আমদানিকারকেরা এখন মালয়েশিয়ামুখী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলাদেশ থেকে বিশ্বের বিভিন্ন দেশে বিপুল পরিমাণ মানবসম্পদ রপ্তানি হয় প্রতিবছর। এর এক বড় অংশ যায় মালয়েশিয়ায়। বেশির ভাগ ক্ষেত্রেই সস্তায় শ্রম বিক্রি করতে বিদেশে পাড়ি দেন এই বিপুল পরিমাণ মানুষ। তাঁদের সস্তা শ্রমে তৈরি পণ্যের দামও পড়ে কম। পণ্য আমদানি ব্যয় কম পড়ার কারণে দেশীয় ব্যবসায়ীরা এখন মালয়েশিয়ার দিকে ঝুঁকছেন। আর স্বাভাবিকভাবেই মালয়েশিয়া থেকে পণ্য আমদানি বাড়ছে।আমদানিকারক ও ব্যবসায়ীরা বলছেন, দক্ষিণ এশীয় দেশগুলো থেকে বিপুল পরিমাণে সস্তা শ্রম কিনছে মালয়েশিয়া। এতে তাদের পণ্য উ ৎপাদনের খরচ কম হচ্ছে। আর সেই সুযোগই নিচ্ছে বাংলাদেশ।বাংলাদেশ শিল্প ও বণিক সমিতি ফেডারেশনের (এফবিসিসিআই) সভাপতি এ কে আজাদ প্রথম আলোকে বলেন, একসময় সিঙ্গাপুর থেকে বেশি পণ্য আনা হতো। কিন্তু বর্তমান আমদানিকারকেরা মালয়েশিয়ামুখী। ভোজ্যতেলসহ অনেক ধরনের ইলেকট্রনিক পণ্য মালয়েশিয়া থেকে আমদানিতে স্বাচ্ছন্দ্যবোধ করছেন ব্যবসায়ীরা। গত ১০ বছরের আমদানি চিত্র বিশ্লেষণে দেখা যায়, ২০০২-০৩ অর্থবছরে মালয়েশিয়া প্রথমবারের মতো পরিমাণের দিক থেকে বাংলাদেশের প্রথম ১০টি আমদানিকারক দেশের তালিকার মধ্যে ঢুকে পড়ে। দেশটির তখনকার অবস্থান ছিল দশম।এরপর ২০০৩-০৪ অর্থবছরে মালয়েশিয়া থেকে আমদানি করা হয় দেড় হাজার কোটি টাকার পণ্য। তখন দেশটির অবস্থান উঠে আসে অষ্টমে। ২০০৪-০৫ অর্থবছরে আমদানি করা হয় এক হাজার ৬৯১ কোটি টাকা এবং ২০০৫-০৬ অর্থবছরে আমদানি হয় দুই হাজার ২২৭ কোটি টাকার পণ্য। পরিমাণ বাড়লেও এই দুই বছরে আমদানির তালিকায় তাদের অবস্থান নেমে যায়, হয় দশম। পরের দুই অর্থবছরে ১০-এর বাইরে চলে যায় মালয়েশিয়া। কিন্তু ২০০৮-০৯ অর্থবছরে বাংলাদেশে চার হাজার ৭৭৬ কোটি টাকার পণ্য রপ্তানি করে মালয়েশিয়া। উঠে আসে একবারে পঞ্চম অবস্থানে। ২০০৯-১০ অর্থবছরে মালয়েশিয়া থেকে পণ্য আমদানি করা হয় সাত হাজার ২১০ কোটি টাকার। অবস্থান ওই পঞ্চম। গত ২০১০-১১ অর্থবছরে মালয়েশিয়া থেকে আমদানি করা হয় ১২ হাজার ৪২৫ কোটি টাকার পণ্য। আর এর মাধ্যমে দেশটির অবস্থান উঠে আসে তৃতীয়তে।মালয়েশিয়া থেকে যেসব পণ্য আমদানি করা হয়, সেগুলো হচ্ছে পরিশোধিত ও অপরিশোধিত ভোজ্যতেল, অপরিশোধিত জ্বালানি তেল, ইলেকট্রিক ও ইলেকট্রনিক পণ্য, ধাতব পণ্য, রাসায়নিক পণ্য ইত্যাদি। প্রধান আমদানি-রপ্তানি নিয়ন্ত্রকের কার্যালয় (সিসিআইই) সূত্রে এসব তথ্য জানা গেছে। বাংলাদেশ ব্যাংকের পরিসংখ্যান বিভাগের তথ্যের ভিত্তিতে সম্প্রতি আমদানি ব্যয়ের দিক থেকে প্রধান কয়েকটি দেশের এই চিত্র তৈরি করেছে সিসিআইই। ডলার নয়, টাকার অঙ্কে এই হিসাব তৈরি হয়েছে। আমদানির ১০ দেশ: মালয়েশিয়া থেকে আমদানি বাড়লেও বিশ্লেষণে দেখা যায়, ২০১০-১১ অর্থবছরে বাংলাদেশ প্রধান যে ১০টি দেশ থেকে পণ্য আমদানি করেছে, তার মধ্যে প্রথম চীন, দ্বিতীয় ভারত, তৃতীয় মালয়েশিয়া, চতুর্থ জাপান, পঞ্চম সিঙ্গাপুর, ষষ্ঠ দক্ষিণ কোরিয়া, সপ্তম থাইল্যান্ড, অষ্টম ইন্দোনেশিয়া, নবম কুয়েত ও দশম হংকং।মোট আমদানিতে অবস্থানের দিক থেকে ঘুরে-ফিরে প্রতিবছরই প্রথম-দ্বিতীয় হচ্ছে ভারত ও চীন। এরপর শক্ত একটি অবস্থান নিয়ে আছে সিঙ্গাপুর। জাপানের অবস্থানও বেশ ভালো, চতুর্থ-পঞ্চমের মধ্যে থাকছে প্রতিবছর। মোট আমদানি ব্যয়: ২০১০-১১ অর্থবছরে স্থানীয় মুদ্রায় দেশে দুই লাখ ৩৬ হাজার ৬২ কোটি টাকার পণ্য আমদানি হয়েছে। আগের অর্থবছরের এক লাখ ৫৯ হাজার ৪৮১ কোটি টাকা থেকে, যা ৭৬ হাজার ৫৮১ কোটি টাকা বেশি। এর মধ্যে চীন ও ভারত থেকেই আমদানি হয়েছে ৭৫ হাজার কোটিরও বেশি টাকার পণ্য। গত ১০ বছরের আমদানি চিত্র বিশ্লেষণ করে দেখা যায়, ২০০০-০১ অর্থবছরে বাংলাদেশ ৪৬ হাজার ৫২৫ কোটি টাকার পণ্য আমদানি করেছিল। কাকতালীয় হলেও পরের বার ২০০১-০২ অর্থবছরেও আমদানি হয়েছিল ওই ৪৬ হাজার ৫২৫ কোটি টাকারই পণ্য। এর পর প্রতিবছরই তা উল্লেখযোগ্য হারে বাড়তে থাকে। ২০০৬-০৭ অর্থবছরে আমদানি এক লাখ কোটি টাকা ছাড়িয়ে যায়। এ সময় আমদানি হয় এক লাখ ১০ হাজার ২৫৩ কোটি টাকা, ২০০৭-০৮ অর্থবছরে এক লাখ ৩৯ হাজার ৭৫৯ কোটি টাকা, ২০০৮-০৯ অর্থবছরে এক লাখ ৪৭ হাজার ৫৩৭ কোটি টাকা এবং ২০০৯-১০ অর্থবছরে এক লাখ ৫৯ হাজার ৪৮১ কোটি টাকার পণ্য আমদানি হয়েছে। কখনো চীন, কখনো ভারত: দেশের আমদানিকারকেরা সবচেয়ে বেশি পণ্য আমদানি করে থাকে চীন ও ভারত থেকে। কোনো বছর চীন হয় প্রথম, আবার কোনো বছর ভারত। তবে ঘুরে-ফিরে দুটি দেশই প্রথম ও দ্বিতীয় অবস্থানে থাকছে। ২০০০-০১ অর্থবছরে ভারত থেকে ছয় হাজার ২৭৮ কোটি টাকার পণ্য আমদানি হয়েছিল। অবস্থানের দিক থেকে তখন দ্বিতীয় ছিল সিঙ্গাপুর। আর তৃতীয় ছিল চীন। ২০০২-০৩ অর্থবছরে চীন দ্বিতীয় অবস্থানে উঠে আসে এবং আগের মতোই প্রথম অবস্থান বজায় থাকে ভারতের। ২০০৪-০৫ অর্থবছরে প্রথমবারের মতো প্রথম অবস্থানে উঠে আসে চীন। পরে ২০০৬-০৭ ও ২০০৭-০৮ দুই অর্থবছরে আবারও প্রথম ভারত, চীন দ্বিতীয়। কিন্তু তার পরের অর্থবছর থেকে আবারও ঘুরে যায় দৃশ্যপট। ২০০৮-০৯ থেকে ২০১০-১১ অর্থা ৎ তিন অর্থবছর ধরেই বিপুল পরিমাণ পণ্য রপ্তানি করে রপ্তানিকারক হিসেবে বাংলাদেশে প্রথম অবস্থান ধরে রাখছে চীন। বিশ্লেষণে দেখা যায়, গত ২০১০-১১ অর্থবছরে চীন থেকে সবচেয়ে বেশি ৪২ হাজার ৭১ কোটি টাকার পণ্য আমদানি হয়েছে। দ্বিতীয় সর্বোচ্চ ভারত থেকে আমদানি হয়েছে ৩২ হাজার ৪৭৬ কোটি টাকার পণ্য।সিঙ্গাপুর আছেই: গত অর্থবছরে প্রথম দশের মধ্যে সিঙ্গাপুর হচ্ছে পঞ্চম। এ বছর দেশটি থেকে আমদানি করা হয়েছে আট হাজার ৫৮৪ কোটি টাকার পণ্য। অথচ তার আগের অর্থবছরে সাত হাজার ১১২ কোটি টাকার পণ্য আমদানির মাধ্যমে তৃতীয় অবস্থান ছিল সিঙ্গাপুরের। ২০০০-০১ অর্থবছরে সিঙ্গাপুর থেকে চার হাজার ৪০৯ কোটি এবং ২০০১-০২ অর্থবছরে চার হাজার ৮২৭ কোটি পণ্য আমদানি করা হয়েছিল। দুই বছরেই আমদানি ব্যয়ের দিক থেকে দ্বিতীয় অবস্থান ছিল দেশটির। তার পরের অর্থবছর থেকেই দেশটি থেকে তুলনামূলক কম আমদানি করা হয়। তবে কোনোবারই পঞ্চম অবস্থানের নিচে নামেনি সিঙ্গাপুর। বাংলাদেশে ২০০২-০৩ অর্থবছরে পাঁচ হাজার ৫৭৫ কোটি টাকা, ২০০৩-০৪ অর্থবছরে পাঁচ হাজার ৩২৬ কোটি টাকার পণ্য রপ্তানি করে তৃতীয় অবস্থান ধরে রাখে সিঙ্গাপুর। ২০০৪-০৫ অর্থবছরে পাঁচ হাজার ৪৪৮ কোটি টাকা এবং ২০০৫-০৬ অর্থবছরে পাঁচ হাজার ৬৯০ কোটি টাকার পণ্য আমদানি করা হয়, কিন্তু অবস্থান নেমে আসে চতুর্থে। ২০০৭-০৮ থেকে ২০০৯-১০ অর্থবছরে অর্থা ৎ চার বছর ধরেই তৃতীয় হয় সিঙ্গাপুর। ব্যবসায়ী ও নিয়ন্ত্রক কর্তৃপক্ষ যা বলে: এফবিসিসিআই সভাপতি এ কে আজাদ বলেন, ভৌগোলিক অবস্থানগত কারণেই চীন ও ভারত থেকে বেশি পণ্য আমদানি হচ্ছে। অলৌকিক কোনো কারণ ছাড়া নিকট ভবিষ্যতে তা পরিবর্তন হবে বলেও তাঁর কাছে মনে হয় না। প্রধান আমদানি-রপ্তানি নিয়ন্ত্রক এম এ সবুর বলেন, দেশে আমদানির পরিমাণ বাড়ছে। এটাই স্বাভাবিক যে যেসব দেশ থেকে পণ্য আমদানি করলে খরচ কম পড়ে, আমদানিকারকেরা সেসব দেশের প্রতিই বেশি আকৃষ্ট হবে। তবে চীন ও ভারত থেকে বেশি আমদানি হলেও প্রতিবছরই প্রধান ১০ দেশের তালিকায় অন্য দেশগুলোর অবস্থান পরিবর্তন হচ্ছে। দেশওয়ারি মূল্যের হেরফের অবস্থান পরিবর্তনের একটি কারণ হতে পারে বলে তিনি মনে করেন। বাংলাদেশ-মালয়েশিয়া চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির (বিএমসিসিআই) কোষাধ্যক্ষ ও ডিজাইন ভিশন অ্যাসোসিয়েটস লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক আলমগীর জলিল প্রথম আলোকে বলেন, একই মানের পণ্য চীন বা সিঙ্গাপুরের চেয়ে মালয়েশিয়া থেকে আনতে খরচ কম পড়ে। দেশটি থেকে ভবিষ্যতে পণ্য আমদানি আরও বাড়বে বলে তিনি মনে করছেন। মালয়েশিয়া পাম অয়েল কাউন্সিলের কান্ট্রি ম্যানেজার ফখরুল আলম প্রথম আলোকে বলেন, বাংলাদেশি আমদানিকারকেরা এখন সিঙ্গাপুরের তুলনায় মালয়েশিয়া থেকে পণ্য আমদানিতে তুলনামূলক বেশি গুরুত্ব দিচ্ছেন। তবে মালয়েশিয়ার চেয়ে খানিকটা পেছালেও মোট আমদানিতে এখনো সিঙ্গাপুরের শক্ত অবস্থান আছে বলে উল্লেখ করেন তিনি।