শেয়ারবাজার ধসে ক্ষতিগ্রস্ত বিনিয়োগকারীদের সহায়তার জন্য গঠিত ৯০০ কোটি টাকার পুনঃ অর্থায়ন তহবিলের প্রথম কিস্তির ঋণ আবেদনে সাড়া নেই। এ কারণে ঋণ আবেদনের সময়সীমা আরও ১৫ দিন বাড়িয়ে ১৫ ডিসেম্বর পর্যন্ত নির্ধারণ করা হয়েছে।
এই অবস্থায় দ্বিতীয় ও তৃতীয় কিস্তির অর্থ ছাড়ের জন্য বাংলাদেশ ব্যাংকের কাছে আবেদন জানিয়েছে ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) নেতারা। গতকাল মঙ্গলবার বাংলাদেশ ব্যাংকের গভর্নর আতিউর রহমানের সঙ্গে সাক্ষাৎ করে এই আবেদন জানানো হয়।
ইনভেস্টমেন্ট করপোরেশন অব বাংলাদেশের (আইসিবি) কর্মকর্তারা জানিয়েছেন, তহবিলের প্রথম কিস্তির ৩০০ কোটি টাকা থেকে ঋণ নেওয়ার জন্য ২০টির বেশি প্রতিষ্ঠানও আবেদন করেনি। ব্রোকারেজ হাউসগুলোর এ ব্যাপারে তেমন কোনো সাড়া নেই। ডিএসইর ২৫০ সদস্যের বেশির ভাগই আবেদন করেনি। তার পরও ডিএসইর নেতারা বাংলাদেশ ব্যাংকের কাছে তহবিলের বাকি ৬০০ কোটি টাকা ছাড়ের আবেদন জানিয়েছে। ডিএসইর যেসব নেতা গতকাল এই আবেদন জানিয়েছেন তাদের অনেকের প্রতিষ্ঠান থেকেও এখনো কোনো ঋণ আবেদন করা হয়নি।
তহবিলসংশ্লিষ্ট কর্মকর্তারা বলছেন, ঋণ আবেদনে প্রতিষ্ঠানগুলোর সাড়া না পাওয়ায় ৩০০ কোটি টাকা এখনো বিতরণ করা যাচ্ছে না। এর মধ্যে তহবিলের বাকি ৬০০ কোটি টাকা এখন ছাড় হলে সেগুলোও অলস পড়ে থাকবে।
বাংলাদেশ ব্যাংক সূত্র জানিয়েছে, ডিএসইর অর্থ ছাড়ের আবেদনের জবাবে কেন্দ্রীয় ব্যাংক বলেছে আগে ছাড় করা অর্থ বিতরণ করা হোক, বাকি অর্থও পর্যায়ক্রমে ছাড় করা হবে।
এ ছাড়া গতকালের বৈঠকে ডিএসইর পক্ষ থেকে ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের আমানতের নিরাপত্তা সঞ্চিতির (প্রভিশনিং) ক্ষেত্রে সময় বৃদ্ধির আবেদন জানানো হয়।
এদিকে ডিএসই জানিয়েছে, পুঁজিবাজারে ব্যাংকগুলোর বিনিয়োগ হিসাবের ক্ষেত্রে বিশেষ ছাড়ের প্রস্তাব করা হয়েছে। ডিএসই বলেছে, ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের সহযোগী প্রতিষ্ঠানগুলো পুঁজিবাজারে যে বিনিয়োগ করেছে সেটিকে যেন হিসাবের বাইরে রাখা হয়। এ সময় বাংলাদেশ ব্যাংকের পক্ষ থেকে বিষয়গুলো পর্যালোচনা করে বিবেচনার আশ্বাস দেওয়া হয়।
ডিএসইর সভাপতি আহসানুল ইসলামের নেতৃত্বে আরও উপস্থিত ছিলেন সংস্থাটির জ্যেষ্ঠ সহসভাপতি মোহাম্মদ শাহজাহান, সহসভাপতি মিজানুর রহমান খান, বাংলাদেশ ব্যাংকের পক্ষে উপস্থিত ছিলেন ডেপুটি গভর্নর আবু হেনা মো. রাজি হাসান, এস কে সুর চৌধুরী প্রমুখ।