আমদানি-রপ্তানি বন্ধ বেনাপোল স্থলবন্দরে
বাংলাদেশের বেনাপোল ও ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের পেট্রাপোল স্থলবন্দর দিয়ে গতকাল সোমবার আমদানি-রপ্তানি বাণিজ্য বন্ধ ছিল৷ এতে দুই দেশের সীমান্তে পণ্যবাহী প্রায় এক হাজার ট্রাক আটকা পড়েছে৷
ভারতের লোকসভা নির্বাচনের শেষ ধাপে গতকাল সোমবার পশ্চিমবঙ্গ রাজ্যের ১৭টি আসনে ভোট হওয়ায় আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ রাখা হয়৷
বুদ্ধপূর্ণিমার সরকারি ছুটি থাকায় আজ মঙ্গলবারও আমদানি-রপ্তানি বন্ধ থাকবে। কাল বুধবার থেকে আবার দুই দেশের মধ্যে বাণিজ্য শুরু হবে৷
দুই দেশের মধ্যে পাসপোর্টধারী যাত্রীরা অবশ্য গতকাল যাতায়াত করতে পেরেছেন৷ তবে ওপারের পেট্রাপোল ইমিগ্রেশনে ব্যাপক নজরদারি ছিল৷ যাত্রীদের দীর্ঘক্ষণ ধরে তল্লাশি করা হয়৷ এতে অনেকেই ভোগান্তির শিকার হন বলে ক্ষোভ জানান৷
বেনাপোল কাস্টম হাউসের যুগ্ম কমিশনার সাধন কুণ্ডু প্রথম আলোকে বলেন, দুই দেশের মধ্যে আমদানি-রপ্তানি বন্ধ থাকলেও বন্দর ও কাস্টম হাউসের অভ্যন্তরীণ কার্যক্রম স্বাভাবিক ছিল।