দেশের আবাসন সমস্যার সমাধানের জন্য সরকারের প্লট বরাদ্দ নিষিদ্ধ করা দরকার বলে মনে করেন স্থপতি ও নগর পরিকল্পনাবিদ মোবাশ্বের হোসেন।
বাংলাদেশ স্থপতি ইনস্টিটিউটের (আইএবি) সাবেক এই সভাপতি বলেন, আবাসন সমস্যার সমাধানে সরকারিভাবে সব ধরনের সুযোগ-সুবিধাসহ বিত্তশালী ও মধ্যবিত্ত মানুষকে স্বল্পমূল্যে প্লট বরাদ্দ দেওয়া হয়। এটি ধনী ও ক্ষমতাশালীকে আরও ধনী বানানোর একটি ‘অপূর্ব’ পদক্ষেপ। তিনি বলেন, আবাসনের সংকট নিরসনে ভবিষ্যতে প্লট বরাদ্দ নিষিদ্ধ করার পাশাপাশি সম্প্রতি বরাদ্দ করা সব প্লট বাতিল, সরকারি-বেসরকারি উদ্যোগে সব সুযোগ-সুবিধাসহ বড় এলাকাজুড়ে আবাসন প্রকল্প করা দরকার।
রাজধানীর ঢাকা ক্লাবের স্যামসন এইচ চৌধুরী সেন্টারে গতকাল রোববার ‘জাতীয় অর্থনীতিতে আবাসন খাত’ শীর্ষক গোলটেবিল বৈঠকে এসব কথা বলেন স্থপতি মোবাশ্বের হোসেন। সেন্টার ফর কমিউনিকেশন নেটওয়ার্ক (সিসিএন) আয়োজিত এই বৈঠকে প্রধান অতিথি ছিলেন গৃহায়ণ ও গণপূর্তমন্ত্রী মোশাররফ হোসেন। বিশেষ অতিথি ছিলেন অর্থ ও পরিকল্পনা প্রতিমন্ত্রী এম এ মান্নান। বৈঠক সঞ্চালনা করেন জিল্লুর রহমান।
স্থপতি মোবাশ্বের হোসেন বলেন, দরিদ্র জনগোষ্ঠীর আবাসন সমস্যা সমাধানের প্রধান দায়িত্ব নিয়ে থাকে সরকার। এ ক্ষেত্রে বাংলাদেশ পিছিয়ে। তাই রাজধানীসহ দেশের প্রধান শহরগুলোতে বস্তি ও বস্তিবাসীর সংখ্যা বেড়েই চলেছে। তিনি আরও বলেন, ফ্ল্যাট কেনার জন্য স্বল্প সুদে দীর্ঘমেয়াদি ঋণ দেওয়ার ব্যবস্থা করলে আবাসন-সংকট নিরসনে বড় অগ্রগতি হবে। কারণ মানুষ তখন মাসিক ভাড়ার সমপরিমাণ অর্থ কিস্তি দিয়ে ফ্ল্যাট কেনার সুযোগ পাবেন।
একই কথা বলেন আবাসন ব্যবসায়ীদের সংগঠন রিহ্যাবের সভাপতি আলমগীর শামসুল আলামিন। তিনি আরও বলেন, তিন বছর ধরে আবাসন খাতে অপ্রদর্শিত অর্থ ব্যবহারের সুবিধা দেওয়া হচ্ছে। তবে অর্থের উৎস সম্পর্কে প্রশ্ন করার সুযোগ থাকায় এটি কোনো কাজে লাগছে না। মানুষ আস্থাহীনতায় ভুগছে। তাই বিনা প্রশ্নে অপ্রদর্শিত অর্থ ব্যবহার করতে দেওয়া দরকার।
বৈঠকে উপস্থিত একাধিক বক্তা রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের (রাজউক) তীব্র সমালোচনা করেন। তাঁদের মধ্যে সাংসদ কাজী ফিরোজ রশীদ বলেন, ‘মন্ত্রী ও সাংসদ হওয়া সত্ত্বেও আমি কোনো দিন রাজউকের একটি প্লট পাইনি। পূর্বাচলে আবেদন করলেও আমাকে দেওয়া হয়নি। কিন্তু এক মন্ত্রীর নামেই ১৫০টি প্লট দেওয়া হয়েছে। আমি কোনো দিন মন্ত্রী হতে পারলে সব প্লট বাতিল করব। রাজউক এমন প্রতিষ্ঠান, যেখানকার পিয়নেরও দুটি করে প্লট আছে।’ জাতীয় পার্টির এই নেতা বলেন, ‘রাজউককে ভেঙে দেন, না হলে কোনো উন্নতি হবে না।’
রাজউকের সাবেক চেয়ারম্যান মো. নুরুল হুদা বলেন, রাজউকের দুর্বলতা আছে। ত্রুটি-বিচ্যুতি আছে। তাই এটিকে শক্তিশালী করার জন্য গঠনমূলক সমালোচনা করা দরকার। তবে এটি ধ্বংস করার জন্য সমালোচনা ঠিক না। রাজউক না থাকলে ঢাকায় বিশৃঙ্খলা তৈরি হবে। তিনি বলেন, দরিদ্র মানুষের জন্য এখন আবাসন প্রকল্প নেওয়া দরকার। এ জন্য বাজেটে বিশেষ বরাদ্দ রাখা হলে কাজ হতে পারে।
রাজউকের পক্ষ নিয়ে কথা বলেন গৃহায়ণ ও গণপূর্তমন্ত্রী মোশাররফ হোসেন। তিনি বলেন, ‘আমি জোর দিয়ে বলতে চাই, রাজউক, সিডিএ, কেডিএ ও আরডিএ যেভাবে পরিকল্পিত প্রকল্প নিতে পারে, বেসরকারি প্রতিষ্ঠান সেভাবে পারে না। এ সময় তিনি পূর্বাচলে ৪৮ কিলোমিটার ও উত্তরায় সাড়ে আট কিলোমিটার লেক রাখার কথা উল্লেখ করেন।
গৃহায়ণমন্ত্রী আরও বলেন, ভবিষ্যতে আর প্লট প্রকল্প নেওয়া হবে না। সেখানে ধনী-গরিব সবার জন্যই
ফ্ল্যাট থাকবে। পূর্বাচলের বিভিন্ন জায়গায় ৭০ হাজার থেকে ১ লাখ ফ্ল্যাট এবং ঝিলমিল প্রকল্পে ১৩ হাজার ফ্ল্যাট নির্মিত হবে। বস্তিবাসীদের জন্য হচ্ছে ৫৫০ বর্গফুট আয়তনের ফ্ল্যাট।
গোলটেবিল বৈঠকে আরও বক্তব্য দেন জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) সাবেক চেয়ারম্যান মোহাম্মদ আবদুল মজিদ, এফবিসিসিআইয়ের সহসভাপতি শফিউল ইসলাম মহিউদ্দিন, রিহ্যাবের সহসভাপতি লিয়াকত আলী ভূঁইয়া, রি-রোলিং মিলস অ্যাসোসিয়েশনের সভাপতি আবু বকর, দৈনিক আমাদের অর্থনীতির সম্পাদক নাঈমুল ইসলাম খান প্রমুখ।