ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন রিয়েল এস্টেট অ্যান্ড হাউজিং অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (রিহ্যাব) দীর্ঘদিনের দাবি পূরণ হলো। সব আবাসন বা ডেভেলপার প্রতিষ্ঠানকে বাধ্যতামূলকভাবে রিহ্যাবের সদস্যপদ নিতে হবে। বাণিজ্য মন্ত্রণালয় গত রোববার এ বিষয়ে একটি পরিপত্র জারি করেছে।
পরিপত্রে বলা হয়েছে, বাণিজ্য মন্ত্রণালয়ে গত ২ আগস্ট আবাসন খাতে শৃঙ্খলা ফিরিয়ে আনতে সব প্রতিষ্ঠানের বেলায় রিহ্যাবের সদস্যপত্র বাধ্যতামূলক করতে চিঠি দেয় সংগঠনটি। এর পরিপ্রেক্ষিতে বাণিজ্য সংগঠন অধ্যাদেশ অনুযায়ী ব্যবস্থা নিয়েছে সরকার।
রিহ্যাবের সহসভাপতি লিয়াকত আলী ভূঁইয়া গত রাতে প্রথম আলোকে বলেন, রিহ্যাবের সদস্য নয়—এমন অনেক আবাসন প্রতিষ্ঠান ক্রেতাদের সঙ্গে অনিয়ম–দুর্নীতি করে। অনেক ক্ষেত্রেই তারা ধরাছোঁয়ার বাইরে থেকে যায়। সে জন্য পুরো আবাসন খাতের বদনাম হয়। তবে রিহ্যাব সদস্যদের বিরুদ্ধে কারও কোনো অভিযোগ থাকলে সেটি সংগঠনের মেডিয়েশন সেলে মীমাংসা করার সুযোগ থাকে। তাই আবাসন খাতে স্বচ্ছতা ও শৃঙ্খলা ফিরিয়ে আনতে সব আবাসন প্রতিষ্ঠানের জন্য রিহ্যাবের সদস্যপদ বাধ্যতামূলক করার সুপারিশ করা হয়েছিল।