চট্টগ্রামের ১৮টি বেসরকারি কনটেইনার ডিপো আমদানি পণ্যভর্তি কনটেইনার হ্যান্ডলিং বা ওঠানো-নামানো এবং রপ্তানি পণ্য রাখার (ল্যান্ডিং চার্জ) ভাড়া বাড়িয়েছে, যা ১ জানুয়ারি থেকে কার্যকর হয়েছে।
এর মধ্যে আমদানি খাতে কনটেইনারভেদে ২০ থেকে ২৪ শতাংশ এবং রপ্তানির ক্ষেত্রে টনপ্রতি প্রায় ৩৮ শতাংশ ভাড়া বাড়ানো হয়েছে। সে অনুযায়ী হিসাব করে দেখা গেছে, আমদানি-রপ্তানিকারকদের বছরে ব্যয় বাড়বে ন্যূনতম ৪২ কোটি টাকা।
সাধারণত বেসরকারি ডিপোতে ছোলা ও ডাল, বিভিন্ন ভোগ্য পণ্য, কাঁচা তুলা, পশুখাদ্যসহ মোট ২৯ ধরনের আমদানি পণ্য খালাস বাধ্যতামূলক। আবার রপ্তানি পণ্যের অন্তত ৯৫ শতাংশই বেসরকারি ডিপোতে এনে কনটেইনারে বোঝাই করে এরপর বন্দর দিয়ে জাহাজে তুলে দেওয়া হয়। উল্লেখযোগ্য রপ্তানি পণ্যগুলোর মধ্যে রয়েছে তৈরি পোশাক, পাট ও পাটজাত পণ্য, চামড়াজাত পণ্য ইত্যাদি।
অবশ্য বেসরকারি ডিপো মালিক সমিতির সভাপতি নুরূল কাইয়ুম খান প্রথম আলোকে বলেন, দীর্ঘ সাত বছর পর এই মাশুল বা ভাড়া বাড়ানো হয়েছে। এ সময় জ্বালানি, শ্রমিক মজুরিসহ পরিচালন খরচ অস্বাভাবিক বেড়েছে। প্রতিটি ডিপোতে কয়েক শ কোটি টাকা বিনিয়োগ হলেও গত কয়েক বছরে কেউই লাভের মুখ দেখেনি। সেবার মান বাড়ানোর জন্য মাশুল বাড়ানোর বিকল্প ছিল না।
এদিকে পোশাকশিল্প মালিকদের সংগঠন বিজিএমইএর বন্দর ও শিপিংবিষয়ক স্থায়ী কমিটির চেয়ারম্যান নাসির উদ্দিন চৌধুরী বলেন, রাজনৈতিক অস্থিরতার কারণে এখন খরচ বেড়ে গেছে। ফলে প্রতিযোগী দেশগুলোর সঙ্গে পাল্লা দিতে হিমমিশ খেতে হচ্ছে। এ সময় অন্তত বাড়তি মাশুল বা ভাড়ার ক্ষেত্রে রপ্তানি খাতকে বাইরে রাখা উচিত।
জানা গেছে, আমদানি পণ্যভর্তি কনটেইনার বন্দর থেকে বেসরকারি ডিপোতে পরিবহন ও ওঠানো-নামানোর (হ্যান্ডলিং চার্জ) ভাড়া কনটেইনারপ্রতি বাড়ানো হয়েছে এক হাজার ২০০ টাকা। এর মধ্যে প্রতিটি ২০ ফুট দীর্ঘ কনটেইনারের ভাড়া পাঁচ হাজার ২৫০ থেকে বাড়িয়ে ছয় হাজার ৫০০ টাকা এবং ৪০ ফুট দীর্ঘ কনটেইনারের ভাড়া ছয় হাজার ২৫০ থেকে বাড়িয়ে সাত হাজার ৫০০ টাকা করা হয়েছে।
গত বছর বন্দর থেকে পণ্যভর্তি এক লাখ ৭০ হাজার একক কনটেইনার বেসরকারি ডিপোতে এনে খালাস করা হয়। সে অনুযায়ী হিসাব করলে দেখা যায়, আমদানিকারকদের বছরে ব্যয় বাড়বে প্রায় ২১ কোটি টাকা।
এ ছাড়া রপ্তানি পণ্য কনটেইনারে বোঝাই করার জন্য বেসরকারি ডিপোতে এনে রাখার ভাড়া (ল্যান্ডিং চার্জ) টনপ্রতি ১৩০ টাকা থেকে বাড়িয়ে ১৮০ টাকা করা হয়েছে। অর্থ্যাৎ প্রতি টনে বাড়ছে ৫০ টাকা।
বন্দরের হিসাব অনুযায়ী, গত অর্থবছরে কনটেইনারের মাধ্যমে রপ্তানি হয় প্রায় ৪৬ লাখ টন পণ্য। এ পণ্যের প্রায় ৯৫ শতাংশ বোঝাই হয় বেসরকারি ডিপোগুলোতে। এই হিসাবে রপ্তানিকারকদের বছরে ডিপো ভাড়া বাড়ছে প্রায় ২১ কোটি টাকা।
অন্যদিকে রপ্তানি পণ্য ক্রেতার কাছে পৌঁছানোর দায়িত্বে নিয়োজিত ব্যক্তিদের সংগঠন ফ্রেইট ফরোয়ার্ডার অ্যাসোসিয়েশনের পরিচালক খায়রুল আলম কাছে দাবি করেন, ব্যবহারকারীদের সঙ্গে আলাপ-আলোচনা না করে হঠাৎ মাশুল বাড়ানো হয়েছে। এর ফলে রপ্তানিতে কনটেইনারপ্রতি ব্যয় ৫০০-৬০০ টাকা বেশি ব্যয় হবে। বিষয়টি নিয়ে বন্দর চেয়ারম্যানের কাছে চিঠি দেওয়া হয়েছে।