আমদানি বিকল্প ফসল চাষে ৮১ কোটি টাকা ঋণ প্রদান
সরকারের সুদ ভর্তুকির আওতায় আমদানি বিকল্প ফসল চাষে গত ২০১১-১২ অর্থবছরে ৪ শতাংশ রেয়াতি হার সুদে ৮১ কোটি ৬৫ লাখ টাকার ঋণ বিতরণ হয়েছে। এর আগের অর্থাৎ ২০১০-১১ অর্থবছরে এ খাতে ঋণ বিতরণ হয়েছিল ৭০ কোটি ৮১ লাখ টাকা। এ হিসাবে গত অর্থবছরে ১০ কোটি ৮৪ লাখ টাকা বা ১৫ শতাংশ বেশি ঋণ বিতরণ হয়েছে। খবর বাসসের।বাংলাদেশ ব্যাংকের কৃষি ও আর্থিকসেবা বিভাগ সূত্র জানায়, গত অর্থবছরে আমদানি বিকল্প ফসল চাষে রেয়াতি হার সুদে ঋণ বিতরণের লক্ষ্যমাত্রা ছিল ৭৭ কোটি ৬৩ লাখ টাকা। সেই হিসাবে লক্ষ্যমাত্রার বিপরীতে ১০৫ শতাংশ বেশি ঋণ বিতরণ হয়েছে।কেন্দ্রীয় ব্যাংকের তথ্যমতে, বৈদেশিক মুদ্রা সাশ্রয়ের জন্য ডালজাতীয় ফসল, যেমন—মাষকলাই, মুগ, মসুর, খেসারি, ছোলা, মটর ও অড়হর; তৈলবীজ জাতীয় ফসল সরিষা, তিল, তিসি, চীনাবাদাম, সূর্যমুখী, সয়াবিন এবং মসলাজাতীয় ফসল হলুদ, আদা, রসুন, পেঁয়াজ ও ধনিয়া ও ভুট্টা চাষে এ ঋণ দেওয়া হয়। রাষ্ট্রীয় মালিকানাধীন সোনালী, জনতা, অগ্রণী ও রূপালী এবং বিশেষায়িত বাংলাদেশ কৃষি ও রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংক ছাড়াও ২১টি দেশি ও পাঁচটি বিদেশি বাণিজ্যিক ব্যাংক এ খাতে ঋণ বিতরণ করেছে। কেন্দ্রীয় ব্যাংকের হিসাব মতে, গত অর্থবছরে সবচেয়ে বেশি ঋণ বিতরণ হয়েছে মসলাজাতীয় ফসল চাষে। এ ধরনের ফসলের ক্ষেত্রে ৬৫ কোটি ৭৯ লাখ টাকার ঋণ বিতরণ হয়েছে। তৈলবীজে পাঁচ কোটি ৬১ লাখ, ভুট্টা নয় কোটি ও ডালজাতীয় ফসলে এক কোটি ২১ লাখ টাকার ঋণ বিতরণ হয়েছে। রাষ্ট্রীয় মালিকানাধীন ব্যাংকগুলো এ ক্ষেত্রে সবচেয়ে বেশি ঋণ বিতরণ করেছে। এর পরিমাণ ৭০ কোটি ১৩ লাখ টাকা। দেশি বাণিজ্যিক ব্যাংকগুলো ১০ কোটি ৭৫ লাখ টাকা ও বিদেশি ব্যাংকগুলো ৭৬ লাখ টাকার ঋণ বিতরণ করেছে। এ প্রসঙ্গে বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক নির্মল চন্দ্র ভক্ত বাসসকে বলেন, প্রথম দিকে কেবল রাষ্ট্রীয় মালিকানাধীন ব্যাংকগুলো এ খাতে ঋণ বিতরণ করলেও গত অর্থবছর থেকে বেসরকারি বাণিজ্যিক ব্যাংকগুলোও এ খাতে ঋণ বিতরণ শুরু করেছে। এর পাশাপাশি এ খাতে ঋণ প্রবাহ বাড়াতে কেন্দ্রীয় ব্যাংকের পক্ষ থেকে ব্যাপক প্রচারণা চালানোর ফলে আমদানি বিকল্প ফসল চাষে ঋণ বিতরণ বাড়ছে। চলতি ২০১২-১৩ অর্থবছরে দেশে কার্যরত সব ব্যাংক এ খাতে ঋণ বিতরণ করবে বলে তিনি আশা প্রকাশ করেন।