বাংলালিংকের চাকরিজীবীদের জন্য ঘোষিত স্বেচ্ছা অবসর কর্মসূচি
আবেদনকারীদের বিষয়ে শিগগিরই চূড়ান্ত সিদ্ধান্ত
মুঠোফোন অপারেটর বাংলালিংকের স্বেচ্ছা অবসর কর্মসূচি বা ভলান্টারি সেপারেশন স্কিমের (ভিএসএস) আওতায় আবেদনকারীদের বিষয়ে শিগগিরই চূড়ান্ত সিদ্ধান্ত নেবে কর্তৃপক্ষ। চাকরির মেয়াদ, বয়সসহ বিভিন্ন বিষয় যাচাই-বাছাই করে এ বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানিয়েছেন কোম্পানিটির শীর্ষ পর্যায়ের একাধিক কর্মকর্তা। চাকরিজীবীদের কাছ থেকে স্বেচ্ছা অবসরের বিষয়ে কত আবেদন জমা পড়েছে, তা সুনির্দিষ্টভাবে জানাতে অপারগতা প্রকাশ করেন সংশ্লিষ্ট ব্যক্তিরা। তাঁরা বলেন, চূড়ান্ত সিদ্ধান্ত গ্রহণের পরই এ বিষয়ে আনুষ্ঠানিকভাবে জানানো হবে।
ডিজিটাল সেবাদাতা প্রতিষ্ঠান হিসেবে পুনর্গঠন প্রক্রিয়ার অংশ হিসেবে গত ১৪ ফেব্রুয়ারি কর্মীদের জন্য স্বেচ্ছা অবসর কর্মসূচি ঘোষণা করে বাংলালিংক কর্তৃপক্ষ। তাতে বলা হয়, কোম্পানির স্থায়ী কর্মীরা ২৪ থেকে ৩০ মাসের মূল বেতন নিয়ে এ কর্মসূচির আওতায় অবসরে যাওয়ার সুযোগ গ্রহণ করতে পারবেন। প্রতিষ্ঠানটিতে বর্তমানে স্থায়ী লোকবলের সংখ্যা ২ হাজার ১০০।
ঘোষিত ভিএসএস পরিকল্পনা অনুযায়ী, এল-১৮ থেকে এল-২৭ এবং এল-ডিএস গ্রেডের স্থায়ী কর্মচারীরা ২৪ মাসের মূল বেতন নিয়ে স্বেচ্ছায় অবসরে যেতে পারবেন। আর এল-১৪ থেকে এল-১৭ গ্রেডের কর্মীদের মধ্যে যাঁরা গত ৩১ জানুয়ারি পর্যন্ত কমপক্ষে দুই বছর স্থায়ী হিসেবে চাকরি করছেন, তাঁরা চার মাসের মূল বেতন এবং দায়িত্ব পালনের প্রতিবছরের জন্য চার মাসের মূল বেতন ধরে সর্বোচ্চ ২৮ মাসের বেতন নিয়ে অবসরে যেতে পারবেন। আর এল-৩ থেকে এল-১৩ পর্যন্ত গ্রেডের কর্মীদের মধ্যে যাঁরা গত ৩১ জানুয়ারি পর্যন্ত কমপক্ষে দুই বছর ধরে স্থায়ী হয়েছেন, তাঁরা চার মাসের মূল বেতনসহ প্রতিবছরের জন্য তিন মাসের মূল বেতন ধরে সর্বোচ্চ ৩০ মাসের বেতন নিয়ে অবসরে যেতে পারবেন।
বাংলালিংকের প্রধান নির্বাহী কর্মকর্তা এরিক অস গত ২৩ ফেব্রুয়ারি এক সংবাদ সম্মেলনে ভিএসএস কার্যক্রমের কারণ সম্পর্কে বলেন, ‘দুর্ভাগ্যজনকভাবে কিছু কর্মী ডিজিটাল প্রতিষ্ঠান হিসেবে আমাদের যে ভিশন, তার সঙ্গে একাত্ম হতে পারছেন না। যাঁরা ভবিষ্যতের পরিবর্তনের সঙ্গে যুক্ত থাকতে চান না, তাঁদের জন্যই এই কার্যক্রম।’
নেদারল্যান্ডসভিত্তিক বহুজাতিক টেলিযোগাযোগ সেবাদাতা প্রতিষ্ঠান ভিম্পেলকম লিমিটেডের সহযোগী প্রতিষ্ঠান বাংলালিংক বাংলাদেশে মোবাইল ফোন সেবা দিচ্ছে ২০০৫ সাল থেকে। বর্তমানে তাদের গ্রাহকসংখ্যা ৩ কোটি ২৩ লাখ।