আবুল হোসেনের সাঁকো সিকিউরিটিজ চালু হচ্ছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অবশেষে শেয়ারবাজারে লেনদেনে সক্রিয় হচ্ছে সাঁকো সিকিউরিটিজ। এ জন্য রাজধানীর পান্থপথের ইউটিসি ভবনে প্রতিষ্ঠানের কার্যালয় স্থাপন করা হয়েছে। এই কার্যালয় থেকেই এটির লেনদেন কার্যক্রম শুরু করা হবে বলে সংশ্লিষ্ট ব্যক্তিরা জানিয়েছেন।
সম্প্রতি প্রতিষ্ঠানটি পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) থেকে লেনদেনের নিবন্ধন সনদ নিয়েছে। ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ওয়েবসাইটে এ তথ্য প্রকাশ করা হয়েছে।
সাঁকো সিকিউরিটিজ পদ্মা সেতু দুর্নীতির সঙ্গে আলোচিত সাবেক যোগাযোগমন্ত্রী সৈয়দ আবুল হোসেনের মালিকানাধীন প্রতিষ্ঠান। সাঁকো সিকিউরিটিজ ডিএসইর বেশ পুরোনো সদস্য হলেও এত দিন লেনদেনে নিষ্ক্রিয় ছিল।

জানতে চাইলে প্রতিষ্ঠানটির কর্মকর্তা মো. ওমর ফারুক টেলিফোনে প্রথম আলোকে বলেন, ‘এত দিন অন্যান্য খাতের ব্যবসায় মনোযোগী ছিল সাঁকো। তাই সদস্যপদ থাকলেও এটির কোনো কার্যক্রম ছিল না। এখন সময়ের প্রয়োজনে অন্যান্য ব্যবসার পাশাপাশি এই ব্যবসাটিকেও সক্রিয় করা হচ্ছে।’

ওমর ফারুক আরও জানান, কার্যালয় স্থাপনসহ অন্যান্য কার্যক্রম সম্পন্ন হলেও এখনো কোনো গ্রাহক হিসাব খোলা হয়নি।
সাঁকো সিকিউরিটিজের পাশাপাশি সম্প্রতি স্টক ডিলার হিসেবে নিবন্ধন সনদ পেয়েছে ফনিক্স সিকিউরিটিজ।