আমদানি-রপ্তানি দপ্তরে প্রধান নিয়ন্ত্রকের পদটি খালি পড়ে আছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আমদানি-রপ্তানি নিয়ন্ত্রণে সরকারের গুরুত্বপূর্ণ অধিদপ্তরের শীর্ষ পদটি প্রায় এক মাস খালি পড়ে আছে।
এম এ সবুর সর্বশেষ প্রধান নিয়ন্ত্রক হিসেবে তাঁর মেয়াদ শেষ করেছেন গত ৩১ ডিসেম্বর। তারপর প্রায় এক মাস হতে চললেও নতুন প্রধান নিয়ন্ত্রক নিয়োগ হয়নি।
এর ফলে আমদানি-রপ্তানি নিয়ন্ত্রণের মতো গুরুত্বপূর্ণ অধিদপ্তরের কাজগুলো অনেকটা অবহেলিতভাবে চলছে। অথচ এই দপ্তরেই আমদানিকারক, রপ্তানিকারক ও ইন্ডেটিংয়ের বিষয়ে নিবন্ধন নিতে যেতে হয় ব্যবসায়ীদের। সরকারের বাণিজ্য মন্ত্রণালয়ের আওতায় এই অধিদপ্তরটি পরিচালিত হয়।
যোগাযোগ করা হলে বাণিজ্য সচিব মাহবুব আহমেদ গতকাল শনিবার টেলিফোনে বলেন, পদ শূন্য হওয়ার বিষয়টি তাঁরা সরকারের জনপ্রশাসনে জানিয়েছেন। জনপ্রশাসন মন্ত্রণালয় এখন নিয়োগ দেবে। তিনি আরও বলেন, প্রধান নিয়ন্ত্রক না থাকলেও পরবর্তী শীর্ষ ব্যক্তি দায়িত্ব পালন করছেন।