কর শনাক্তকরণ নম্বরের (টিআইএন) জন্য আবেদন করলে তিন দিনের মধ্যে সনদ পাওয়া যাবে। অনলাইনে আয়কর বিবরণী (রিটার্ন) দাখিলেও সহায়তা করবে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। করদাতাদের এসব সেবা দেওয়ার জন্য শনিবার এনবিআরের সেগুনবাগিচায় অবস্থিত ১২ তলা ভবনে করতথ্য ও সেবাকেন্দ্র চালু করা হয়েছে। এই সেবাকেন্দ্রের মাধ্যমে করদাতাদের টিআইএন আবেদন ও রিটার্ন পূরণে সহায়তা দেওয়া হবে। এ ছাড়া এই সেবাকেন্দ্রের কর্মকর্তারা এনবিআরের ওয়েবসাইটে বিদ্যমান ট্যাক্স ক্যালকুলেটর (কর হিসাব করার যন্ত্র) ও রিটার্ন তৈরির সফটওয়্যার ব্যবহারে করদাতাদের সহযোগিতা করবেন। আবার করদাতাদের অধিক্ষেত্র শনাক্তকরণ, আয়কর ও মূল্য সংযোজন করসংক্রান্ত তথ্য ও প্রয়োজনীয় ফরম, তথ্যকণিকা ও নির্দেশিকা সরবরাহ করা হবে। পাশাপাশি করদাতাদের প্রয়োজনীয় অন্যান্য সেবাও দেওয়া হবে। প্রতি কার্যদিবসেই সংশ্লিষ্ট কর্মকর্তা দল এই কাজে নিয়োজিত থাকবে। যুক্তরাজ্যভিত্তিক দাতা সংস্থা ডিএফআইডির আর্থিক সহায়তায় ‘কর প্রশাসন—শর্তাবলি পূরণ ও করদাতাদের সেবা প্রদান’ (টিএসিটিএস) প্রকল্পের আওতায় এই সেবাকেন্দ্রটি চালু করা হয়েছে। তথ্য ও সেবাকেন্দ্রের উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য দেন এনবিআরের চেয়ারম্যান নাসির উদ্দিন আহমেদ, সদস্য (আয়কর প্রশাসন) সৈয়দ আমিনুল করিম, কর কমিশনার এম এ কাদের সরকার, ব্যবসায়ীদের শীর্ষস্থানীয় সংগঠন এফবিসিসিআইয়ের প্রথম সহসভাপতি জসিম উদ্দিন, বেঙ্গল গ্রুপের চেয়ারম্যান মোর্শেদ আলম, এনভয় গ্রুপের চেয়ারম্যান কুতুবউদ্দিন আহমেদ, রহিম আফরোজ গ্রুপের পরিচালক নিয়াজ রহিম, বাংলাদেশ কর আইনজীবী সমিতির (বিটিএলএ) সভাপতি গোলাম সারোয়ার, ডিএফআইডির প্রজেক্ট টিম লিডার রিচার্ড বাটারওয়ার্থ প্রমুখ।এনবিআর চেয়ারম্যান তাঁর বক্তব্যে বলেন, পর্যায়ক্রমে দেশের সব বিভাগীয় শহরে করতথ্য ও সেবাকেন্দ্র চালু করা হবে। এ ছাড়া করদাতাদের কাছে পৌঁছানোর জন্য আরও ৮৫টি কর সার্কেল স্থাপন করা হবে। তিনি আরও বলেন, ‘এখন থেকে করদাতাদের এনবিআর বা কর বিভাগে আসার প্রয়োজন হবে না, বরং কর বিভাগ তাঁদের কাছে যাবে।’ এ ছাড়া উন্নত দেশের আদলে বৃহ ৎ করদাতাদের সঙ্গে কর-সংলাপ কর্মসূচি চালু করারও ঘোষণা দেন তিনি। জসিম উদ্দিন বলেন, জোর করে কর আদায় বাড়ানো সম্ভব নয়। তিনি উদাহরণ টেনে বলেন, ২০০৮-০৯ অর্থবছরে তত্ত্বাবধায়ক সরকারের সময় কর আদায়ের পরিমাণ ছিল ৫০ হাজার ২৭৪ কোটি টাকা, আর গণতান্ত্রিক সরকারের সময় চলতি অর্থবছর কর আদায়ের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে ৯৫ হাজার ৫৭০ কোটি টাকা।সৈয়দ মো. আমিনুল করিম বলেন, নিয়ন্ত্রণমূলক কাজের মাধ্যমে আগে কর আদায় বাড়ানো হতো। এখন সেবার মাধ্যমে কর বাড়ানোর উদ্যোগ নেওয়া হয়েছে।করদাতাদের ভীতি দূর করার ক্ষেত্রে এই সেবাকেন্দ্র ভূমিকা রাখবে বলে আশা প্রকাশ করেন কুতুবউদ্দিন আহমেদ।