আবাসিকে এলপি গ্যাস অপরিহার্য
দেশের সার্বিক জ্বালানি পরিস্থিতি এবং কার্যকর বিকল্প বিবেচনায় আবাসিক ও পরিবহন খাতে পাইপলাইন গ্যাসের পরিবর্তে তরলীকৃত পেট্রোলিয়াম (এলপি) গ্যাসের ব্যবহার অপরিহার্য হয়ে উঠেছে। তাই সরকার ২০২০ সালের মধ্যে এই দুই খাতের অন্তত ৭০ শতাংশ গ্রাহকের কাছে এলপি গ্যাস সহজলভ্য করে তোলার উদ্যোগ নিয়েছে।
‘এশিয়া এলপি গ্যাস সামিট’-এর উদ্বোধন অনুষ্ঠানে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ এ কথা বলেছেন। ঢাকার বসুন্ধরা কনভেনশন সেন্টারে গতকাল রোববার সকালে দুই দিনের এই সম্মেলন শুরু হয়েছে।
বিদ্যুৎ প্রতিমন্ত্রী বলেন, মজুত কমে আসায় গ্যাস ব্যবহারে অগ্রাধিকারের একটি পরিকল্পনা তৈরি হচ্ছে। ইতিমধ্যে এলপি গ্যাসের ব্যবহার অনেক বাড়লেও এর দাম ও সিলিন্ডারের নিরাপত্তা নিয়ে যথেষ্ট প্রশ্ন রয়েছে। আগামী দুই মাসের মধ্যে এলপি গ্যাসের নিয়ন্ত্রিত দাম নির্ধারণ ও সিলিন্ডারের নিরাপত্তার বিষয়ে নীতিমালা তৈরি হবে। তার ভিত্তিতে সারা দেশের গ্রাহক নির্ধারিত দামে, নিরাপদ সিলিন্ডারে প্রয়োজনমতো এলপি গ্যাস পাবেন।
এই সম্মেলনে ২০টি দেশের অর্ধশতাধিক কোম্পানি ও এর প্রতিনিধিরা অংশ নিচ্ছেন। ‘ওয়ার্ল্ড এলপি গ্যাস অ্যাসোসিয়েশন’ এবারই প্রথম এই সম্মেলনের স্থান হিসেবে ঢাকাকে বেছে নিয়েছে।
উদ্বোধন অনুষ্ঠানে আওয়ামী লীগের সভাপতির বেসরকারি খাতবিষয়ক উপদেষ্টা ও বাংলাদেশ এলপি গ্যাস অপারেটরস অ্যাসোসিয়েশনের সভাপতি সালমান এফ রহমান, জ্বালানিসচিব নাজিমউদ্দিন চৌধুরী, ওমেরা পেট্রোলিয়ামের সহকারী মহাব্যবস্থাপক তানজিম চৌধুরী প্রমুখ বক্তব্য দেন। তাঁরা দেশে এলপি গ্যাসের ব্যবহার বৃদ্ধির খতিয়ান তুলে ধরে বলেন, চলতি বছর তা পাঁচ লাখ মেট্রিক টন ছাড়িয়ে যাবে।
অনুষ্ঠানে মূল বক্তব্য উপস্থাপন করেন ওয়ার্ল্ড এলপি গ্যাস অ্যাসোসিয়েশনের পরিচালক ডেভিড টেলর। ২০০৪ সালে বাংলাদেশ সফর ও এ দেশে তখনকার এলপি গ্যাস পরিস্থিতি উল্লেখ করে তিনি বলেন, অবৈধ কর্মকাণ্ডই ছিল তখনকার বাজারের প্রধান বৈশিষ্ট্য। এখন সে অবস্থা নেই। অনেক উন্নত হয়েছে। চীন, ভারতসহ সমগ্র এশিয়ায় এলপি গ্যাসের চাহিদা বাড়ছে বলে উল্লেখ করে তিনি বলেন, সারা পৃথিবীতে এখন প্রায় ৩০০ কোটি লোক আধুনিক জ্বালানিসুবিধা থেকে বঞ্চিত। ২০৩০ সালের মধ্যে এদের ১০০ কোটির কাছে জ্বালানি পৌঁছবে এবং তা হবে মূলত এলপি গ্যাস।
ডেভিড বলেন, ২০১৫ সালে পৃথিবীতে প্রায় ২৯ কোটি মেট্রিক টন এলপি গ্যাস ব্যবহৃত হয়েছে। এর প্রায় ৪৪ শতাংশই ব্যবহৃত হয়েছে আবাসিক খাতে। এ ছাড়া রসায়ন শিল্প ও শোধনাগারে প্রায় ৩৩ শতাংশ, শিল্পে প্রায় ১৩ শতাংশ এবং পরিবহন খাতে ৯ শতাংশের বেশি এলপি গ্যাস ব্যবহৃত হয়েছে।
উদ্বোধন অনুষ্ঠানের পর গতকাল মধ্যাহ্নে অনুষ্ঠিত একটি অধিবেশনে বাংলাদেশে এলপি গ্যাসের একটি টেকসই বাজার গড়ে তোলা বিষয়ে মূল বক্তব্য উপস্থাপন করেন ‘লাফ্স গ্যাস বাংলাদেশ’-এর পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ সাইদুল ইসলাম। ডেভিড টেলরের সভাপতিত্বে অনুষ্ঠিত এই অধিবেশনে সাইদুল ইসলাম এলপি গ্যাসের টেকসই বাজার প্রতিষ্ঠার জন্য অপরিহার্য বলে কয়েকটি বিষয়ের উল্লেখ করেন। সেগুলো হচ্ছে এলপি গ্যাস আমদানি, বিপণন ও বিতরণের সঙ্গে সংশ্লিষ্ট সব পণ্যের আমদানি শুল্ক শিথিল করা; মূল্য সংযোজন কর অব্যাহতি; দেশি ও বিদেশি বিনিয়োগকারীদের সমান সুযোগ দেওয়া; দেশে তৈরি সিলিন্ডারের সঙ্গে আমদানি করা সিলিন্ডারের দামের সঙ্গে সংগতি রক্ষার ব্যবস্থা নেওয়া; এলপি গ্যাস ব্যবহারের পক্ষে জনসচেতনতা সৃষ্টি প্রভৃতি।
এরপর এশিয়ার এলপি গ্যাসের বাজারের কিছু সাম্প্রতিক বৈশিষ্ট্য বিষয়ে একটি এবং আঞ্চলিক সহযোগিতা ও বাংলাদেশে এলপি গ্যাস শিল্প বিষয়ে আরেকটি আলোচনা অনুষ্ঠিত হয়। তাতে সম্মেলনে অংশ নেওয়া ভারত, জাপান ও কোরিয়া, শ্রীলঙ্কা, নেপাল, তুরস্কসহ কয়েকটি দেশের ও কয়েকটি কোম্পানির প্রতিনিধিরা বক্তব্য দেন।
আজ সোমবার সম্মেলনের দ্বিতীয় দিনেও অন্তত তিনটি বিষয়ে আলোচনা হবে। সম্মেলনস্থলে স্থাপিত প্রায় অর্ধশত স্টলে এলপি গ্যাস-সংক্রান্ত সব যন্ত্রপাতি প্রদর্শিত হচ্ছে এবং সব তথ্যও পাওয়া যাচ্ছে।