মুক্তবাজার অর্থনীতি মানে ইচ্ছামতো মুনাফা নয়। যারা মানুষের চাহিদা পুঁজি করে সরকারকে অসহায় করে ব্যবসা করতে চায়, তাদের সঙ্গে আপস করার কোনো সুযোগ নেই। আমদানি করা পণ্য এক মুহূর্তের জন্য মজুদ রাখার সুযোগ দেওয়া যাবে না। ১৯৫৩ সালের মজুদ নিয়ন্ত্রণ আইন সংশোধন করে তা আরও আধুনিক করে প্রয়োগ করতে হবে। গতকাল শনিবার ‘দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে মজুদবিরোধী আইন: নাগরিক ভাবনা’ শীর্ষক আলোচনা সভায় অর্থনীতিবিদ ও সুশীল সমাজের প্রতিনিধিরা এসব কথা বলেছেন। তাঁরা আরও বলেন, নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের মূল্য স্থিতিশীল রাখতে হলে টিসিবিকে সচল করতে হবে। এ সংস্থায় জনবল নিয়োগ করে স্বাধীনভাবে কাজ করার সুযোগ দিতে হবে।বক্তারা শিল্পপণ্যের সঙ্গে সংগতি রেখে কৃষিপণ্যের মূল্য নির্ধারণ করারও দাবি জানান। তাঁরা বলেন, ৩০ হাজার টাকা বিঘা দরের কৃষিজমি বর্তমানে তিন লাখ টাকায় বিক্রি হচ্ছে। তাই ১০ বছর আগে যে দামে চাল পাওয়া যেত, এখনো ওই দামে চাল পাওয়া যাবে, এটা ভাবাই বোকামি। তবে দেশের গরিব জনগোষ্ঠীর জন্য রেশনিংয়ের মাধ্যমে কম দামে চাল দেওয়া যেতে পারে। রাজধানীর ইস্কাটনে বাংলাদেশ অর্থনীতি সমিতি ভবনে নাগরিক সংহতি, গ্রামীণ জীবনযাত্রার স্থায়িত্বশীল উন্নয়নের জন্য প্রচারাভিযানের (সিএসআরএল) সমভূমি ক্যাম্পেইন গ্রুপ এবং কর্মজীবী নারীর যৌথ উদ্যোগে এ আলোচনা সভার আয়োজন করা হয়। কর্মজীবী নারীর সভাপতি শিরীন আখতারের সভাপতিত্বে আয়োজিত আলোচনা সভায় ধারণাপত্র উপস্থাপন করেন নাগরিক সংহতির সাধারণ সম্পাদক শরিফুজ্জামান শরিফ। আলোচনা সভায় বক্তব্য দেন সাংসদ মতিউর রহমান ও বেগম রেবেকা মোমিন, পিকেএসএফের চেয়ারম্যান কাজী খলীকুজ্জমান আহমদ, বাংলাদেশ কৃষি ব্যাংকের চেয়ারম্যান খোন্দকার ইব্রাহীম খালেদ, এফবিসিসিআইয়ের সাবেক উপদেষ্টা মনজুর আহমেদ, ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক পিয়াস করিম, কৃষিবিদ হালিম দাদ খান, আবদুল মজিদ মল্লিক, ভাস্কর রাসা প্রমুখ। সভা সঞ্চালনা করেন সিএসআরএলের সদস্যসচিব জিয়াউল হক মুক্তা। মতিউর রহমান বলেন, কেবল মজুদদারি আইন প্রণয়ন করে বাজার স্থিতিশীল রাখা যাবে না। বরং বাজার ব্যবস্থাপনায় আরও দায়িত্বশীল হতে হবে।কাজী খলীকুজ্জমান বলেন, বাজার অর্থনীতি মানে ইচ্ছামতো দাম বাড়ানোর প্রতিযোগিতা নয়। তবে অসৎ ব্যবসায়ীদের নানা কারসাজি বন্ধে সরকারকেও পদক্ষেপ নিতে হবে। তিনি এ-ও বলেন, দেশের অর্থনীতির ভিত শক্তিশালী না হলে মজুদবিরোধী আইন প্রণয়ন করে নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্যের দর স্থিতিশীল রাখা যাবে না।খোন্দকার ইব্রাহীম খালেদ বলেন, আমাদের পুরোনো সমবায় পদ্ধতির কাছে আবার ফিরে যেতে হবে। মজুদবিরোধী আইন প্রণয়নের পাশাপাশি তা প্রয়োগে তদারকি থাকতে হবে। তিনি বলেন, অর্থের চাহিদা থাকায় কৃষকরা ধান ওঠার সঙ্গে সঙ্গেই বিক্রি করে দেন। এ জন্য কৃষক পর্যায়ে সমবায় করে তাঁদের কৃষিপণ্য মজুদের জন্য ঋণ দিতে হবে। মনজুর আহমদ বলেন, প্রকৃত উৎপাদক তাঁর পণ্য যেকোনো সময় পর্যন্ত মজুদ করতে পারবেন। কিন্তু ব্যবসায়ীদের আমদানিকৃত পণ্য মজুদের জন্য কোনো সুযোগ দেওয়া যাবে না। কেননা দেশীয় কৃষক মানুষকে জিম্মি করে না, কিন্তু দেশ ও জনগণকে অসাধু ব্যবসায়ীরা জিম্মি করে। তিনি বলেন, পৃথিবীর কোনো দেশে এভাবে ব্যবসার নামে অবাধ লুটপাটের সুযোগ নেই।