আবাসন খাতের উৎসে করহার পুনর্বিবেচনার দাবি করেছে রিহ্যাব
২০১১-১২ অর্থবছরের বাজেটে আবাসন খাতের জন্য প্রস্তাবিত উৎসে আয়কর-হার পুনর্বিবেচনার দাবি জানিয়েছে এ খাতের ব্যবসায়ীদের সংগঠন রিয়েল এস্টেট অ্যান্ড হাউজিং অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (রিহ্যাব)। সংস্থাটির সভাপতি ও সাংসদ নসরুল হামিদ এবং সাধারণ সম্পাদক মুরাদ ইকবাল চৌধুরী স্বাক্ষরিত এক লিখিত বাজেট প্রতিক্রিয়ায় এই দাবি জানানো হয়। রিহ্যাব নেতারা বলছেন, প্রস্তাবিত উৎসে আয়করের হার পুনর্বিবেচনা করা না হলে আবাসন খাতে স্থবিরতা নেমে আসবে। পাশাপাশি নিবন্ধনপ্রক্রিয়া বাধাগ্রস্ত হবে। রিহ্যাবের মতে, করের এই বোঝা শেষ পর্যন্ত ক্রেতাদের ওপর চাপবে। তাতে নিবন্ধন খরচ অনেক বেড়ে যাবে। ঘোষিত বাজেটে এলাকাভেদে বাণিজ্যিক ভবনের জন্য প্রতি বর্গমিটারে দুই হাজার থেকে ২০ হাজার টাকা পর্যন্ত উৎসে আয়করের প্রস্তাব করা হয়েছে। রিহ্যাব নেতারা এই হার কমিয়ে বাণিজ্যিক ভবনের ক্ষেত্রে এলাকাভেদে প্রতি বর্গমিটারে সর্বনিম্ন এক হাজার থেকে সর্বোচ্চ তিন হাজার টাকা নির্ধারণের দাবি জানান।রিহ্যাব বলছে, এমনিতেই নির্মাণসামগ্রীর উচ্চমূল্য, বিদ্যুৎ ও গ্যাসসংযোগে অচলাবস্থা, শেয়ার বাজারের ধস, ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের তারল্য সংকটের কারণে আবাসন খাত মন্দাবস্থায় রয়েছে। এ অবস্থায় বাজেটে সুরক্ষা বা সহায়তামূলক ব্যবস্থার পরিবর্তে করহার বাড়ানো হয়েছে। আবাসিক ভবনের ক্ষেত্রেও বিদ্যমান দুই হাজার টাকার করহার কমিয়ে এলাকাভেদে ৬০০ টাকা থেকে এক হাজার টাকা করারও দাবি জানিয়েছে রিহ্যাব।