আগামী ২০১২-১৩ অর্থবছরের বাজেটে বাস্তবায়নের জন্য বেশ কয়েকটি দাবি জানিয়েছে বাংলাদেশ মোটর পার্টস ও টায়ার-টিউব ব্যবসায়ী সমিতি। প্রথম আলোকে দেওয়া এক সাক্ষাৎকারে সমিতির সাধারণ সম্পাদক মো. আসলাম এ বিষয়ে বিস্তারিত বলেন।আসছে বাজেটে শুল্ক ফাঁকি প্রতিরোধের অজুহাতে টায়ার-টিউব আমদানির ক্ষেত্রে ইউনিটের পরিবর্তে কেজি হিসাবে শুল্ক নির্ধারণ করতে জাতীয় রাজস্ব বোর্ডে (এনবিআর) প্রস্তাব দিয়েছেন দেশীয় উৎপাদকেরা। এসব তথ্য দিয়ে মো. আসলাম বলেন, উৎপাদকদের দাবি অযৌক্তিক। কারণ, তাঁরা এখনো সারা দেশের মোট চাহিদার ২ শতাংশও পূরণ করতে পারছেন না।শুল্ক ফাঁকির অজুহাতকে সঠিক নয় দাবি করে মো. আসলাম বলেন, সরকারের শুল্ক বিভাগ তৎপর থাকলে এ ধরনের ঘটনা ঘটা সম্ভব নয়। কিন্তু এই আশঙ্কায় ইউনিটের পরিবর্তে কেজি হিসাবে শুল্ক নির্ধারণ করলে টায়ারের দাম আকার ভেদে ৯ হাজার থেকে ১২ হাজার টাকা পর্যন্ত বেড়ে যাবে।আসলাম বলেন, দাম বাড়ালে পরিবহন খরচ নতুন করে বাড়বে। শেষ পর্যন্ত তা সাধারণ মানুষের ঘাড়েই পড়বে। তাঁরা ক্ষতিগ্রস্ত হবেন। তিনি টায়ারের ওপর সব ধরনের আমদানি শুল্ক ৩৫ থেকে কমিয়ে ২৮ শতাংশ নির্ধারণের দাবি জানান।সমিতির সাধারণ সম্পাদক আরও বলেন, বাস ও ট্রাকের সামনের সেফটি গ্লাস একটি গুরুত্বপূর্ণ উপাাদান। দেশে এ ধরনের গ্লাস তৈরির কোনো প্রতিষ্ঠান না থাকায় পুরোটাই আমদানি করতে হয়। মো. আসলাম বলেন, ‘চলতি অর্থবছরের বাজেটে আমাদের আবেদনের পরিপ্রেক্ষিতে ট্রাকের সেফটি গ্লাস আমদানিতে ১২ শতাংশ শুল্ক হ্রাস করা হয়। কিন্তু বাসের ক্ষেত্রে ২৫ শতাংশ আমদানি শুল্ক বহাল থাকায় ব্যবসায়ী ও ক্রেতা উভয়ই ক্ষতিগ্রস্ত হচ্ছেন।’ তিনি সেফটি গ্লাস আমদানির সব ধরনের শুল্ক ৬০ থেকে কমিয়ে ৩৭.৫ শতাংশ করার দাবি জানান।বাস-ট্রাকের নিরাপত্তার জন্য বিভিন্ন গুরুত্বপূর্ণ যন্ত্রাংশ দেশে উৎপাদন হয় না। তারপরও আমদানিতে নিয়ন্ত্রণমূলক শুল্ক আরোপ করা হয়েছে। এতে পণ্যের দাম বেশি হওয়ায় অনেকেই উন্নতমানের যন্ত্রাংশ ব্যবহার করতে পারছেন না বলেও অভিযোগ করেন মো. আসলাম। তিনি এ ধরনের যন্ত্রাংশ আমদানিতে শুল্ক হ্রাস করে ১২ শতাংশ করার দাবি করেন। একই সঙ্গে তিনি লুব্রিকেন্ট অয়েল ও রোড স্প্রিং লিফ আমদানিতে ২০ শতাংশ সম্পূরক শুল্ক প্রত্যাহারের দাবি জানান।