আবাসন খাতের জন্য বিশেষ তহবিল চান বাণিজ্যমন্ত্রীও
দেশের আবাসন খাতের উন্নয়নের জন্য বিশেষ তহবিল করার পক্ষে বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ। তিনি বলেন, আবাসন খাতের জন্য বড় আকারের তহবিল দরকার। সরকারের কাছে তহবিলের প্রস্তাব দেওয়া হচ্ছে। এটি হয়ে গেলে অবকাঠামো উন্নয়ন আরও গতিশীল হবে।
রাজধানীর সিরডাপ মিলনায়তনে গতকাল বুধবার আবাসন প্রতিষ্ঠানগুলোর মালিকদের সংগঠন রিহ্যাব আয়োজিত ‘বর্ষসেরা সাংবাদিক পুরস্কার ২০১৫’ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে বাণিজ্যমন্ত্রী এসব কথা বলেন। রিহ্যাবের সভাপতি আলমগীর শামসুল আলামিন অনুষ্ঠানে সভাপতিত্ব করেন।
আবাসন খাতের ব্যবসায়ীদের জন্য সহজ শর্তে ব্যাংকঋণ এবং জমি নিবন্ধনের উচ্চ খরচ কমানো দরকার বলেও জানান বাণিজ্যমন্ত্রী।
তোফায়েল আহমেদ বলেন, পদ্মা সেতু প্রকল্পে অর্থায়ন না করতে ড. মুহাম্মদ ইউনূস বিশ্বব্যাংককে প্রভাবিত করেছিলেন হিলারি ক্লিনটনের (যুক্তরাষ্ট্রের তৎকালীন পররাষ্ট্রমন্ত্রী) মাধ্যমে। ইউনূস সেন্টার থেকে যতই বিবৃতি দেওয়া হোক না কেন, তিনি যে হিলারির মাধ্যমে প্রভাব বিস্তারের চেষ্টা করেছেন, এতে কোনো সন্দেহ নেই।
এর আগে আবাসন খাতে সাংবাদিকতায় বিশেষ অবদানের জন্য ‘রিহ্যাব বর্ষসেরা সাংবাদিক ২০১৫’ পুরস্কার দেওয়া হয় ২২ সংবাদকর্মীকে। প্রথম পুরস্কারের মূল্যমান ২ লাখ টাকা। এ ছাড়া দ্বিতীয় পুরস্কার ১ লাখ, তৃতীয় পুরস্কার ৭৫ হাজার, চতুর্থ পুরস্কার ৫০ হাজার ও পঞ্চম পুরস্কার হিসেবে ৩০ হাজার টাকার চেক দেওয়া হয়।