আবাসন খাতের ক্ষতি ৭৯২ কোটি টাকা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সংবাদ সম্মেলনে রিহ্যাবের নেতারা l প্রথম আলো
সংবাদ সম্মেলনে রিহ্যাবের নেতারা l প্রথম আলো

সাম্প্রতিক রাজনৈতিক সহিংসতা ও হরতাল-অবরোধ কর্মসূচির কারণে আবাসন খাতে ৭৯২ কোটি টাকার ক্ষতি হয়েছে। আরও ভেঙে বললে ৫ থেকে ২৭ জানুয়ারি পর্যন্ত এ খাতের প্রতিদিনের ক্ষতি ২৬ কোটি টাকা।
জাতীয় প্রেসক্লাবে গতকাল বুধবার আয়োজিত সংবাদ সম্মেলনে এ তথ্য জানায় আবাসন খাতের ব্যবসায়ীদের সংগঠন রিহ্যাব। ‘জীবন ও অর্থনীতির জন্য ক্ষতিকারক সহিংস রাজনৈতিক কর্মসূচি পরিহারের দাবি’ শীর্ষক সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য উপস্থাপন করেন রিহ্যাবের সাধারণ সম্পাদক মো. ওয়াহিদুজ্জামান।
এতে বলা হয়, দীর্ঘ মন্দার পর কিছুটা সুবাতাস লাগার প্রত্যাশায় ছিল আবাসন খাত। কিন্তু জানুয়ারি থেকেই শুরু হয় রাজনৈতিক অস্থিরতা। আবাসন ও আবাসন খাতের সহযোগী ২০০টি শিল্প আজ বিপর্যয়ের মুখে। প্রকল্প এলাকায় যেতে পারছে না নির্মাণসামগ্রী। নির্মাণকাজ বিলম্বিত হচ্ছে বলে সময়মতো ফ্ল্যাট হস্তান্তরের শঙ্কা দেখা দিয়েছে। যে কারণে গ্রাহকদের সঙ্গে চুক্তির শর্ত পালন না হওয়ায় ঝামেলা হতে পারে। তাতে তৈরি হতে পারে আইনি সংকটও।
যেকোনো সময়ের তুলনায় আবাসন খাতের লেনদেন এখন সর্বনিম্ন পর্যায়ে বলে সংবাদ সম্মেলনে জানানো হয়। বলা হয়, বিপর্যয়ের পাশাপাশি নতুন করে যুক্ত হয়েছে ব্যাংকঋণের কিস্তি পরিশোধের চাপ। এতে আবাসন ব্যবসায়ীদের ঋণখেলাপি হিসেবে পরিচিতি পাওয়ার দশা তৈরি হয়েছে। অন্যদিকে, উচ্চ সুদে ঋণ নিয়ে অনিশ্চয়তায় দিন পার করছেন ক্রেতারাও।
লিখিত বক্তব্যে জানানো হয়, গত ডিসেম্বরে অনুষ্ঠিত রিহ্যাবের শীতকালীন মেলায় বিপুলসংখ্যক ক্রেতা আগ্রহ দেখালেও এখন আর কেউ এ খাতে বিনিয়োগ করছেন না। এ পর্যন্ত যে ৭৯২ কোটি টাকার ক্ষতি হয়েছে, রাজনৈতিক সহিংসতা বিদ্যমান থাকলে তা আরও বাড়বে এবং ধীরে ধীরে নিঃস্ব হয়ে পড়বে আবাসন খাত।
সরকারের আশু পৃষ্ঠপোষকতা ছাড়া এই সংকটের উত্তরণ সম্ভব নয় বলে মনে করে রিহ্যাব। জীবন ও অর্থনীতির জন্য ক্ষতিকারক রাজনৈতিক কর্মসূচি পরিহার করে শান্তি প্রতিষ্ঠার জন্য তাই দেশের সব রাজনৈতিক দলের প্রতি আহ্বান জানায় সংগঠনটি।
রিহ্যাব দাবি করেছে, ঋণ গ্রহণকারী ডেভেলপার প্রতিষ্ঠানগুলোর জন্য সুদ মওকুফ করা এবং দুই বছরের জন্য ঋণ পুনঃ তফসিলি করা এখন অপরিহার্য হয়ে পড়েছে। স্বল্প আয়ের ও মধ্যবিত্ত শ্রেণির মানুষের জন্য এক অঙ্কের সুদে পুনঃ অর্থায়নব্যবস্থা আবার চালু করার দাবিও রিহ্যাবের।
রিহ্যাব জানায়, স্বল্প ও মধ্যবিত্ত শ্রেণির মানুষের জন্য এর আগে ৯ শতাংশ সুদে প্রথমে ৪৫০ কোটি ও পরে ৩০০ কোটি টাকা বিভিন্ন ব্যাংকের মাধ্যমে ঋণ দেওয়া হয়েছিল। কিন্তু বাংলাদেশ ব্যাংক পরে এটি বন্ধ করে দেয়।
ওয়াহিদুজ্জামান বলেন, প্রধানমন্ত্রীর ঘোষণা রয়েছে স্বল্প আয় ও মধ্যবিত্ত শ্রেণির মানুষের আবাসনব্যবস্থা নিশ্চিত করা। তা করতে গেলে ওই পুনঃ অর্থায়নব্যবস্থাটা চালু করা জরুরি। এ বিষয়ে গৃহায়ণ ও গণপূর্তমন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন নীতিগতভাবে সম্মতি দিয়েছেন উল্লেখ করে তিনি বলেন, বাস্তবে এর কোনো অগ্রগতি নেই।
রিহ্যাবের সহসভাপতি লিয়াকত আলী ভুঁইয়া জানান, ১ হাজার ২০০ সদস্যের সংগঠন রিহ্যাব। মোট দেশজ উৎপাদনে (জিডিপি) এর উল্লেখযোগ্য অবদান রয়েছে। অথচ রাজনৈতিক সহিংতায় রিহ্যাবের প্রত্যেক সদস্য প্রতিদিন তিন লাখ টাকা ক্ষতি গুনছেন।
সংবাদ সম্মেলনে রিহ্যাবের জ্যেষ্ঠ সহসভাপতি রবিউল হক, সাংগঠনিক সম্পাদক নজরুল ইসলাম, যুগ্ম সম্পাদক শাকিল কামাল চৌধুরী, কোষাধ্যক্ষ সরদার মো. আমিন প্রমুখ উপস্থিত ছিলেন।