দেশের বিভিন্ন ভারী শিল্প-কারখানার জন্য প্রতিবছর অনেক ধরনের যন্ত্রাংশ আমদানি করতে হয়। যদিও এসব যন্ত্রাংশ উৎপাদন, সংস্কার ও রক্ষণাবেক্ষণের জন্য সারা দেশে ৪০ হাজারের বেশি ছোট-বড় কারখানা আছে। এ প্রতিষ্ঠানগুলোর উৎপাদিত পণ্য অবশ্য মানসম্মত নয়। তাই উভয় পক্ষের মধ্যে এক রকম দূরত্ব রয়ে গেছে।
এ অবস্থায় হালকা প্রকৌশলশিল্প কারখানার পণ্যের মান, দক্ষ লোকবল, উন্নত প্রযুক্তি আর অর্থায়ন নিশ্চিত করা গেলে বিদ্যমান দূরত্ব ঘুচবে। সেটি হলে কৃষি বা পোশাকের মতো এ খাতেও বিপ্লব ঘটানো সম্ভব।
পুরান ঢাকার ওয়ারীর সানাই কমিউনিটি সেন্টারে ‘হালকা প্রকৌশল শিল্পবিকাশে আমদানিবিকল্প যন্ত্রাংশ উৎপাদন’ শীর্ষক সেমিনার ও ম্যাচ-মেকিং প্রদর্শনী অনুষ্ঠানে বক্তারা এসব কথা বলেন। একাধিক বক্তা ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তাদের এক অঙ্কের (সিঙ্গেল ডিজিট) সুদহারে ঋণ দেওয়ার দাবি জানান।
ক্ষুদ্র ও মাঝারি শিল্প (এসএমই) ফাউন্ডেশন এবং হালকা প্রকৌশলশিল্প মালিক সমিতি যৌথভাবে অনুষ্ঠানটির আয়োজন করে। এতে প্রধান অতিথি ছিলেন শিল্পমন্ত্রী আমির হোসেন আমু। বিশেষ অতিথি ছিলেন জাপানের উন্নয়ন সংস্থা জাইকা বাংলাদেশের চিফ রিপ্রেজেনটেটিভ মিকিও হাতায়েদা ও সমিতির সভাপতি আবদুর রাজ্জাক।
সেমিনারে উপস্থাপিত মূল প্রবন্ধে এসএমই ফাউন্ডেশনের ব্যবস্থাপনা পরিচালক সৈয়দ ইহসানুল করিম জানান, হালকা প্রকৌশলশিল্পে ইতিমধ্যে বিনিয়োগ হয়েছে প্রায় এক লাখ ২০ হাজার কোটি টাকা। এ খাতে সরাসরি কর্মসংস্থান হয়েছে ছয় লাখ মানুষের।
বর্তমানে দেশের জিডিপিতে এ শিল্পের অবদান ২ দশমিক ২৯ শতাংশ।
সৈয়দ ইহসানুল করিম আরও বলেন, গত বছর সরকার এসএমই খাতে চার হাজার কোটি টাকার ঋণ বিতরণ করেছে। কিন্তু এ ঋণের সুদহার এক অঙ্কের না হওয়ায় উদ্যোক্তাদের কোনো লাভ হচ্ছে না। তিনি জানান, দেশের হালকা প্রকৌশলশিল্প খাতে পণ্যের মানোন্নয়নে জাইকা কারিগরি সহায়তা দেবে।
মিকিও হাতায়েদা বলেন, জাপানের গাড়িনির্মাতা প্রতিষ্ঠান টয়োটা ১০ হাজার ক্ষুদ্র ও মাঝারি কারখানা থেকে যন্ত্রাংশ প্রস্তুত করায়। অবশ্যই সেসব হয় বিশেষ মানের। ফলে বাংলাদেশের কারখানাগুলো যদি উন্নত মানের যন্ত্রাংশ উৎপাদন করতে পারে, তাহলে তাদের জন্যও সুযোগ তৈরি হবে। এ জন্য জাইকা সব ধরনের সহায়তা দেবে বলেও জানান তিনি।
আবদুর রাজ্জাক বলেন, দেশের প্রধান খাত হওয়ার কথা ছিল হালকা প্রকৌশলশিল্পের। এখানে মূল্য সংযোজনের হার অন্যান্য খাতের চেয়ে বেশি। কিন্তু বাতির নিচে অন্ধকারের মতো এই শিল্পটি পেছনেই পড়ে আছে। তিনি বলেন, দেশে ৪০ হাজার কারখানা থাকলেও যন্ত্রাংশ উৎপাদন করে মাত্র পাঁচ হাজারের মতো প্রতিষ্ঠান। বাকিগুলো সংস্কার আর রক্ষণাবেক্ষণের কাজ নিয়ে ব্যস্ত থাকে।
সমিতির এই সভাপতি হালকা প্রকৌশলশিল্পের বিভিন্ন সম্ভাবনার কথা উল্লেখ করে এ খাতের সামগ্রিক উন্নয়নে একটি পরিকল্পিত শিল্পপার্ক স্থাপনের দাবি জানান। তিনি জানান, গত এক দশক চেষ্টা-তদবির করে বিষয়টির কোনো সুরাহা করতে পারেননি তাঁরা। এ প্রসঙ্গে শিল্পমন্ত্রী তাঁর বক্তব্যে দাবি বাস্তবায়নের আশ্বাস দেন।
শিল্পমন্ত্রী বলেন, হালকা প্রকৌশলশিল্প প্রসারিত হলে দেশেই আমদানিবিকল্প যন্ত্রাংশ উৎপাদন ও প্রশিক্ষিত জনবল তৈরি হবে। এ খাতের উন্নয়নে সরকারের পক্ষ থেকে সম্ভব সব ধরনেরর নীতি সহায়তা দেওয়া হবে। এ ছাড়া শিল্প খাতটির উদ্যোক্তাদের জন্য বাংলাদেশ ব্যাংকের এসএমই অর্থায়ন তহবিল থেকে ১০০ কোটি টাকা এসএমই ফাউন্ডেশনের মাধ্যমে বরাদ্দের বিষয়ে সহযোগিতা করবেন বলে আশ্বাস দেন তিনি।
অনুষ্ঠানে আরও বক্তব্য দেন এসএমই ফাউন্ডেশনের চেয়ারপারসন কে এম হাবিব উল্লাহ ও জাইকার জ্যেষ্ঠ স্বেচ্ছাসেবক তেতসুইয়া সাইতো।
অনুষ্ঠান প্রাঙ্গণে প্রদর্শনীতে বেশ কয়েকটি প্রতিষ্ঠান অংশ নেয় এবং তাদের উৎপাদিত পণ্য প্রদর্শন করে।