আমদানি পণ্য নিয়ে আড়াই হাজার ট্রাক আটকে আছে
এপারে বাংলাদেশের সোনামসজিদ স্থলবন্দরে সময়মতো পণ্য খালাস না হওয়ায় ওপারে ভারতের মহদিপুর স্থলবন্দরে আমদানি পণ্যবাহী প্রায় আড়াই হাজার ট্রাক আটকে পড়েছে।
এতে ভারতের রপ্তানিকারকেরা ক্ষতিগ্রস্ত হচ্ছেন এমন তথ্য জানিয়ে পশ্চিমবঙ্গের মালদহ মার্চেন্টস চেম্বার বাংলাদেশের চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির (এফবিসিসিআই) সভাপতিকে চিঠি দিয়েছে এবং প্রয়োজনীয় ব্যবস্থা নিতে অনুরোধ করেছে।
পাশাপাশি সংগঠনটি চাঁপাইনবাবগঞ্জ বণিক সমিতির সভাপতি আবদুল ওয়াহেদকেও অবহিত করা হয়েছে। জনাব ওয়াহেদ প্রথম আলোকে বলেন, মহদিপুর বন্দরে আটকে পড়া সোনামসজিদ স্থলবন্দরমুখী ট্রাকগুলোতে গম, পোলট্রি ফিড, পাথর এবং পেঁয়াজ ও ফলের মতো পচনশীল পণ্য রয়েছে বলে মালদহ চেম্বার জানিয়েছে। আবদুল ওয়াহেদ বলেন, সোনামসজিদ স্থলবন্দরে প্রয়োজনীয় অবকাঠামো ও গুদাম নেই। এর ওপর এটির পরিচালনায় নিয়োজিত পানামা সোনামসজিদ পোর্ট লিংকের পর্যাপ্ত জনবলের অভাব আছে এবং নিয়মানুযায়ী সূর্যোদয় থেকে সূর্যাস্ত পর্যন্ত কাজ না করার কারণে উভয় দিকের বন্দরে পণ্যবাহী ট্রাকের জট সৃষ্টি হয়েছে। এতে দুই দেশের ব্যবসায়ীরা ক্ষতিগ্রস্ত হচ্ছেন। এফবিসিসিআই জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) চেয়ারম্যানকেও লিখিতভাবে বিষয়টি অবহিত করেছে।
পানামা পোর্ট লিংকের ব্যবস্থাপক বেলাল হোসেন অবশ্য বলেন, পণ্য পরিবহনে বাংলাদেশি ট্রাক না পাওয়াতেই এ সমস্যার সৃষ্টি হয়েছে। কারণ ভারত থেকে যেখানে প্রতিদিন ৩০০ ট্রাক ঢুকছে সেখানে বাংলাদেশের ট্রাক পাওয়া যাচ্ছে ২০০ থেকে ২২০টি।