বিদ্যুৎ ও গ্যাস সরবরাহ দিতে না পারা এবং জমির অভাবে বিনিয়োগ আকর্ষণে সরকার ব্যর্থ হয়েছে বলে স্বীকার করলেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত। শিল্পের জন্য গ্যাসের যথাযথ ব্যবহারে আবাসিক পর্যায়ে গ্যাসের ব্যবহার বন্ধ হওয়া উচিত বলেও মনে করেন তিনি। ঢাকা চেম্বার মিলনায়তনে গতকাল শনিবার বিজনেস ইনিসিয়েটিভ লিডিং ডেভেলপমেন্টের (বিল্ড) এক বছর পূর্তি অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে অর্থমন্ত্রী এসব কথা বলেন।প্রধানমন্ত্রীর মুখ্যসচিব শেখ মো. ওয়াহেদুজ্জামান ও বাংলাদেশ শিল্প ও বণিক সমিতি ফেডারেশনের (এফবিসিসিআই) সভাপতি এ কে আজাদ এতে বিশেষ অতিথি ছিলেন। ঢাকা চেম্বারের সভাপতি ও বিল্ড-এর চেয়ারম্যান আসিফ ইব্রাহীম এতে স্বাগত ও মেট্রো চেম্বারের সহসভাপতি নিহাদ কবির ধন্যবাদ বক্তব্য দেন। অনুষ্ঠানে বিল্ড-এর এক বছরের কার্যক্রমের চিত্র তুলে ধরেন সংগঠনটির প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) ফেরদৌস আরা বেগম। আমদানি-রপ্তানি নিবন্ধন সনদের সহজ প্রাপ্তি, খাতভিত্তিক প্রণোদনা সহায়তা, তথ্যপ্রযুক্তি খাতে সমমূলধন তহবিল (ইইএফ) ও সম্পত্তি নিবন্ধনের বিষয়ে বিল্ড-এর গবেষণা চলছে বলে অনুষ্ঠানে জানানো হয়। অর্থমন্ত্রী বলেন, গ্যাস-বিদ্যুতের মারাত্মক সংকট রয়েছে। তবে এই সংকট উত্তরণে সরকার সচেষ্ট। আগামী জুনের মধ্যে ভারত থেকে বিদ্যুৎ আনার কথা উল্লেখ করে অর্থমন্ত্রী আগামী নয় মাসের মধ্যে তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি) কেন্দ্রও স্থাপনের পরিকল্পনার কথা জানান।নয় বছরে মাত্র ছয়টি খননকাজ করায় বাপেক্সের সমালোচনা করেন অর্থমন্ত্রী। তিনি বলেন, ‘বাপেক্স একটা স্টুপিড’। প্রধানমন্ত্রীর মুখ্যসচিব শেখ মো. ওয়াহেদুজ্জামান বলেন, ৩২টি অগ্রাধিকার খাত সরকার চিহ্নিত করেছে। সে অনুযায়ী কাজ করা হবে। এফবিসিসিআইয়ের সভাপতি এ কে আজাদ বলেন, সোনালী ব্যাংকের হল-মার্ক কেলেঙ্কারি দেশের এই মুহূর্তের একটি বড় সংকট। ব্যবসায়ীরা এমনকি দেশের এতগুলো ব্যাংক থেকে কোনো ঋণ পাচ্ছেন না। কারণ, ওই হল-মার্ক। এ কে আজাদ বলেন, বাংলাদেশ ব্যাংক অনেক আগেই বিষয়টি চিহ্নিত করলেও অর্থ মন্ত্রণালয় যথাসময় পদক্ষেপ নেয়নি। বিদেশিরা বিনিয়োগের জন্য অর্থ নিয়ে এসেও গ্যাস-বিদ্যুৎসংকটের কারণে ফিরে যাচ্ছেন বলে উল্লেখ করেন এ কে আজাদ। তিনি বলেন, কর আদায়ের বহু জায়গা থাকলেও সরকার তা আদায় করতে পারছে না। ১৬ কোটি মানুষের দেশে মাত্র ৩০ লাখ মানুষের কর শনাক্তকরণ নম্বর (টিআইএন) আছে বলে আফসোস করেন এফবিসিসিআইয়ের সভাপতি। আসিফ ইব্রাহীম বলেন, নীতি-সংস্কার হলো দেশের বড় সমস্যা। বিল্ড নীতি সংস্কারে ভূমিকা রাখতে চায়।