্ন কোম্পানি সম্পর্কে যথাযথ ধারণা পেতে সরেজমিনে পরিদর্শনেরও আইনি ভিত্তি চেয়েছে সম্পদ ব্যবস্থাপকেরা।এসইসি সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, মিউচুয়াল ফান্ড খাতের উন্নয়নে বিদ্যমান বিভিন্ন সমস্যা সমাধানে প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণের বিষয়ে সংস্থাটির পক্ষ থেকে আশ্বাস দেওয়া হয়েছে।