শেয়ারবাজার ধসে ক্ষতিগ্রস্ত ক্ষুদ্র বিনিয়োগকারীদের সুদ মওকুফের সুবিধা কার্যকরে গঠিত বিশেষ তহবিলের অর্থ ছাড়ের জন্য ঋণ আবেদন সংগ্রহ করা হচ্ছে। নির্ধারিত সুদে এই তহবিল থেকে ঋণসুবিধা নিতে ৩০ নভেম্বরের মধ্যে মার্চেন্ট ব্যাংক ও ব্রোকারেজ হাউসগুলোকে আবেদন করতে বলা হয়েছে।
তহবিল ব্যবস্থাপনাকারী রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠান ইনভেস্টমেন্ট করপোরেশন অব বাংলাদেশ (আইসিবি) বরাবর এই আবেদন করতে হবে। গতকাল বুধবার আইসিবির পক্ষ থেকে ঋণ আবেদন চেয়ে দেশের একাধিক সংবাদপত্রে বিজ্ঞাপন প্রচার করা হয়।
বিজ্ঞাপনে বলা হয়েছে, সরকারঘোষিত প্রণোদনা স্কিম বাস্তবায়নের শর্তে তহবিল থেকে ঋণ প্রাপ্তির জন্য সব মার্চেন্ট ব্যাংক ও ব্রোকারেজ হাউস থেকে আবেদনপত্র আহ্বান করা হচ্ছে। সরকার-নির্ধারিত সুনির্দিষ্ট নীতিমালার ভিত্তিতে এই ঋণ বিতরণ করা হবে।
বিজ্ঞাপনে একই সঙ্গে সুদ মওকুফের সুবিধা পেতে ক্ষতিগ্রস্ত বিনিয়োগকারীদের নিজ নিজ মার্চেন্ট ব্যাংক ও ব্রোকারেজ হাউসের সঙ্গে যোগাযোগ করতে বলা হয়েছে।
শেয়ারবাজার ধসের পর প্রধানমন্ত্রীর আগ্রহে পুঁজিবাজারে স্থিতিশীলতা ফিরিয়ে আনতে বিশেষ প্রণোদনা প্যাকেজ ঘোষণা করা হয়। তাতে ক্ষতিগ্রস্ত বিনিয়োগকারীদের এক বছরের সুদের ৫০ শতাংশ মওকুফের ঘোষণা দেওয়া হয়। সেই প্রণোদনা বাস্তবায়নে সরকার সম্প্রতি ‘পুঁজিবাজারে ক্ষতিগ্রস্ত ক্ষুদ্র বিনিয়োগকারীদের সহায়তা তহবিল’ নামে ৯০০ কোটি টাকার একটি তহবিল গঠন করে, যার ব্যবস্থাপনার দায়িত্ব দেওয়া হয় আইসিবিকে। এরই মধ্যে তহবিলের প্রথম কিস্তির ৩০০ কোটি টাকা ছাড় করা হয়েছে। তহবিলটি সুষ্ঠুভাবে পরিচালনার জন্য পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা, বাংলাদেশ ব্যাংক ও আইসিবির পাঁচ কর্মকর্তার সমন্বয়ে গঠন করা হয়েছে পাঁচ সদস্যের তদারকি কমিটি।
এদিকে তহবিল পরিচালনার জন্য সরকারের পক্ষ থেকে নীতিমালা তৈরি করা হয়েছে। নীতিমালায় বলা হয়েছে, ঋণের জামানত হিসেবে আবেদনকারী প্রতিটি মার্চেন্ট ব্যাংক ও ব্রোকারেজ হাউসকে ‘প্রাতিষ্ঠানিক নিশ্চয়তা’ বা করপোরেট গ্যারান্টি প্রদান করতে হবে। কোনো প্রতিষ্ঠান ঋণ ফেরত দিতে ব্যর্থ হলে ওই প্রতিষ্ঠানের নিবন্ধন সনদ বাতিল ও জরিমানার বিধানও রাখা হয়েছে।
নীতিমালা অনুযায়ী, তহবিলটির ঋণের সর্বোচ্চ সুদ নির্ধারণ করা হয়েছে ৯ শতাংশ। এর মধ্যে ৫ শতাংশ সুদে সরকারের কাছ থেকে তহবিলের অর্থ পাবে আইসিবি। পরে আইসিবি তা ৭ শতাংশ সুদে মার্চেন্ট ব্যাংক ও ব্রোকারেজ হাউসের কাছে বিতরণ করবে।
আর সর্বশেষে মার্চেন্ট ব্যাংক ও ব্রোকারেজ হাউসগুলো সর্বোচ্চ ৯ শতাংশ সুদে বিনিয়োগকারীদের এই সুবিধা দেবে।