বেসরকারি খাতের আবাসন প্রকল্পের বেশির ভাগই এখনো রাজধানী ঢাকাকেন্দ্রিক। মৌলিক অধিকার হিসেবে সব শ্রেণির মানুষের আবাসনের চাহিদা পূরণ করতে হলে বেসরকারি খাতের আবাসন ব্যবসাকে ঢাকার বাইরে ছড়িয়ে দেওয়ার বিকল্প নেই। বিশ্ব বসতি দিবস উপলক্ষে আবাসন ব্যবসায়ীদের সংগঠন রিয়েল এস্টেট অ্যান্ড হাউজিং অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (রিহ্যাব) উদ্যোগে এক আলোচনা সভায় এমন মতামত উঠে এসেছে।
রাজধানীর একটি হোটেলে গতকাল মঙ্গলবার এ আলোচনা সভার আয়োজন করা হয়। রিহ্যাবের জ্যেষ্ঠ সহসভাপতি ও সাংসদ নূরুন্নবী চৌধুরীর সভাপতিত্বে আলোচনা সভায় মূল প্রবন্ধ উপস্থাপন করেন নাগরিক সংহতির সাধারণ সম্পাদক শরিফুজ্জামান শরিফ। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন রিহ্যাবের সহসভাপতি (ফিন্যান্স) মোহাম্মদ সোহেল রানা।
প্রবন্ধ উপস্থাপনায় বলা হয়, জলবায়ু পরিবর্তনের কারণে দেশের বিভিন্ন জায়গায় নদীভাঙন তীব্র হচ্ছে। এতে মানুষ বাস্তুচ্যুত হচ্ছে, সংকুচিত হচ্ছে তাদের আবাসন সুযোগ। ঢাকায় এখনো ৫০ লাখের বেশি মানুষের আবাসনের ব্যবস্থা নেই। বাস্তুচ্যুত মানুষের রাজধানীমুখী জনস্রোত ঠেকাতে বিভাগ, জেলা ও উপজেলা পর্যায়ে আবাসনের উদ্যোগ নিতে হবে। খাসজমি চিহ্নিত করে তা ভূমিহীন মানুষের মধ্যে বিতরণের ব্যবস্থাও করতে হবে।
নুরুন্নবী চৌধুরী বলেন, রিহ্যাব সদস্যদের রাজধানীর গণ্ডি পেরিয়ে বিভাগ, জেলা ও উপজেলা শহরে মানুষের আর্থিক সামর্থ্য বিবেচনা করে আবাসনের উদ্যোগ নিতে হবে। বিভিন্ন জেলায় চরের মধ্যে বসবাস করা সব হারানো লোকজনের আবাসনের কথাও চিন্তা করতে হবে। আবাসন খাতের উন্নয়নে সরকারের মনোযোগের অভাব রয়েছে। এ খাতের বর্তমান সংকট দূর করতে আবাসন ঋণের সুদের হারে এক অঙ্কে নামিয়ে আনার দাবি জানান তিনি।
রিহ্যাবের প্রথম সহসভাপতি লিয়াকত আলী ভূঁইয়া বলেন, আবাসন খাতে দেশে দুই কোটির বেশি শ্রমিক কর্মরত আছে। ঢাকার বাইরে কক্সবাজারে হোটেল-মোটেল তৈরিতে রিহ্যাব সদস্যদের অবদান আছে, যা এ দেশের পর্যটনশিল্পের প্রসারে ভূমিকা রাখছে।
অনুষ্ঠানে আরও বক্তব্য দেন সাবেক গৃহায়ণ ও গণপূর্তমন্ত্রী শেখ শহিদুল ইসলাম, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভূগোল ও পরিবেশ বিভাগের অধ্যাপক মাকসুদুর রহমান, জাতীয় প্রেসক্লাবের সাধারণ সম্পাদক কামরুল ইসলাম চৌধুরী, রিহ্যাবের সাবেক কোষাধ্যক্ষ আখিল আক্তার চৌধুরী, জ্যেষ্ঠ সাংবাদিক আবু সাঈদ খান, ভাস্কর্যশিল্পী ভাস্কর রাশা প্রমুখ।