আবাসন ব্যবসায় বড় ধস

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রাজনৈতিক অস্থিরতায় গত ৬ মাসের চিত্র
রাজনৈতিক অস্থিরতায় গত ৬ মাসের চিত্র

ঢাকার মিরপুর, রামপুরা ও মোহাম্মদপুর এলাকায় আটটি প্রকল্পে প্রায় ৬০ কোটি টাকা ব্যয়ে ৮৫টি ফ্ল্যাট নির্মাণ করছে লুমিনাস বিল্ডার্স নামের আবাসন প্রতিষ্ঠান। মধ্যবিত্তদের জন্য তৈরি করা এসব ফ্ল্যাটের কাজ আগামী এক থেকে দুই বছরের মধ্যে শেষ হওয়ার কথা। তবে গত এক বছর চেষ্টা করে এখন পর্যন্ত একটি ফ্ল্যাটও বিক্রি করতে পারেনি প্রতিষ্ঠানটি।
আবাসন খাতের আরেক প্রতিষ্ঠান দি বেঙ্গল ওয়ান ক্রিয়েশন লিমিটেড বা বিওসিএল। ঢাকার ভেতরে বর্তমানে প্রতিষ্ঠানটির ২৪টি প্রকল্পের ১০০-এর মধ্যে ৬৫টি ফ্ল্যাট অবিক্রীত পড়ে আছে। এর মধ্যে আট-নয়টি ফ্ল্যাট পুরোপুরি তৈরি। পত্রিকায় বিজ্ঞাপনের মাধ্যমে ২৫ শতাংশ মূল্যছাড় দেওয়ার ঘোষণা দিয়েও গত ছয় মাসে কোনো ক্রেতা পাচ্ছে না এই প্রতিষ্ঠানটি।
অন্যদিকে এ খাতের বড় প্রতিষ্ঠান শেলেটকের গত ছয় মাসে বেশ কিছু ফ্ল্যাটের ক্রয়াদেশ বাতিল হয়েছে। এ কারণে প্রচুর টাকা গ্রাহকদের ফেরত দিতে হচ্ছে। আর একই সময়ে গত তিন বছরের তুলনায় প্রতিষ্ঠানটির বিক্রি কমেছে প্রায় ৩০ শতাংশ। শেলেটকের ব্যবস্থাপনা পরিচালক তৌফিক এম সেরাজের ভাষায় বর্তমানে ‘নেগেটিভ সেল’ হচ্ছে।
লুমিনাস, বিওসিএল ও শেলেটকের মতো হাজার দুয়েক আবাসন প্রতিষ্ঠানের প্রায় একই অবস্থা চলছে। গত ছয় মাসে বিক্রি কমে প্রায় শূন্যের কোঠায় ঠেকেছে। প্রতিষ্ঠানভেদে ১০ থেকে ৩০ শতাংশ মূল্যছাড় দিয়েও ক্রেতাদের আকৃষ্ট করা যাচ্ছে না।
অন্যদিকে বুকিং দেওয়া অনেক ফ্ল্যাটের ক্রেতাই কিস্তি পরিশোধ করতে পারছেন না। অনেকে ক্রয়াদেশ বাতিল করছেন। ফলে ফ্ল্যাট বিক্রি নয়, উল্টো ক্রেতাদের কোটি কোটি টাকা ফেরত দেওয়ার মতো জটিল পরিস্থিতির মধ্যে পড়তে হচ্ছে অনেক প্রতিষ্ঠানকে।
আবাসন প্রতিষ্ঠান বিল্ডার্সের পরিচালক (বিপণন) মো. জাকির হোসেন প্রথম আলোকে বলেন, ‘ফ্ল্যাটের কিস্তি দিয়েই কোনোরকমে চালিয়ে আসছিলাম। তবে কয়েক মাস ধরে সেটিও প্রায় ৯০ শতাংশ কমে গেছে।’ তিনি আরও বলেন, ‘১৫ বছর ধরে ব্যবসা করছি। এ ধরনের ভয়াবহ ধস আগে দেখিনি।’
রাজনৈতিক অস্থিরতাকেই আবাসন খাতের এই ধসের মূল কারণ হিসেবে বলছেন ব্যবসায়ীরা। পাশাপাশি ক্রেতা পর্যায়ে ব্যাংকঋণের উচ্চ সুদহারকে অনেকাংশে দায়ী করে তাঁরা বলেন, এক বছর ধরেই ব্যবসা খুব একটা হচ্ছে না। তবে ছয় মাস ধরে সমস্যাটা প্রকট আকার নিয়েছে।
সংশ্লিষ্ট ব্যবসায়ীরা আরও বলছেন, টানা হরতাল-অবরোধে আবাসন খাতের দুই ধরনের ক্ষতি হচ্ছে। প্রথমত, নির্মাণসংক্রান্ত ক্ষতি। দেশের বিভিন্ন স্থান থেকে নির্মাণসামগ্রী আনা যাচ্ছে না। অন্যদিকে এসব পণ্যের দামও বেড়ে গেছে। গত দুই সপ্তাহে রডের দাম প্রতি টনে ছয় হাজার টাকা বেড়েছে। ফলে পরবর্তী সময়ে ফ্ল্যাট হস্তান্তরে নানা সমস্যা তৈরি হবে। ব্যবসায়ীরা চুক্তির শর্ত পালনে ব্যর্থ হলে আইনি জটিলতায় পড়বেন। দ্বিতীয়ত, বিক্রয়জনিত ক্ষতি।
নির্মাণ বাধাগ্রস্ত হওয়ায় ৫০ শতাংশ ফ্ল্যাটই সময়মতো হস্তান্তর করতে পারবেন না বলে জানান ব্যবসায়ীরা। এ ছাড়া অনিশ্চয়তার কারণে এখন নতুন প্রকল্প নেওয়া একেবারেই বন্ধ রেখেছেন অধিকাংশ উদ্যোক্তা। বিক্রি কমে যাওয়া আবাসন প্রতিষ্ঠানগুলো খরচ কমানোর পথ বেছে নিয়েছে। কর্মকর্তা-কর্মচারী ছাঁটাই করছে কিংবা নিজেদের অন্য প্রতিষ্ঠানে বদলি করছে।
বিওসিএলের ব্যবস্থাপনা পরিচালক সোয়েল রানা বলেন, ‘আমার প্রতিষ্ঠানে ১ তারিখে বেতন হতো। গত এক বছর ধরে তা ১০ তারিখে দিয়ে আসছি। আর চলতি মাসে এখন পর্যন্ত অনেকের বেতনই দেওয়া হয়নি। খরচ কমাতে ৪০ জনকে ছাঁটাই করতে হয়েছে।’
বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে রিয়েল এস্টেট অ্যান্ড হাউজিং অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (রিহ্যাব) এবার শীতকালীন মেলা আয়োজন করছে না। গতবারের মেলায় মোট ৬২০ কোটি টাকার ফ্ল্যাট ও প্লট বিক্রি হয়।
এবার এই বিপুল পরিমাণ টাকা বিনিয়োগ হচ্ছে না বলে হতাশা প্রকাশ করেন সংগঠনের সহসভাপতি লিয়াকত আলী ভূঁইয়া। তিনি প্রথম আলোকে বলেন, ‘মেলাটি আস্থা অর্জনের জায়গা। সেটি না হওয়ায় ক্রেতা-বিক্রেতা উভয়েই ক্ষতিগ্রস্ত হবেন।’
আবাসন খাতের সঙ্গে রড, সিমেন্ট, কেব্ল ও ইলেকট্রিক ওয়্যার, পেইন্টস, টাইলস, স্যানিটারিসহ প্রায় ২০০টির মতো পশ্চাৎসংযোগ শিল্প জড়িত আছে। ফলে এই খাতের ক্ষত অন্যান্য খাতেও গিয়ে পড়বে। এ ছাড়া বর্তমানে বিভিন্ন ব্যাংকে আবাসন ব্যবসায়ীদের ১৮ হাজার কোটি টাকার ওপরে ঋণ রয়েছে। বেচা-বিক্রি কমে যাওয়ায় ব্যবসায়ীরা ঋণখেলাপি হয়ে যাওয়ার আশঙ্কায় আছেন।
রিহ্যাবের তথ্যানুযায়ী, ২০১০ সালের জুলাই থেকে প্রায় তিন বছর আবাসিক খাতে গ্যাস-সংযোগ বন্ধ, শর্তযুক্ত বিদ্যুতের ব্যবহার, শেয়ারবাজারে ধস, ক্রেতা পর্যায়ে ঋণের অভাবসহ নানা কারণে আবাসন খাতের বিক্রি প্রায় ৪০ শতাংশ কমে যায়। এ ছাড়া ব্যাংকগুলো আবাসন প্রকল্পে ঋণ দেওয়া একরকম বন্ধ রাখায় সমস্যায় পড়ছেন উদ্যোক্তারা।
২০০৭ সাল থেকে আবাসন খাতের জন্য পর পর তিন বছর (প্রথম দুই বার ৩০০ কোটি ও পরে ৫০০ কোটি টাকা) বিশেষ পুনঃ অর্থায়ন তহবিল দেয় সরকার। এই তহবিল থেকে ক্রেতারা এক হাজার ২০০ বর্গফুট পর্যন্ত ফ্ল্যাট ক্রয়ে ৯ শতাংশ সুদে ঋণ পেতেন। সম্প্রতি অর্থমন্ত্রী ও গভর্নরের সঙ্গে বৈঠক করে ‘হাউজিং লোন’ নামে দেড় হাজার কোটি টাকার তহবিল গঠনের দাবি জানিয়েছে রিহ্যাব।
এ বিষয়ে জানতে চাইলে রিহ্যাবের সাধারণ সম্পাদক মো. ওয়াহিদুজ্জামান বলেন, রাজনৈতিক অস্থিরতা শেষে আবাসন খাত আবার ঘুরে দাঁড়াবে, যদি ক্রেতাদের স্বল্পসুদে ঋণ দেওয়া যায়। সে জন্য অবশ্যই আগের মতো বিশেষ তহবিল দরকার।
বিষয়টি ব্যাখ্যা করে ওহিদুজ্জামান বলেন, ‘সহজ শর্তে বা স্বল্প সুদে ঋণ না পাওয়ায় নিম্ন ও মধ্যবিত্তরা বিনিয়োগ করতে পারছেন না। ব্যাংক এ ক্ষেত্রে এগিয়ে আসতে পারে। এ খাতে ঋণ দিলে ব্যাংকের ঝুঁকি একেবারেই থাকে না। কারণ, এ ক্ষেত্রে গ্রাহক ব্যর্থ হলে বন্ধক রাখা ফ্ল্যাট বা প্লট বিক্রি করে ঋণের টাকা আদায় করা সম্ভব।’ এ ছাড়া ব্যবসায়ীদের ঋণ শ্রেণীকরণ (খেলাপি) না করা ও সেকেন্ডারি বাজার সৃষ্টি করার দাবি জানান তিনি।
শেলেটকের তৌফিক এম সেরাজ প্রথম আলোকে বলেন, ‘সামাজিক, রাজনৈতিক ও অর্থনৈতিক অস্থিরতার মধ্যে ফ্ল্যাট-প্লট কেনা কখনোই মানুষের প্রাধান্য হতে পারে না। শান্তিতে থাকলেই মানুষ এই খাতে বিনিয়োগ করে।’ চলমান রাজনৈতিক পরিস্থিতির উন্নতি হলেই ব্যবসা বাড়বে বলে আশা প্রকাশ করেন তিনি।
রাজনৈতিক অস্থিরতায় গত ৬ মাসের চিত্র
৩০
শতাংশ পর্যন্ত মূলছাড় দিয়েও ক্রেতা মিলছে না
৫০
শতাংশ ফ্ল্যাটই সময়মতো বুঝে পাবেন না ক্রেতারা। কারণ টানা অবরোধে নির্মাণ কাজ ব্যাহত হচ্ছে
৬০০
কোটি টাকা বিনিয়োগ না হওয়ার আশঙ্কা। কারণ রিহ্যাবের শীতকালীন মেলা স্থগিত করা হয়েছে
১৮
হাজারের বেশি ফ্ল্যাট অবিক্রীত পড়ে আছে
 নতুন বিনিয়োগে যেতে সাহস পাচ্ছেন না উদ্যোক্তারা
 অনেক ক্রেতা কিস্তি দিতে পারছেন না, বাতিল করছেন ক্রয়াদেশ
“১৫ বছর ধরে ব্যবসা করছি। তবে এ ধরনের ভয়াবহ ধস আগে দেখিনি।
মো. জাকির হোসেন
পরিচালক (বিপণন), লুমিনাস বিল্ডার্স লিমিটেড