আমদানি করা কাঁচামালের শুল্ক কমানোর দাবি ডিসিসিআইয়ের
ব্যক্তিশ্রেণীর করদাতার করমুক্ত সীমা বৃদ্ধি, আমদানি করা কাঁচামালের ওপর শুল্ক হ্রাস, কর অবকাশসুবিধার মেয়াদ বৃদ্ধির প্রস্তাব করেছে ঢাকা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (ডিসিসিআই)। একই সঙ্গে ব্যবসায়ীদের এই সংগঠনটি প্রাতিষ্ঠানিক কর কমানো, করের আওতা বৃদ্ধি, নীতিমালার সহজীকরণ এবং বিভিন্ন নীতিমালার ধারার মধ্যে সাংঘর্ষিকতা হ্রাস করার সুপারিশ করেছে।জাতীয় বাজেট ২০১১-১২ উপলক্ষে গতকাল বুধবার আয়োজিত এক সংবাদ সম্মেলনে সংগঠনের সভাপতি আসিফ ইব্রাহীম এসব কথা বলেন। ঢাকা চেম্বার মিলনায়তনে আয়োজিত এ সংবাদ সম্মেলনে ডিসিসিআইয়ের ঊর্ধ্বতন সহসভাপতি টি আই এম নূরুল কবীর, সহসভাপতি নাসির হোসেনসহ পরিচালনা পর্ষদের অন্য সদস্যরা উপস্থিত ছিলেন। সংবাদ সম্মেলনে জানানো হয়, আসন্ন জাতীয় বাজেটে অন্তর্ভুক্তির জন্য ঢাকা চেম্বার আয়করসংক্রান্ত ২২টি, আমদানি ও সম্পূরক শুল্ক এবং সুনির্দিষ্ট পণ্য ও খাতভিত্তিক আমদানি ও সম্পূরক শুল্কসম্পর্কিত ১৭টি এবং মূল্য সংযোজন করসংক্রান্ত ২৫টি প্রস্তাব করেছে।সংবাদ সম্মেলনে আসিফ ইব্রাহীম বলেন, স্থানীয় শিল্পকে সুরক্ষা এবং সংরক্ষণের জন্য সব ধরনের মূলধনি যন্ত্রপাতি ও যন্ত্রাংশের ওপর আমদানি শুল্কহার শূন্য, মৌলিক উপকরণ ও কাঁচামালের শুল্কহার ৩ শতাংশ; মধ্যবর্তী কাঁচামালের শুল্কহার ১২ শতাংশ এবং তৈরি পণ্যের শুল্কহার ২৫ শতাংশ করা প্রয়োজন। এ ছাড়া তিনি ৫ শতাংশ নিয়ন্ত্রণমূলক শুল্ক প্রত্যাহারের সুপারিশ করেন।করমুক্ত আয়সীমা সম্পর্কে সংগঠনের সভাপতি বলেন, জীবনযাত্রার ব্যয় বৃদ্ধির সঙ্গে সামঞ্জস্য রেখে করমুক্ত আয়ের সীমা বাড়ানো প্রয়োজন। এতে আপাতত কর আয় কমলেও কর আওতা বৃদ্ধি করা গেলে মোট কর আয় বাড়বে।ঢাকা চেম্বারের সভাপতি শেয়ারবাজারে তালিকাভুক্ত কোম্পানির মুনাফার ওপর করের হার ২০ শতাংশ ধার্য; তালিকাভুক্ত ও অতালিকাভুক্ত কোম্পানির কর হারের পার্থক্য ১০ শতাংশে সীমাবদ্ধ রাখা এবং ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের কর হার ৪০ শতাংশ নির্ধারণের প্রস্তাব করেন। এ ছাড়া কোম্পানির ক্ষেত্রে লভ্যাংশ থেকে অর্জিত আয়ের ওপর কর হার বর্তমানে ২০ শতাংশ ধার্য আছে, ডিসিসিআই তা কমিয়ে ১৫ শতাংশ করার প্রস্তাব করেছে।ডিসিসিআই ব্যক্তিশ্রেণীর করদাতার ক্ষেত্রে লভ্যাংশের ওপর ১০ শতাংশ হারে উৎসে কর্তিত কর চূড়ান্ত দায় হিসেবে বিবেচনা করার প্রস্তাবও করেছে। এ ছাড়া কর অবকাশসুবিধা ২০১৫ সাল পর্যন্ত বাড়ানোর সুপারিশ করা হয়েছে। আসিফ ইব্রাহীম আরও বলেন, বর্তমান কর নীতিমালার একটি গুরুত্বপূর্ণ দিক হলো, আয়কর বিভাগ একই সঙ্গে করনীতিমালা প্রণয়ন, কর আহরণ এবং কর আপিল ইত্যাদির দায়িত্ব পালন করছে। ডিসিসিআই মনে করে, একই প্রতিষ্ঠানকে এ ধরনের দায়িত্বে বহাল রাখা কর ব্যবস্থায় জটিলতার অন্যতম কারণ। তিনি বলেন, নীতিমালা প্রণয়নকারী এবং কর আহরণকারী আলাদা হওয়া প্রয়োজন। এতে এনবিআরের দায়িত্ব পালনও সহজ হবে এবং দক্ষতা বাড়বে।ডিসিসিআই বলেছে, আসন্ন বাজেটে আমদানি পর্যায়ে অগ্রিম মূসক (এটিভি) আদায়ব্যবস্থা বাতিল করা হোক। অথবা আমদানি পর্যায়ে আদায়কৃত অগ্রিম মূসক (এটিভি) চূড়ান্ত আদায় গণ্য করে পরবর্তী ধাপের জন্য মূসক পরিশোধিত গণ্য করার বিধান করা যেতে পারে।