আমদানিতে কমেনি লবণের দাম

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাজারে দাম কমাতে লবণ আমদানির অনুমতি দেওয়া হলেও তার সুফল পায়নি সাধারণ মানুষ। আমদানি করা লবণ বাজারে এসেছে, কিন্তু দাম কমেনি। বাজার-সংশ্লিষ্ট ব্যক্তিরা জানিয়েছেন, অসাধু ও বন্ধ মিলের মালিকেরা আমদানি করা অপরিশোধিত লবণ বিক্রি করে দিচ্ছেন। এতে হাতবদল হয়ে দাম বেড়ে যাচ্ছে। কারখানা সচল রাখতে ওই সব লবণ কিনছে বড় মিলগুলো।

বাজারে এখন সবচেয়ে উন্নত প্রযুক্তি (ভ্যাকুয়াম ইভাপোরেশন) পদ্ধতিতে পরিশোধিত লবণ বিক্রি হচ্ছে কেজিপ্রতি ৩৮ থেকে ৪০ টাকা দরে। এ ছাড়া মেকানিক্যাল পদ্ধতিতে পরিশোধিত লবণ ৩৪-৩৫ টাকা ও সাধারণ লবণ ২২-২৫ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। কনজ্যুমার অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ক্যাব) হিসাবে, ২০১৫ সালেও সেরা মানের লবণের কেজি ২৫ টাকা ছিল।

বাজারে এখন চাল, আটা, তেল, সবজি, মাছসহ বিভিন্ন পণ্যের দাম চড়া। এতে মূল্যস্ফীতি বাড়ছে। এর ওপর লবণও চড়া দামে কিনতে হচ্ছে মানুষকে।

ঈদুল আজহার মাসখানেক আগে বাণিজ্য মন্ত্রণালয় বাজার সামাল দিতে পাঁচ লাখ টন লবণ আমদানির অনুমতি দেয়। যার বেশির ভাগ দেশে ঢুকেছে অথবা চট্টগ্রাম বন্দরে খালাসের অপেক্ষায় আছে। গত বছরও সরকার আড়াই লাখ টন লবণ আমদানির অনুমতি দিয়েছিল। কিন্তু আমদানি করার পর পরিশোধন করে বাজারে ছাড়ার বদলে বেশির ভাগ মিলমালিক সেগুলো বড় মিলের কাছে বিক্রি করে দেয়। এতে বাজারে দাম কমেনি, ভোক্তারাও সুফল পায়নি। এ বছরও একই ঘটনা ঘটছে। অথচ শর্ত অনুযায়ী, আমদানি করা লবণ পরিশোধন করে বাজারে ছাড়তে হবে এবং তার প্রমাণ থাকতে হবে।

জানতে চাইলে পূবালী সল্টের মালিক পরিতোষ কান্তি সাহা প্রথম আলোকে বলেন, অপরিশোধিত লবণ আমদানি করতে কেজিতে খরচ হয়েছে ৫ টাকা। সেই লবণ এখন ১৪ টাকা কেজি দরে বিক্রি করা হচ্ছে। তিনি বলেন, লবণ নিয়ে ঘটনা আগের মতোই ঘটবে। সাধারণ মানুষ আমদানির সুফল পাবে বলে মনে হয় না।

বাংলাদেশে ভোজ্য লবণ আমদানি নিষিদ্ধ। তবে উৎপাদন কম হলে আমদানি নীতি শিথিল করে লবণ আমদানির অনুমতি দেওয়া হয়। জুলাই মাসে বাণিজ্য মন্ত্রণালয় ৫ লাখ টন লবণ আমদানির প্রক্রিয়া শুরু করে। ওই সময় শিল্প মন্ত্রণালয়ের বরাত দিয়ে বাণিজ্য মন্ত্রণালয় জানায়, এ বছর দেশে লবণের চাহিদা ১৫ লাখ ৭৬ হাজার টন। উৎপাদিত হয়েছে ১৩ লাখ ৬৪ হাজার টন।

লবণের বাজারে অংশীদারত্ব বেশি থাকা মিলগুলোর সুপারিশ ছিল, উৎপাদন সক্ষমতা অথবা আয়োডিন ব্যবহারের অনুপাত অনুযায়ী মিলগুলোকে আমদানি করার অনুমোদন দেওয়া হোক। কিন্তু আগস্ট মাসে ২৩২টি পরিশোধনকারী মিলকে ৫ লাখ টন অপরিশোধিত লবণ আমদানির অনুমতি দেয় আমদানি ও রপ্তানি প্রধান নিয়ন্ত্রকের দপ্তর। এতে ছোট-বড় সব মিল গড়ে ২ হাজার ১৫৫ টন লবণ আমদানির অনুমতি পায়। বড় মিলগুলো বলছে, এ পরিমাণ লবণ তাদের কয়েক দিনের চাহিদার সমান।

আমদানি ও রপ্তানি প্রধান নিয়ন্ত্রকের দপ্তরের অনুমতি পাওয়া মিলের তালিকায় বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প করপোরেশনের (বিসিক) সচল মিলের তালিকার বাইরেও ৩৯টি মিল আমদানির অনুমতি পায়। বিসিক সারা দেশে সরেজমিনে তদারক করে ১৯৩টি মিলকে সচল হিসেবে উল্লেখ করে শিল্প মন্ত্রণালয়ে তালিকা দিয়েছিল।

বর্তমানে অপরিশোধিত লবণ আমদানির শুল্ককর মোট ৯৩ শতাংশ। এ পরিমাণ শুল্ককর দিয়েও ভারত থেকে লবণ আমদানিতে মিলগেটে প্রতি কেজির খরচ পড়ে সাড়ে ৫ টাকার মতো। বাজারে এখন অপরিশোধিত লবণ বিক্রি হচ্ছে কেজিপ্রতি ১৪ টাকায়। ফলে আমদানির সুযোগ পাওয়া মিলগুলো বড় মিলের কাছে বিক্রি করলে প্রতি কেজিতে ৯ টাকা লাভ হচ্ছে। বাজারে দাম না কমলে ৫ লাখ টন লবণে ভোক্তাদের পকেট থেকে বাড়তি বেরিয়ে যাবে ৪৫০ কোটি টাকা।

২ হাজার ১৫৫ টন লবণ দিয়ে কনফিডেন্স সল্টের কারখানা কয়েক দিন চালানো যাবে। আমদানি শুরু হওয়ার পর লবণের দাম কমেছে কি না জানতে চাইলে কোম্পানিটির ব্যবস্থাপনা পরিচালক সাইদুল ইসলাম বলেন, তা বাজারেই দেখা যাচ্ছে। তিনি বলেন, ৭৫ কেজির এক বস্তা লবণ ১ হাজার ৫০ টাকায় বিক্রি হচ্ছে। কিছুদিন আগে তাঁরা ১ হাজার টন লবণ কেনেন, যা দিয়ে এখন মিল চলছে।

রাজধানীর কাজীপাড়ার মুদিদোকানি নুরুল ইসলাম বলেন, কোম্পানিগুলো লবণের প্যাকেটে লেখা সর্বোচ্চ খুচরা মূল্য (এমআরপি) এক টাকাও কমায়নি। তবে খুচরা বিক্রেতাদের কমিশন কিছুটা বাড়িয়ে দিয়েছে।