আমদানি বৈষম্যমুক্ত করার দাবি বারভিডার
পরিবেশবান্ধব হাইব্রিড প্রযুক্তির রিকন্ডিশন্ড বা পুরোনো গাড়ি আমদানির ক্ষেত্রে রেয়াতি সুবিধা দাবি করেছে বাংলাদেশ রিকন্ডিশন্ড ভেহিক্যালস ইমপোর্টার্স অ্যান্ড ডিলারস অ্যাসোসিয়েশন (বারভিডা)। সংগঠনটির নেতারা বলেছে, এবারের বাজেটে হাইব্রিড গাড়ি আমদানিতে রেয়াতি সুবিধা দেওয়া হয়েছে। তবে সেটি কেবল নতুন গাড়ির জন্য প্রযোজ্য। এটি ‘বৈষম্যমূলক’ সিদ্ধান্ত।
রাজধানীর বিজয়নগরে সংগঠনের কার্যালয়ে আজ শনিবার এক সংবাদ সম্মেলনের আয়োজন করে বারভিডা। এতে সংগঠনের নেতারা পরিবেশবান্ধব ও জ্বালানি সহায়ক রিকন্ডিশন্ড হাইব্রিড গাড়ি আমদানি বৈষম্যমুক্ত করার দাবি জানান। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন বারভিডার সাধারণ সম্পাদক মাহবুবুল হক চৌধুরী। উপস্থিত ছিলেন সংগঠনের সভাপতি আবদুল হামিদ শরীফ, সাবেক সভাপতি হাবিব উল্লাহ ডন প্রমুখ।
সংবাদ সম্মেলনে জানানো হয়, নতুন হাইব্রিড গাড়ি আমদানির সুযোগ আট বছর ধরে আছে। কিন্তু সব মিলিয়ে ৩০০ গাড়ি আমদানি হয়েছে। এত কম আমদানির কারণ বাংলাদেশে নতুন গাড়ির চেয়ে রিকন্ডিশন্ড গাড়ির ক্রেতার সংখ্যা বেশি। দেশে ব্যবহৃত প্রায় ৮০ শতাংশ গাড়িই রিকন্ডিশন্ড। তা ছাড়া সাধারণ গাড়ির চেয়ে হাইব্রিড গাড়ির দাম ২১ থেকে ২৫ শতাংশ বেশি।
সে জন্য বারভিডা দীর্ঘদিন ধরে রেয়াতি সুবিধায় রিকন্ডিশন্ড গাড়ি আমদানির অনুমতি চেয়ে আসছিল। এবার বাজেটে সেই সুবিধা দেওয়া হলেও তা নতুন হাইব্রিড গাড়ির জন্য প্রযোজ্য হবে বলে প্রজ্ঞাপনে বলা হয়েছে।
প্রজ্ঞাপন অনুযায়ী, ১৫০০ সিসি পর্যন্ত হাইব্রিড নতুন গাড়ি আমদানিতে ৩০ শতাংশ সম্পূরক শুল্কের বিপরীতে হাইব্রিড পুরোনো গাড়িতে সম্পূরক শুল্ক ৪৫ শতাংশ। ১৫০১ থেকে ২০০ সিসি পর্যন্ত হাইব্রিড নতুন গাড়িতে ৬০ শতাংশ সম্পূরক শুল্ক। একই সিসির হাইব্রিড পুরোনো গাড়িতে সম্পূরক শুল্ক ১০০ শতাংশ। ২০০১ থেকে ২৭৫০ সিসি পর্যন্ত হাইব্রিড নতুন গাড়ি আমদানিতে ১৫০ শতাংশ সম্পূরক শুল্কের বিপরীতে হাইব্রিড পুরোনো গাড়িতে সম্পূরক শুল্ক ২০০ শতাংশ।
বারভিডার সভাপতি আবদুল হামিদ শরীফ বলেন, ‘বাজেটের আগে অর্থমন্ত্রীর সঙ্গে আমরা বৈঠক করি। তিনি হাইব্রিড রিকন্ডিশন্ড গাড়ির জন্য সুবিধা দিতে রাজি হয়েছিলেন। একই সঙ্গে সুযোগ পেয়েও হাইব্রিড গাড়ি কম আমদানি হওয়ায় অর্থমন্ত্রী ক্ষোভ প্রকাশ করেন। কিন্তু শেষপর্যন্ত জাতীয় রাজস্ব বোর্ড কেন বদলে গেল সেটি আমাদের বোধগম্য নয়।’ তিনি হাইব্রিড নতুন গাড়ির মতো রিকন্ডিশন্ড গাড়ির ক্ষেত্রেও একই হারে শুল্ক আরোপের দাবি করেন।