আমদানি-রপ্তানি কার্যক্রম পাঁচ ঘণ্টা বন্ধ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভারতের পেট্রাপোল স্থলবন্দরে ইন্টারনেট সংযোগে (লিংক) সমস্যার কারণে গতকাল রোববার সকাল সাড়ে আটটা থেকে অন্তত পাঁচ ঘণ্টা ভারত ও বাংলাদেশের মধ্যে আমদানি-রপ্তানি বন্ধ ছিল।
এর ফলে সকাল থেকে দুই দেশের সীমান্তে তিন শতাধিক পণ্যবাহী ট্রাক আটকে ছিল। আর তাই আমদানি-রপ্তানিকারক প্রতিষ্ঠানের কর্তৃপক্ষকে চরম ভোগান্তির শিকার হতে হয়েছে।
এ ব্যাপারে বেনাপোল স্থলবন্দরের রাজস্ব কর্মকর্তা মিজানুর রহমান বলেন, পেট্রাপোল স্থলবন্দরে সংযোগ-সমস্যার কারণে বেনাপোল বন্দরের কাস্টম হাউসে আমদানি-রপ্তানিসংক্রান্ত কাগজপত্র কম্পিউটারের প্রিন্টার থেকে বের করা সম্ভব হয়নি। তাই দুই দেশের মধ্যে পণ্য আমদানি-রপ্তানি বাণিজ্য দেড়টা পর্যন্ত বন্ধ ছিল।
রাজস্ব কর্মকর্তা আরও জানান, এ ধরনের সমস্যা মাঝেমধ্যে দেখা দিলেও তা ক্ষণস্থায়ী হয়। তবে গতকাল দীর্ঘ সময় ধরে আটকে থাকায় আমদানি-রপ্তানি কার্যক্রম বাধাগ্রস্ত হয়েছে।