আমদানি ব্যয় শ্লথ হয়ে পড়েছে
বিদায়ী ২০১১-১২ অর্থবছরের ১১ মাসে (জুলাই-মে) বিশ্বের বিভিন্ন দেশ থেকে পণ্য আমদানি বাবদ তিন হাজার ২৯৪ কোটি ৭৯ লাখ মার্কিন ডলার ব্যয় করতে হয়েছে। এই আমদানি ব্যয় তার আগের (২০১০-১১) অর্থবছরের একই সময়ের চেয়ে ৭ দশমিক ১৬ শতাংশ বেশি। বাংলাদেশ ব্যাংকের হালনাগাদ পরিসংখ্যান থেকে এ তথ্য পাওয়া গেছে। এতে দেখা যায়, ২০১০-১১ অর্থবছরের একই সময়ে তিন হাজার ৭৪ কোটি ৭২ লাখ ডলারের পণ্য আমদানি হয়েছিল। সেই হিসাবে ওই অর্থবছরের একই সময়ের চেয়ে গত অর্থবছরের ১১ মাসে মাত্র ২২০ কোটি ডলারের বেশি পণ্য আমদানি হয়েছে। আমদানি ব্যয়ের এই হিসাব অবশ্য সিঅ্যান্ডএফভিত্তিক। এ থেকে জাহাজে বহন ও বিমা খরচ বাদ দিয়ে আমদানির এফওবি ব্যয় হিসাব করা হয়, যা কিনা লেনদেনের ভারসাম্য সারণিতে অন্তর্ভুক্ত করা হয়। তবে লেনদেনের ভারসাম্য সারণিতে যেহেতু আমদানি ব্যয় সমন্বয় করা হয়, সেহেতু প্রকৃত আমদানি ব্যয় (এফওবিভিত্তিতে) উল্লিখিত সিঅ্যান্ডএফ ব্যয় থেকে খানিকটা কম হবে। এখন পর্যন্ত অর্থবছরের ১০ মাসের এফওবিভিত্তিক আমদানি ব্যয়ের পরিসংখ্যান পাওয়া গেছে। তাতে দেখা যায়, ২০১১-১২ অর্থবছরের ১০ মাসে (জুলাই-এপ্রিল) আমদানি ব্যয় ছিল দুই হাজার ৪২৬ কোটি ৯০ লাখ ডলার। আর একই সময়ে সিঅ্যান্ডএফভিত্তিক আমদানি ব্যয় ছিল দুই হাজার ৯৮৫ কোটি ৩২ লাখ ডলার।বাংলাদেশ ব্যাংকের পরিসংখ্যান থেকে আরও দেখা যায়, শুধু গত মে মাসে ৩০৯ কোটি ৩৫ লাখ ডলারের পণ্য আমদানি হয়েছে, যা আগের অর্থবছরের একই সময়ের চেয়ে ৬ শতাংশ কম। ২০১০-১১ অর্থবছরের মে মাসে পণ্য আমদানির ব্যয় ছিল ৩২৯ কোটি ১৮ লাখ ডলার। বাংলাদেশ ব্যাংকের পরিসংখ্যান অনুসারে গত অর্থবছরের ১১ মাসের মধ্যে সর্বোচ্চ আমদানি ব্যয় হয়েছে জানুয়ারি মাসে, ৩৩৪ কোটি ৬০ লাখ ডলার। সেপ্টেম্বর মাসে দ্বিতীয় সর্বোচ্চ ৩২৯ কোটি ৭৯ লাখ ডলার এবং নভেম্বরে তৃতীয় সর্বোচ্চ ৩১৪ কোটি ১৩ লাখ ডলার আমদানি ব্যয় ছিল। অন্যদিকে ২০১১-১২ অর্থবছরের ১০ মাসে (জুলাই-এপ্রিল) আমদানির জন্য তিন হাজার ৩৮ কোটি ডলারের ঋণপত্র খোলা হয়। অন্যদিকে ২০১০-১১ অর্থবছর একই সময় তিন হাজার ২৬৪ কোটি ১৯ লাখ ডলারের ঋণপত্র খোলা হয়েছিল। গত অর্থবছরের সেপ্টেম্বরে সর্বোচ্চ ৩৫৬ কোটি ডলারের ঋণপত্র খোলা হয়। দ্বিতীয় সর্বোচ্চ আগস্ট মাসে ৩১৮ কোটি ১৮ লাখ ডলারের ঋণপত্র খোলা হয়। বিশ্ববাজারে বিভিন্ন পণ্যের মূল্যবৃদ্ধি এবং দেশে উৎপাদন ও ভোগের জন্য বিভিন্ন পণ্যের চাহিদা বেড়ে যাওয়ায় গত অর্থবছরে দেশে পণ্য আমদানির ব্যয় অনেক বেড়ে যায়। আমদানির চাপ বেড়ে যাওয়ায় বৈদেশিক মুদ্রা বিনিময় হারের ওপরও বড় ধরনের চাপ পড়ে। ২০১০-১১ অর্থবছরে পণ্য আমদানিজনিত ব্যয়ের পরিমাণ ছিল তিন হাজার ৩৬৫ কোটি ৭৫ লাখ ডলার। এটি তার আগের বছরের চেয়ে ৪১ দশমিক ৮৪ শতাংশ বেশি। উচ্চ আমদানির এই ধারা ২০১১-১২ অর্থবছরের প্রথম দিকেও বজায় ছিল। তবে আমদানির চাহিদাজনিত চাপ প্রশমন করার জন্য বাংলাদেশ ব্যাংক একপর্যায়ে ব্যাংকঋণের সুদের হারের ১৩ শতাংশ সর্বোচ্চ সীমা প্রত্যাহার করে নেয়। পাশাপাশি টাকা-ডলার বিনিময় হার বহুলাংশে বাজারের ওপর ছেড়ে দেওয়া হয়। এর ফলে একদিকে ডলার ব্যয়বহুল হয়, অন্যদিকে ব্যাংকের সুদের হার বেড়ে ঋণও ব্যয়বহুল হয়, যা কিনা অপ্রয়োজনীয় আমদানিকে খানিকটা নিরুৎসাহিত করে।