আমদানি মূসকহীন হলে উৎপাদনেও একই সুবিধা চায় এফবিসিসিআই
কোনো পণ্যের আমদানি পর্যায়ে মূল্য সংযোজন কর (মূসক) আরোপিত না থাকলে এই পণ্যের উৎপাদন পর্যায়েও মূসক আরোপ না করার প্রস্তাব দিয়েছে বাংলাদেশ শিল্প ও বণিক সমিতি ফেডারেশন (এফবিসিসিআই)।আগামী ২০১৩-১৪ অর্থবছরের জাতীয় বাজেটে অন্তর্ভুক্তির জন্য জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) কাছে যে একগুচ্ছ প্রস্তাব দেওয়া হয়েছে, তাতে এই সুপারিশও অন্তর্ভুক্ত রয়েছে।এফবিসিসিআই মনে করে, মূসকের ক্ষেত্রে এ ধরনের নীতি গ্রহণ করা হলে তা স্থানীয় শিল্পের জন্য সহায়ক হবে।এফবিসিসিআই আরও বলেছে, স্থানীয়ভাবে শিল্পকারখানার কাঁচামাল সরবরাহকারীর ক্ষেত্রে ৪ শতাংশ হারে উৎসে অতিরিক্ত মূসক দিতে হয়। এ কারণে শিল্পগুলো আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হয়। তাই এ মূসক প্রত্যাহারের দাবি জানিয়েছে এফবিসিসিআই। আবার চলতি ২০১২-১৩ অর্থবছরের বাজেটের সিদ্ধান্ত অনুসারে, বর্তমানে পণ্যের ব্যবসায়ী, বাণিজ্যিক আমদানিকারক, ক্ষুদ্র ও খুচরা দোকানদার ও সেবা প্রদানকারী ব্যবসায়ীদের ক্ষেত্রে অভিন্ন মূল্য সংযোজনের হার ২৬ দশমিক ৬৭ শতাংশ ধরে ৪ শতাংশ মূসক নির্ধারণ করা হচ্ছে। এফবিসিসিআই বলেছে, এটি সম্পূর্ণ কাল্পনিক ও অবাস্তব।শীর্ষ বাণিজ্য সংগঠনটি তাই এ হার প্রত্যাহার করে বাজারভিত্তিক মূল্য সংযোজনের হার ১০ থেকে ১৫ শতাংশের মধ্যে ধরে মূসক ২ শতাংশ হারে নির্ধারণের প্রস্তাব করেছে।বিনিয়োগ ও কর্মসংস্থানকে উৎসাহী করতে এবং স্থানীয় শিল্পকে প্রতিযোগী করতে উৎপাদন স্তরে সব উৎপাদনশীল খাতে আরোপিত সম্পূরক শুল্ক প্রত্যাহারেরও প্রস্তাব রয়েছে এফবিসিসিআইয়ের।বর্তমানে ক্ষুদ্র ও কুটির শিল্পের ক্ষেত্রে ৪০ লাখ টাকা পর্যন্ত টার্নওভার করমুক্ত রয়েছে। অন্যদিকে আয়কর আইনে দুই লাখ টাকা পর্যন্ত আয় করমুক্ত ঘোষণা করা হয়েছে। এ অবস্থায় ব্যবসায় সাত লাখ টাকার টার্নওভারের ক্ষেত্রে মূসক আরোপ অবিবেচনাপ্রসূত মনে করে এফবিসিসিআই।সংগঠনটি বলছে, ক্ষুদ্র শিল্প ও ব্যবসায়ীদের ৭০ লাখ টাকা টার্নওভার পর্যন্ত মূসক অব্যাহতি দেওয়া প্রয়োজন। এর বদলে ৭০ লাখ টাকার বেশি হলে ২ শতাংশ আর দুই কোটি থেকে পাঁচ কোটি পর্যন্ত টার্নওভারের ক্ষেত্রে ৩ শতাংশ হারে মূসক আরোপ করার প্রস্তাব দিয়েছে এফবিসিসিআই।এদিকে বিভিন্ন বাণিজ্য সংগঠন খাতভিত্তিক বাজেট প্রস্তাব ইতিমধ্যে এফবিসিসিআইয়ের কাছে জমা দিয়েছে। মূসক, আমদানি শুল্ক ও আয়কর—এই তিনটি ভাগে এসব প্রস্তাব দেওয়া হয়েছে। এসব প্রস্তাব পৃথকভাবে সংকলন করেছে এফবিসিসিআই। সেসবের ভিত্তিতেই এনবিআরের সঙ্গে প্রাক-বাজেট আলোচনা হচ্ছে, যা গত মঙ্গলবার শুরু হয়েছে। এই আলোচনা চলবে ২৯ এপ্রিল পর্যন্ত।