আমদানি করা পণ্যের শুল্ক বেশি হওয়া প্রয়োজন: শিল্পমন্ত্রী

দেশীয় শিল্পের বিকাশের স্বার্থে আমদানি করা কাঁচামালের চেয়ে সম্পূর্ণ তৈরি পণ্যের ওপর অধিক হারে শুল্ক আরোপ করা যুক্তিসংগত বলে মন্তব্য করেছেন শিল্পমন্ত্রী আমির হোসেন আমু।
আজ মঙ্গলবার শিল্প মন্ত্রণালয়ে বাংলাদেশ চেম্বার অব ইন্ডাস্ট্রিজের (বিসিআই) নেতাদের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের শিল্পমন্ত্রী এ কথা বলেন।
আমির হোসেন আমু বলেন, দেশে শিল্পপণ্য উত্পাদনে উত্সাহ জোগাতে আসন্ন বাজেটে শিল্প ও বিনিয়োগসহায়ক করকাঠামো করার ওপর গুরুত্ব দেওয়া হবে।
বৈঠকে শিল্পসচিব মোহাম্মদ মঈনউদ্দীন আবদুল্লাহ, বিসিআইয়ের সভাপতি এ কে আজাদ, জ্যেষ্ঠ সহ-সভাপতি মোস্তফা আজাদ চৌধুরী প্রমুখ উপস্থিত ছিলেন।
বৈঠকে বিসিআইয়ের নেতারা বলেন, দেশে ইতিমধ্যে গ্যাস ও বিদ্যুত্ উত্পাদন পরিস্থিতির উন্নতি হলেও শিল্পকারখানাগুলোতে এখনো কাঙ্ক্ষিত মাত্রায় তা সরবরাহ করা হচ্ছে না। নতুন কারখানায় অগ্রাধিকার ভিত্তিতে গ্যাস ও বিদ্যুত্ সংযোগ দেওয়ার দাবি জানান তাঁরা।
একই সঙ্গে নেতারা ব্যাংক ঋণের উচ্চ সুদহার কমাতে সরকারি বন্ডের সুদের হার কমানো, দেশীয় শিল্পের জন্য আমদানি করা কাঁচামালের শুল্ক কমানো, সম্পূর্ণ তৈরি পণ্যের আমদানি শুল্ক বাড়িয়ে দেওয়া এবং সরকারিভাবে পাটজাত পণ্যের ব্যবহার বাড়ানোর তাগিদ দেন।
শিল্পমন্ত্রী বলেন, শিল্পভিত্তিক অর্থনীতি গড়ে তুলতে সরকার দেশীয় শিল্পের স্বার্থ রক্ষায় সব ধরনের সহায়তা দেবে। বর্তমানে রাজনৈতিক স্থিতিশীলতা বজায় থাকায় শিল্প উদ্যোক্তারা বিনিয়োগে উত্সাহিত হচ্ছেন। তিনি উদ্যোক্তাদের বিভিন্ন সমস্যা সমাধানের জন্য সুস্পষ্ট প্রস্তাব দেওয়ার পরামর্শ দেন। প্রস্তাব পাওয়ার পর সরকার এ বিষয়ে উচ্চপর্যায়ে কমিটি গঠন করে প্রয়োজনীয় পদক্ষেপ নেবে বলে বিসিআই নেতাদের আশ্বস্ত করেন তিনি।