আবাসন ব্যবসায়ীদের স্ব-উদ্যোগে বিদ্যুৎকেন্দ্র স্থাপনের পরামর্শ
আবাসন খাতের বিভিন্ন প্রকল্পের ফ্ল্যাটে নতুন বিদ্যুৎসংযোগ দেওয়ার দাবি জানিয়েছে আবাসনশিল্প মালিকদের সংগঠন রিহ্যাব। গত সোমবার রাতে রিহ্যাবের গ্রীষ্মকালীন মেলার সমাপনী অনুষ্ঠানে রিহ্যাবের নেতারা এ দাবি জানান। তবে অনুষ্ঠানের প্রধান অতিথি বিদ্যুৎ প্রতিমন্ত্রী এনামুল হক এ বিষয়ে কোনো আশ্বাস দেননি; বরং তিনি রিহ্যাবের নেতাদের নিজেদের উদ্যোগে বেসরকারি খাতে বিদ্যুৎকেন্দ্র নির্মাণের পরামর্শ দিয়েছেন। বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে রিহ্যাব মেলার সমাপনী অনুষ্ঠান হয়। এতে আরও বক্তব্য দেন সাংসদ ও রিহ্যাব সদস্য এনামুল হক, রিহ্যাবের সহসভাপতি আবদুর রহিম খান, সাধারণ সম্পাদক মুরাদ ইকবাল চৌধুরী প্রমুখ। অনুষ্ঠানে বিদ্যুৎ প্রতিমন্ত্রী এনামুল হক জানান, বর্তমান বিদ্যুতের উৎপাদন বিবেচনা করে আবাসনশিল্পের গ্রাহকদের এই মুহূর্তে নতুন বিদ্যুৎসংযোগ দেওয়া সম্ভব নয়। আবাসনশিল্পের জন্য যে পরিমাণ বিদ্যুৎ দরকার, তা উৎপাদনে বেসরকারি উদ্যোক্তা হিসেবে রিহ্যাব নিজেই বিদ্যুৎকেন্দ্র স্থাপন করতে পারে। এ ছাড়া সরকারি-বেসরকারি অংশীদারির (পিপিপি) মাধ্যমেও বিদ্যুৎকেন্দ্র স্থাপনে অংশ নিতে পারেন আবাসনশিল্পের মালিকেরা। তিনি আইন মেনে আবাসনশিল্প উদ্যোক্তাদের ব্যবসা করার আহ্বান জানান। গণমাধ্যমে নেতিবাচক প্রচারণা ও প্রতিকূল আবহাওয়া সত্ত্বেও সদ্যসমাপ্ত রিহ্যাব মেলা সফল হয়েছে বলে দাবি করেছেন সংগঠনের সাধারণ সম্পাদক মুরাদ ইকবাল চৌধুরী। তিনি জানান, এবারের মেলায় ৭৭১টি ফ্ল্যাট, এক হাজার ৫৯টি প্লট ও ১৯টি বাণিজ্যিক স্পেসের ক্রয় আদেশ পাওয়া গেছে। এর আর্থিক মূল্য প্রায় এক হাজার ১৭০ কোটি টাকা। ১৬ জুন থেকে চার দিনের মেলায় মোট ২৭ হাজার ২২৯ জন দর্শনার্থী এসেছেন।